জঙ্গল সলিমপুরে বিপুল অস্ত্রসহ ১৮ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকা থেকে ১৯টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ ধারালো অস্ত্রসহ ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ইয়াকুব বাহিনীর প্রধান ইয়াকুব আলীও রয়েছেন। গতকাল মঙ্গলবার ভোরে এবং বিকেলে দুই দফা অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন—র‌্যাব। র‌্যাব সূত্র জানায়, উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি একটি পিস্তল, দেশে তৈরি ১৩টি এলজি, তিনটি একনলা বন্দুক, ১১টি গুলি, ২৪টি কার্তুজ, জাহাজে ব্যবহূত রকেট সিগন্যাল প্লেয়ার, নয়টি রামদা, সাতটি নান চাকু, একটি চাইনিজ কুড়াল, দুটি হকিস্টিক ও তিন সেট নিরাপত্তারক্ষীর পোশাক।র‌্যাব জানায়, সকালের অভিযানে গ্রেপ্তার করা হয় ১৬ জনকে। এঁদের মধ্যে এয়াকুব বাহিনীর প্রধান মো. ইয়াকুব আলী (৪৯), ছেলে সাদ্দাম হোসেন (১৪), তাঁর দুজন মহিলা দেহরক্ষী জুলেখা বেগম (৩০) ও আমেনা বেগম (৪০) রয়েছেন। অন্যরা হলেন ইয়াকুবের আরেক দেহরক্ষী সজল মাহমুদ (২২), মোহাম্মদ রাজু (২০), আমান উল্লাহ আমান (১৭), লিয়াকত আলী (২৩), রাজু (১৮), মোহাম্মদ সেলিম (১৯), জাহাঙ্গীর আলম (৩০), মোহাম্মদ রুবেল (১৮), রুবেল (১৮), সাজু (১৮), রাশেদ (২২) ও বাবুল (২৫)। বিকেলে র‌্যাবের আরেকটি দল সলিমপুর সংলগ্ন কলিমপুর এলাকা থেকে মো. জাকারিয়া (২০) ও নয়ন মিয়াকে (৩০) গ্রেপ্তার করে। এরাও ইয়াকুবের সহযোগী। তাদের কাছ থেকে দুটি দেশে তৈরি একনলা বন্দুক, একটি রকেট সিগন্যাল প্লেয়ার উদ্ধার করা হয়। এঁরা সবাই জঙ্গল সলিমপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী। জানা গেছে, অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৭ চট্টগ্রাম অঞ্চলের প্রধান লে. কর্নেল সাজ্জাদ হোসাইন। তিনি বলেন, ‘আক্কাস নিহত হওয়ার পর তাঁর স্থলাভিষিক্ত হন ইয়াকুব। সলিমপুরে সশস্ত্র অবস্থায় এয়াকুব ও তাঁর লোকজন বৈঠক করছে খবর পেয়ে আমরা অভিযান চালাই। আমাদের পৌঁছার আগেই কিছু সন্ত্রাসী অস্ত্র নিয়ে পালিয়ে যায়। তবে ভোর থেকে টানা চার ঘন্টা অভিযান চালিয়ে ইয়াকুবসহ কয়েকজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই।’র‌্যাব সূত্র জানায়, এসব সন্ত্রাসী জঙ্গল সলিমপুরের পাহাড়ি এলাকায় সরকারি খাস জমিতে ঘরবাড়ি তুলে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের কাছে বিক্রি করছিলেন। সেখানে তাঁরা নিজস্ব নিরাপত্তাব্যবস্থাসহ আলাদা প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলেন। এ কাজে জড়িত অন্য একটি চক্রের দলনেতা ও ভূমিদস্যু আলী আক্কাস সম্প্রতি র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।নগরের পতেঙ্গায় র‌্যাব-৭-এর প্রধান কার্যালয়ে ইয়াকুব সাংবাদিকদের কাছে দাবি করেন, ‘সরকারি দলের সন্ত্রাসীদের সহায়তায় র‌্যাব আমাদের গ্রেপ্তার করেছে। আর উদ্ধার করা অস্ত্র আমাদের নয়। আওয়ামী লীগের ক্যাডারদেরই অস্ত্র। তাঁরা জঙ্গল সলিমপুরের জায়গা দখল করে।’ তবে লে. কর্নেল সাজ্জাদ তাৎক্ষণিক অভিযোগ অস্বীকার করেন। ইয়াকুবের দুই নারী দেহরক্ষী আমেনা ও জুলেখা স্বীকার করেন, বিভিন্ন সময় ইয়াকুব তাঁদের বাসায় আশ্রয় নিতেন। জঙ্গল সলিমপুর এলাকাটি নগরের বায়েজিদ ও সীতাকুণ্ড এবং হাটহাজারী থানার সীমান্তবর্তী এলাকায়। এখানে প্রায় দুই হাজার একর সরকারি জমি দখল করে কয়েকটি পক্ষ আবাসিক এলাকা গড়ে তুলেছে। তারা এসব খাসজমি কেনাবেচার সঙ্গেও জড়িত। এ নিয়ে বিভিন্ন সময় প্রতিদ্বন্দ্বী পক্ষের মধ্যে রক্ষক্ষয়ী সংঘর্ষ হয়েছে। একটি পক্ষের প্রধান ছিলেন আলী আক্কাস। গত ২৩ মে র‌্যাব ও পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আক্কাস নিহত হন। এর আগে ভূমি নিয়ে মে মাসের প্রথম সপ্তাহে আক্কাস বাহিনীর সঙ্গে বাদশা বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।