জঘন্য অপরাধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েটি কলেজে এসেই কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেলল। মুহূর্তেই পুরো কলেজে হইচই পড়ে গেল। কলেজজুড়ে যেন তোলপাড়। সবার চোখে-মুখে আতঙ্কের ছাপ।সেই মেয়েটির জীবনে এক নতুন অধ্যায় রচিত হয়েছে। লজ্জায় মেয়েটি এখন কলেজে যাওয়া ছেড়ে দিয়েছে। বাড়ির বাইরেও বের হতে পারছে না। দুঃখজনক ঘটনাটি ঘটেছে রংপুর পুলিশ লাইন স্কুল ও কলেজে ১৯ জানুয়ারি। কলেজের উচ্চমাধ্যমিকে প্রথম বর্ষের মেয়েটি ওই দিন কলেজে গিয়ে দেখতে পায়, তার একটি রঙিন ছবির অনেক পোস্টার দেয়ালে আঁটা। সেই ছবির দিকে তাকালে চোখ ফিরিয়ে নিতে হয়। ছবির মুখটা মেয়েটির। আর নিচের অংশ কম্পিউটারের গ্রাফিক্সে কাজ করা পুরোটাই নগ্ন। মুখটা কাটিং করে লাগিয়ে দেওয়া হয়েছে। এমন দৃশ্য দেখে ওই স্কুলের কয়েক হাজার শিক্ষার্থীর মুখ যেন ফ্যাকাশে হয়ে যায়। শিক্ষাপ্রতিষ্ঠানে আসা অভিভাবকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে মেয়েদের মধ্যে অনেক বেশি আতঙ্ক ছড়িয়ে পড়ে। এটা কী করে সম্ভব? কিন্তু এর পরেও কুরুচিপূর্ণ কয়েক যুবকের একটি চক্র এই জঘন্য কাজটি করেছে—এমন খবর মুহূর্তের মধ্যে পুরো শহরে ছড়িয়ে পড়তেও সময় লাগে না। অবশ্য কলেজ কতৃপক্ষ বিষয়টি অবগত হওয়ার সঙ্গে সঙ্গেই দেয়ালে আঁটানো পোস্টারগুলো তুলে ফেলে। পুলিশ লাইন স্কুল ও কলেজের সভাপতি পুলিশ সুপার সালেহ মো. তানভীর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেন। সঙ্গে সঙ্গেই গোয়েন্দা (ডিবি) পুলিশকে তদন্ত করতে বলেন। তদন্ত পুলিশের একাধিক বিশেষ দল নেমে পড়ে ঘটনা উদ্ঘাটনে। গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মিনহাজুল ইসলাম জানান, এক ছাত্রীর ছবি কৌশলে তুলে নেয় শহরের মুন্সিপাড়া এলাকার শাহিনুর রহমান ওরফে পলাশ। পরবর্তী সময়ে মেয়েটিকে কলেজ যাওয়া-আসার পথে নানাভাবে উত্ত্যক্ত করা হতো। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নগ্ন পোস্টার বের করারও হুমকি দেওয়া হয় মেয়েটিকে। এরপর ঠিকই এই জঘন্যতম কাজটি করা হয়। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে শহরের মুন্সিপাড়া এলাকার ঘটনার মূল হোতা শাহিনুর রহমান ওরফে পলাশ, একই এলাকার মনসুর আলী, জুবায়ের রহমান ও সেনপাড়া এলাকার সারোয়ার আলী ওরফে অপুকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা পুলিশ জানায়, আটক যুবকদের কাছ থেকে একটি ল্যাপটপও উদ্ধার করা হয়। ল্যাপটপে অসংখ্য মেয়ের ছবি ও নগ্ন ছবিও রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে মিনহাজুল ইসলাম জানান। এ ব্যাপারে মেয়ের বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় একটি মামলা করেছেন। পুলিশ সুপার সালেহ মো. তানভীর বলেন, এটি একটি জঘন্য অপরাধ। এরই মধ্যে ঘটনার মূল হোতাসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এসব অপরাধীকে ধরিয়ে দিতে সবার সহযোগিতা কামনা করেছেন তিনি। কেননা এমন জঘন্য অপরাধ মেনে নেওয়া যায় না।