জগৎসভায় একুশে ফেব্রুয়ারি
জাতিসংঘের নাগরিক ও রাজনৈতিক অধিকারের আন্তর্জাতিক চুক্তির ২৭ ধারায় বলা হয়েছে—যদি কোনো দেশে আঞ্চলিক ভাষাভিত্তিক বা ধর্মীয় এমন জনগোষ্ঠী থাকে যারা ওই দেশে সংখ্যালঘিষ্ঠ, তাদের ক্ষেত্রে এই অধিকার অস্বীকার করা যাবে না, বরং সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর সঙ্গে সংগতি রেখে তাদেরকেও তাদের নিজস্ব সংস্কৃতি উপভোগ, তাদের নিজস্ব ধর্ম অবলম্বন এবং প্রচার এবং তাদের নিজস্ব ভাষা ব্যবহারের অধিকার দিতে হবে।২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেওয়ার জন্য কানাডার ভ্যাঙ্কুভারের জনাব রফিকুল ইসলাম ৮ জানুয়ারি ১৯৯৮ জাতিসংঘের সেক্রেটারি জেনারেল কফি আনানের কাছে একটা আবেদন করেন। জাতিসংঘের অফিস থেকে বিষয়টি ইউনেস্কোর কাছে সংস্থার পক্ষ থেকে উত্থাপন করার কথা বলা হয়। জনাব রফিকুল ইসলাম ও তাঁর সহযোগী আবদুস সালাম মাদার ল্যাঙ্গোয়েজেস অব দ্য ওয়ার্ল্ড—বিশ্বের মাতৃভাষা নামে একটি সমিতি গঠন করেন। সমিতির পক্ষ থেকে দশজন ব্যক্তির স্বাক্ষর সংবলিত সাতটি ভাষায় লিখিত একটি আবেদন ইউনেস্কোর কাছে প্রেরণ করা হয়। ইউনেস্কোর শিক্ষাবিষয়ক প্রকল্প বিশেষজ্ঞ মিসেস আনা মারিয়া ওই সমিতিকে জানান, বেসরকারি প্রতিষ্ঠানের অনুরোধে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব নয়, তবে যদি কোনো সরকার এ ব্যাপারে উদ্যোগ নেয় তবে ব্যাপারটি বিবেচনা করা যেতে পারে। তারপর রফিকুল ইসলাম বাংলাদেশ সরকারের শিক্ষাসচিব কাজী রকীবুদ্দিন আহমদের সঙ্গে যোগাযোগ করেন। বিষয়টি শিক্ষামন্ত্রী এস কে সাদেক সাহেবের মনোযোগ আকর্ষণ করা হলে তিনি তত্ক্ষণাত্ প্রধানমন্ত্রীর সম্মুখে তা উত্থাপন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে বেশ উত্সাহিত বোধ করেন। সময় বাড়ন্ত থাকায় মন্ত্রিসভায় অনুমোদনের অপেক্ষা না করে প্রস্তাবটি প্যারিসে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। যথাসময়ে শিক্ষামন্ত্রী প্যারিসে পৌঁছে ইউনেস্কোর কাছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেওয়ার জন্য প্রস্তাব পেশ করেন।বাংলাদেশসহ মোট ২৭টি দেশ সেই প্রস্তাবে শরিক হয়। অন্য দেশগুলো হচ্ছে ইতালি, ইন্দোনেশিয়া, ইরান, ওমান, কমোরো দ্বীপপুঞ্জ, কোত্ দ্য ইভোয়ার, গাম্বিয়া, ডোমিনিকান রিপাবলিক, পাকিস্তান, পাপুয়া নিউগিনি, প্যারাগুয়ে, ফিলিপাইন, বাহামা, বেনিন, বেলারুশ, ভানুয়াতু, ভারত, মাইক্রোনেশিয়ান ফেডারেশন, মালয়েশিয়া, মিসর, রাশিয়া, লিথুয়ানিয়া, শ্রীলঙ্কা, সৌদি আরব, সিরিয়া ও হন্ডুরাস। যেদিনটি বিশেষ করে কেবল বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সেই দিনটি আন্তর্জাতিক দিবস হিসেবে পালনের তেমন কোনো যৌক্তিকতা খুঁজে পায়নি কয়েকটি পশ্চিমা দেশ। তারা প্রস্তাবের পক্ষে প্রথমে সায় দেয়নি। পরে ১৮৮৬ সালের ১ মে শিকাগো শহরে শ্রমিক অধিকার প্রতিষ্ঠার জন্য যাঁরা