জগৎ দেখার উত্সবে মেতেছে শিক্ষার্থীরা
‘দেখব এবার কে’ স্লোগানে টাঙ্গাইল, বগুড়া ও কক্সবাজারে চলছে গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উত্সব। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় তিনটি জেলায় এ উত্সব শুরু হয়। দেশের কয়েক হাজার শিক্ষার্থী এ উত্সবে মেতে উঠেছে।কক্সবাজার: কক্সবাজার সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী। পরে তিনি ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তিতে এগিয়ে যাওয়া ও ডিজিটাল বাংলাদেশ গড়তে শপথ বাক্য পাঠ করান। জেলার চারটি কলেজ ও সাতটি উচ্চবিদ্যালয়ের প্রায় পাঁচ হাজার ছাত্রছাত্রী এ উত্সবে অংশ নিয়েছেন।অনুষ্ঠানে বক্তব্য দেন প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক, গ্রামীণফোন চট্টগ্রামের আঞ্চলিক প্রধান মোহাম্মদ আরিফুজ্জামান ও কক্সবাজারের পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর। উপস্থাপনা করেন কক্সবাজারের প্রথম আলো প্রতিবেদক আব্দুল কুদ্দুস।টাঙ্গাইল: মাহমুদুল হাসান কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে ইন্টারনেট উত্সব শুরু হয়। অনুষ্ঠানটির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ সোহরাব হাসান। সেখানে বক্তব্য দেন গ্রামীণফোনের আঞ্চলিক প্রধান সিরাজউদ্দিন লস্কর ও প্রথম আলোর টাঙ্গাইল প্রতিনিধি কামনাশীষ শেখর।