মহাজোট সরকার জঙ্গিবাদীদের অর্থায়ন বন্ধে এখনো জোরালো কোনো পদক্ষেপ নিতে পারেনি বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু। আজ শুক্রবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ‘জঙ্গিবাদীদের অর্থের উত্স বন্ধ করার বিষয়ে নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চ আয়োজিত এ সভায় হাসানুল হক ইনু বলেন, জঙ্গিবাদীদের পেছনে অর্থ বিনিয়োগ দেশ, জনগণ ও মানবতার জন্য বিপজ্জনক। মসজিদ, মাদ্রাসা, জাকাত কিংবা ট্রাস্টের মাধ্যমে আদায় করা অর্থ অন্য খাতে ব্যবহার করা অপরাধ। এসব কাজ যারা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে জঙ্গিবাদে অর্থায়নের অভিযোগ রয়েছে, তদন্ত করে প্রমাণ পেলে সেগুলো বন্ধ করে দেওয়া হবে।সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চের আহ্বায়ক অজয় রায় বলেন, জঙ্গিবাদীরা অর্থনৈতিকভাবে খুবই শক্তিশালী। তাই তাদের টাকা কীভাবে আসে ও কীভাবে খরচ হয়, সরকারকে সে বিষয়ে খোঁজ নিতে হবে। নইলে যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়াকে তারা বাধাগ্রস্ত করতে পারে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ বলেন, জঙ্গিবাদীদের অর্থের উত্স বন্ধ করতে রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করার দাবি তুলতে হবে। এটা না করা গেলে কখনোই জঙ্গিবাদীদের অর্থের উত্স বন্ধ করা যাবে না।ব্যাংকার খন্দকার ইব্রাহিম খালেদ বলেন, বেসরকারি সংস্থাগুলোর যেসব ট্রাস্ট রয়েছে সেগুলোকে তদারকির আওতায় আনলে জঙ্গিবাদীদের অর্থের উত্স অনেক কমে যাবে। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংককে কেন্দ্র করে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ও মনিটরিং ইন্টেলিজেন্স ইউনিট করা উচিত। এই ইউনিটগুলো জঙ্গিবাদের অর্থায়নের উত্সগুলো শনাক্ত করতে কাজ করবে।মঞ্চের সদস্য শিরীন আক্তার বলেন নীতি, আদর্শ ও মূল্যবোধের রাজনীতির সংস্কৃতি চালু হলে জঙ্গিবাদীদের অর্থের উত্স বন্ধ হয়ে যাবে। সভায় মূল প্রবন্ধে মঞ্চের সদস্য সচিব নূর মোহাম্মদ তালুকদার বলেন, প্রবাসী বাঙালিদের পাঠানো অর্থের একটি অংশ হুন্ডির মাধ্যমে আসে। সে অর্থ এবং কিছু এনজিওর অর্থ সরাসরি জঙ্গিদের কাছে পৌঁছে যাচ্ছে। এ অর্থায়ন বন্ধে রাষ্ট্রের সংশ্লিষ্ট সব অংশের দক্ষতা ও তত্পরতা বাড়ানো, দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর সহযোগিতা এবং এ বিষয়ে জনমত গড়ে তুলতে হবে।সভায় উন্নয়নকর্মী রোকেয়া কবীর, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, তরিকত ফেডারেশনের নেতা মোহাম্মদ আলী ফারুক প্রমুখ বক্তব্য দেন।