জগন্নাথে শিবিরের দুই কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামবিরোধী চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা করে নির্মিত ‘দ্য ইনোসেন্স অব মুসলিমস’ চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পুরো ক্যাম্পাস ঘুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এসে শেষ হয়। এ সময় ছাত্রলীগের কর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীদের ছাত্রশিবির সন্দেহে মারধর করেন। পরে তাঁরা ৮ থেকে ১০ জন শিক্ষার্থীকে প্রক্টরের অফিসে নিয়ে যান।পরে ওই ছাত্রদের মুঠোফোনের নম্বর ও টাকা রাখার ব্যাগ পরীক্ষা করে দুজনের ছাত্রশিবিরের কর্মী বলে পরিচয় পাওয়া যায়। তাঁরা হলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী দ্বিতীয় সেমিস্টারের ছাত্র কামরুল ইসলাম ও রমজান আলী। বাকিরা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী পরিচয় দেওয়ায় তাঁদের ছেড়ে দেওয়া হয়। এরপর কামরুল ও রমজানকে রাজধানীর কোতোয়ালি থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।এ ব্যাপারে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আকন্দ প্রথম আলো ডটকমকে বলেন, ‘ওই শিক্ষার্থীরা “নারায়ে তাকবির, আল্লাহু আকবার” স্লোগান দেওয়ায় তাদের শিবিরের কর্মী সন্দেহে প্রক্টর অফিসে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।’এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অশোক কুমার সাহা সাংবাদিকদের বলেন, ছাত্রশিবিরের পরিচয় পাওয়ার পর তাদের কোতোয়ালি থানা পুলিশ গ্রেপ্তার করেছে।