জগন্নাথে সাংবাদিক পেটাল ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুচ্ছ ঘটনায় এক সাংবাদিককে পিটিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা। এ সময় তাঁরা আরও এক সাংবাদিককে লাঞ্ছনা করেছেন বলে জানা গেছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ‘দৈনিক দিনের শেষে’র বিশ্ববিদ্যালয় প্রতিবেদক গোলাম মোস্তফা এবং ‘দৈনিক দেশজনতা’র প্রতিবেদক ও বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী সদস্য এস এম আল আমিন বিশ্ববিদ্যালয়সংলগ্ন একটি ফটোকপির দোকানে গিয়ে লাইনে দাঁড়ান। তখন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিনের পক্ষের কয়েকজন কর্মী লাইন ভেঙে ছাত্রলীগ পরিচয় দিয়ে ফটোকপি করতে চান। এতে ওই দুই সাংবাদিক প্রতিবাদ করলে ছাত্রলীগের কর্মীদের সঙ্গে তাঁদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ছাত্রলীগের কর্মীরা ওই দুই সাংবাদিককে ধরে ক্যাম্পাসের পুরাতন বিজনেস স্টাডিজ ভবনের সামনে নিয়ে যান। সেখানে তাঁরা মোস্তফাকে মারধর ও আল আমিনকে লাঞ্ছনা করেন।এ ঘটনার অভিযোগ জানাতে ওই দুই সাংবাদিক প্রক্টর অফিসে যান। সেখানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আরেক যুগ্ম আহ্বায়ক মো. ইয়াছিনের উপস্থিতিতে গোলাম মোস্তফাকে দ্বিতীয় দফা মারধর করেন ছাত্রলীগের কর্মীরা। পরে প্রক্টরিয়াল বডির কয়েকজন সদস্য ও সাংবাদিক নেতারা এসে তাঁকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যান। এ ঘটনায় ওই দুই সাংবাদিক বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. ইয়াসিন অভিযোগ স্বীকার করে বলেন, ‘ওই ঘটনার নিষ্পত্তি করতে দুই পক্ষকে নিয়ে প্রক্টর অফিসে যাই। কিন্তু হামলাকারীরা দ্বিতীয়বার সাংবাদিকদের ওপর চড়াও হয়।’এ বিষয়ে জানতে চাইলে যুগ্ম আহ্বায়ক নিজামউদ্দিন বলেন, বিষয়টির সুষ্ঠু সমাধান করা হবে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অশোক কুমার সাহা বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকদের মারধরের ঘটনার নিন্দা জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।