জগৎটাকে জয়ের অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেট তথা তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে জগৎটাকে জয় করার অঙ্গীকার করল কক্সবাজার শহরের চারটি কলেজ ও সাতটি উচ্চবিদ্যালয়ের অন্তত পাঁচ হাজার ছাত্রছাত্রী।কক্সবাজার সরকারি মহিলা কলেজ মাঠে গতকাল বৃহস্পতিবার গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবে যোগ দিয়ে তারা এ প্রত্যয় ব্যক্ত করে।সকাল ১০টায় কক্সবাজার কেজি অ্যান্ড মডেল হাইস্কুলের ছাত্রীদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে এগিয়ে চলার দৃপ্ত শপথবাক্য পাঠ করান কক্সবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী। উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ ফজলুল করিম চৌধুরী বলেন, ‘গ্রামীণফোনের সহযোগিতায় আমাদের সবার প্রিয় প্রথম আলো ব্যতিক্রমধর্মী এ উৎসবের আয়োজন করে সবার মন জয় করেছে। এ উৎসব অব্যাহত রাখার দাবি জানাই।’ এ সময় সামনে বসা কয়েক হাজার শিক্ষার্থী হাত তুলে তাঁর বক্তব্য সমর্থন করে।প্রথম আলোর কক্সবাজারের নিজস্ব প্রতিবেদক আবদুল কুদ্দুসের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক বলেন, ‘সব ভালো কাজের সঙ্গে প্রথম আলো ছিল, থাকবে। এসএসসিতে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের দেওয়া সংবর্ধনার মতো এবার গ্রামীণফোনের সহযোগিতায় প্রথম আলো জেলায় জেলায় ইন্টারনেট উৎসব শুরু করেছে। প্রচণ্ড গরমের মধ্যেও বিপুলসংখ্যক শিক্ষার্থীর উপস্থিতি দেখে মনে হচ্ছে, উৎসব করে আমরা সফল হব। তথ্যপ্রযুক্তিতে নিজেদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আমরা এই সোনার বাংলাকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করতে পারব।’গ্রামীণফোন চট্টগ্রাম অঞ্চলের প্রধান মো. আরিফুজ্জামান বলেন, ‘শিক্ষার্থীদের আনন্দ আর উচ্ছ্বাস দেখে মনটা ভরে গেল। প্রথম আলোকে সঙ্গে নিয়ে আগামী বছরও এ উৎসবের ধারাবাহিকতা রক্ষার চেষ্টা করা হবে।’ অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর শুভেচ্ছা বক্তব্যে বলেন, এ ধরনের উৎসব শিক্ষার্থীদের সামনে চলতে অগ্রণী ভূমিকা রাখবে। উৎসবে কক্সবাজার সরকারি মহিলা কলেজ, কক্সবাজার কমার্স কলেজ, কক্সবাজার সরকারি কলেজ, কক্সবাজার সিটি কলেজ, কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়, কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কক্সবাজার কেজি অ্যান্ড মডেল হাইস্কুল, বায়তুশশরফ জব্বারিয়া একাডেমি, সৈকত বালিকা উচ্চবিদ্যালয়, প্রিপারেটরি উচ্চবিদ্যালয় ও ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চবিদ্যালয়ের অন্তত পাঁচ হাজার ছাত্রছাত্রী ছাড়াও শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। দেশজুড়ে এই ইন্টারনেট উৎসব যৌথভাবে আয়োজন করছে গ্রামীণফোন ও প্রথম আলো। সহযোগী অংশীদার হিসেবে আছে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং ওয়েব দেখার জনপ্রিয় সফটওয়্যার অপেরা মিনি। উৎসবের সার্বিক সহযোগিতায় ছিলেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। ‘দেখব এবার জগৎটাকে’ স্লোগানে অনুষ্ঠিত উৎসবের মূল আকর্ষণ ছিল আই-জিনিয়াস কুইজ প্রতিযোগিতা। চারটি কলেজ ও সাতটি প্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া ৯৬ জন প্রতিযোগীকে পেছনে ফেলে আই-জিনিয়াস নির্বাচিত হয় কক্সবাজার কেজি অ্যান্ড মডেল হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র ইমতিয়াজ নূর নিশান (১৬)। নিশান উখিয়া ডিগ্রি কলেজের শরীরচর্চা শিক্ষক মোহাম্মদ ইকবাল ও কক্সবাজার মা ও শিশু হাসপাতালের পরিদর্শক কোহিনূর আকতারের একমাত্র ছেলে। খুশিতে আত্মহারা নিশান বলে, ‘আজ আমার স্কুলের শেষ দিন, বিদায় সংবর্ধনা। কারণ, আমরা আগামী বছরের এসএসসি পরীক্ষার্থী। কিন্তু ওই সংবর্ধনায় না গিয়ে আমি এই উৎসবে ছুটে এসেছি। সবাইকে পেছনে ফেলে আই-জিনিয়াস নির্বাচিত হলাম।’পরবর্তী সময়ে ঢাকায় অনুষ্ঠেয় ফাইনাল রাউন্ডেও ভালো ফল করে কক্সবাজারবাসীর মুখ উজ্জ্বল করার আশা নিশানের।