প্রাণোত্সর্গ করেছিলেন, তাঁদের স্মৃতির উদ্দেশে যে সারা পৃথিবীতে মে-দিবস পালিত হচ্ছে, তার নজির উত্থাপন করা হলে প্রস্তাবের বিরুদ্ধে ক্ষীণ আপত্তিটুকু আর তেমন জোর পায় না। আলাপ-আলোচনা ও বৈঠক-সংলাপের পর ১৭ নভেম্বর ১৯৯৯ সর্বসম্মতভাবে ইউনেস্কোর প্রথম ও দ্বিতীয় কমিশন বাংলাদেশের প্রস্তাব মেনে নেয়। আশা করা হচ্ছে, এ বছর ২১ ফেব্রুয়ারিতে ইউনেস্কোর সদর দপ্তরে যথাযোগ্য মর্যাদার সঙ্গে দিনটি পালিত হবে।১৮৮টি দেশের আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইউনেস্কো সারা বছর বিভিন্ন দিবস পালন করে। অনেক সময় দিবস পালনের আনুষ্ঠানিকতার বাইরে তেমন উল্লেখযোগ্য কোনো কাজ হয় না। ইউনেস্কোর কর্মকাণ্ডে আবার বেশ কিছু বৃহত্ রাষ্ট্রের তেমন অনুরাগ বা উত্সাহ নেই।ভাষার ব্যাপারে অবশ্য ইউনেস্কোর একটা প্রশংসনীয় উদ্যোগী ভূমিকা রয়েছে। ১৯৯৬ সালের মার্চ মাসে সংস্থার মহাপরিচালক ফ্রেদেরিকো মাইওর সারাগোসা পৃথিবীর ভাষার মানচিত্র প্রণয়নের জন্য এক ডাক দেন। আফ্রিকা মহাদেশের ভাষার মানচিত্র ইতিমধ্যে তৈরি হয়েছে। ভবিষ্যতে ইউরোপ ও এশিয়ার ভাষার মনচিত্র তৈরি হবে। দুনিয়ার ভাষার শ্রেণীবিভাগ সম্পর্কে ইউনেস্কোর একটা লিঙ্গুয়াপ্যাক্স নামে প্রজেক্ট রয়েছে। বিভিন্ন দেশের ভাষাগবেষণাকেন্দ্রের সঙ্গে ইউনেস্কো সংযোগ রক্ষা করছে। এদের মধ্যে একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হলো লিঙ্গুয়াস্কেয়ার অবজারভেটরি। যার মটো বা আদর্শবাণী হচ্ছে ‘ভাষার ছায়াপথে প্রত্যেক ব্যক্তির কণ্ঠস্বর এক-একটি নক্ষত্র।’সারা বিশ্বে ভাষাবিদদের অক্লান্ত পরিশ্রমের বদৌলতে পরভাষা বা অমাতৃভাষার প্রতি আকর্ষণ বৃদ্ধি পেয়েছে। আবার সংখ্যাগরিষ্ঠ ভাষাভিত্তিক সম্প্রদায়ের দাপটে সংখ্যালঘিষ্ঠ ভাষাগোষ্ঠীরা নিজেদের বড় বিপন্ন মনে করেছে।...জগত্সভায় একুশে ফেব্রুয়ারির স্বীকৃতি বাংলাদেশের জন্য একটি অহঙ্কারের বিষয়, একটি বড় আত্মপ্রসাদের কথা। বহু দেশে মাতৃভাষার জন্য বহুজনকে নানান লাঞ্ছনা সহ্য করতে হয়েছে। সারা বিশ্বের মাতৃভাষার সঙ্গে জগত্সভার যে যোগসূত্র হলো তার পেছনে রয়েছে একুশে ফেব্রুয়ারির শহীদদের আত্মদান। আমরা এ প্রসঙ্গে কানাডার ভ্যাঙ্কুভারে যে বাঙালিরা বিশ্বের মাতৃভাষার পক্ষে প্রথমে সক্রিয় পদক্ষেপ নিয়েছিলেন তাঁদের আমাদের অভিনন্দন জানাই।একুশে ফেব্রুয়ারির আন্তর্জাতিক স্বীকৃতির ফলে আমাদের দায়িত্ব গেল বেড়ে। নিজের মাতৃভাষার উন্নয়নে আমাদের সর্ববিধ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের মাতৃভাষার দৈন্য মোচন করতে হবে, যাতে বিশ্বের জ্ঞানভান্ডারের সঙ্গে আমাদের পরিচয় ঘটে এবং আমরা বিশ্বের দরবারে নিজেদের জানান দিতে পারি। পৃথিবীর অন্যান্য দেশে মাতৃভাষার ব্যবহার ও স্বীকৃতির জন্য যাঁরা কাজ করছেন, তাঁদের কর্মকাণ্ডে আমরা সহযোগিতা করব এক গভীর ঐকাত্ম্যবোধে।প্রথমে মাতৃভাষা, পরভাষা পরে গ্রন্থটি থেকে অংশবিশেষ সংকলিত