রাজধানীর দক্ষিণ দনিয়ায় জঙ্গি আস্তানা থেকে গতকাল সোমবার আরও ১০টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে।রোববার রাত থেকে গতকাল সোমবার দিনভর ওই বাড়িতে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) উদ্ধার অভিযান চালায়। ডিবির বোমা বিশেষজ্ঞরা জানান, গ্রেনেডের আদলে হাতে তৈরি এসব বোমায় নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।এদিকে পুলিশের বিশেষ শাখার (এসবি) জঙ্গি দমনসংক্রান্ত বিশেষ দলটি এখন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আমির মাওলানা সাইদুর রহমানকে ধরার জন্য অভিযান চালাচ্ছে।সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, দনিয়ার এ ভাড়াবাড়িটি জেএমবির সর্বশেষ প্রধান আস্তানা। সেখানে সাইদুর রহমানের যাতায়াত ছিল বলে এসবির কাছে তথ্য ছিল।আহত জঙ্গির মা-বাবা আটক: রোববার রাতে ওই জঙ্গি আস্তানায় অভিযানকালে পুলিশের ওপর বোমা হামলার ঘটনায় আহত জেএমবির সদস্য শিবলীর (৩৫) বাবা-মা ও বোনকে আটক করা হয়েছে। শিবলীকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেলে গতকাল তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ডিবি।ডিবি সূত্র জানায়, শিবলী পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেকে হরকাতুল জিহাদের সদস্য এবং নাম আবু বকর ছিদ্দিক বলে জানান। গুরুতর আহত অবস্থায়ও এ জঙ্গি পুলিশকে বিভ্রান্ত করতে একেকবার একেক রকম তথ্য দিচ্ছেন বলে জানা গেছে।তবে তাঁর বাবা শাহ আলম ও মা আছিয়া বেগম ডিবিকে বলেছেন, তাঁদের ছেলের নাম শিবলু। তাঁদের গ্রামের বাড়ি বরিশাল হলেও রাজধানীর ভাসানটেক এলাকার স্থায়ী বাসিন্দা। তাঁরা দাবি করেন, ২০০৬ সালের পর থেকে শিবলু পরিবারের সঙ্গে আর যোগাযোগ রাখেনি। শিবলু বাসার পাশে ভাসানটেক উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর আর লেখাপড়া করেনি।অভিযান পরিচালনাকারী পুলিশের বিশেষ দলটির এক কর্মকর্তা প্রথম আলোকে নিশ্চিত করেছেন, শিবলী জেএমবির কথিত সামরিক শাখার কমান্ডার। তাঁর সাংগঠনিক ছদ্মনাম হচ্ছে নজরুল।তিন মাস আগে দনিয়ায় আস্তানা: দক্ষিণ দনিয়ার ওই বাড়ির মালিক নান্নু মিয়া জানান, এ জঙ্গি দলের সদস্যরা গত ফেব্রুয়ারিতে তাঁর বাড়ি ভাড়া নেন। তাঁরা নিজেদের ডেসটিনি-২০০০-এর কর্মকর্তা পরিচয় দেন এবং টাঙ্গাইলে বাড়ি বলে জানিয়েছিলেন। তিনি কারও নাম জানেন না, তবে বাসায় দুজন পুরুষ ও দুজন নারী থাকতেন বলে জানান।আহত জঙ্গি শিবলী সাংবাদিকদের বলেছেন, তিনি আড়াই বছর আগে ময়মনসিংহে বিয়ে করেন। স্ত্রীর নাম জোবায়দা। তাঁর সঙ্গে ওই বাড়িতে সস্ত্রীক বন্ধু মিলনও থাকতেন।এসবির একটি সূত্র জানায়, কয়েক মাস ধরে টানা গোয়েন্দা অনুসন্ধান চালিয়ে তারা জেএমবির আস্তানাটির সন্ধান ও সংগঠনের শীর্ষনেতাদের গতিবিধি সম্পর্কে নিশ্চিত হয়।যেভাবে অভিযান: গতকাল দনিয়ার শাহজালালবাগ নান্নু হাজির বাড়িতে যাওয়ার পথে গলির মুখে দেখা যায় ছোপ ছোপ রক্ত। পাশে পড়ে ছিল একটি অবিস্ফোরিত বোমা। বাসার সিঁড়িতেও রক্ত। ষাটোর্ধ্ব বাড়ির মালিক প্রথম আলোকে বলেন, রোববার রাতে সাদা পোশাকের কয়েকজন পুলিশ তাঁর বাড়িতে আসেন। তাঁকে নিয়ে পুলিশ সদস্যরা তিনতলা বাড়িটির নিচতলা থেকে তল্লাশি শুরু করেন। পুলিশ সদস্যরা সর্বশেষ তিনতলার ডান পাশের ফ্ল্যাটটির দরজায় কড়া নাড়েন। কিন্তু ভেতর থেকে কেউ সাড়া দেয়নি। পাঁচ-সাত মিনিট পর একজন নারী দরজা খুলে দেন। সঙ্গে সঙ্গে ভেতর থেকে আরেকজন একটি বোমা নিক্ষেপ করেন। বোমায় হাতে ও পায়ে স্প্লিন্টার বিদ্ধ হয়ে কয়েকজন পুলিশ সেখানে পড়ে যান, অন্যরা দ্রুত নিচে নেমে আত্মরক্ষা করেন। এরপর জঙ্গি সদস্যরা বোমা মারতে মারতে পালিয়ে যান।স্থানীয় দোকানদার আতিকুর রহমান জানান, রোববার রাত সাড়ে নয়টার দিকে ওই বাড়িতে সাদা পোশাকের পুলিশ ঢোকে। এর কিছুক্ষণ পরই বোমার বিকট শব্দ, সঙ্গে সঙ্গে আর্তচিৎকার ও হইচই, ‘ধর ধর’ ইত্যাদি শব্দ শোনা যায়।স্থানীয় দোকানকর্মী শ্যামল বলেন, তাঁরা ভেবেছিলেন কোনো বাড়িতে ডাকাত পড়েছে। তাঁরা বেরিয়ে এসে দেখেন আহত কয়েকজন বেরিয়ে আসছেন। ধরতে গেলে তাঁরা নিজেদের পুলিশ পরিচয় দেন। এরপর ওই বাড়ি থেকে দুজন পুরুষ ও দুজন মহিলা বের হয়ে আসেন। তাঁদের কাঁধে ব্যাগ ছিল। সেই ব্যাগ থেকে বোমা বের করে তাঁরা বিস্ফোরণ ঘটাচ্ছিলেন। পুরো গলি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।আরেক প্রত্যক্ষদর্শী জানান, জঙ্গিরা ব্যাংক কলোনির গলি দিয়ে পালায়। কিছু দূরে বোমা বিস্ফোরিত হয়ে জঙ্গিদের একজন ড্রেনে পড়ে যান। পরে তাঁকে পুলিশ আটক করে।সহকারী কমিশনার (এসি) ছানোয়ার হোসেনের নেতৃত্বে ডিবি বোমা অপসারণকারী দল গতকাল ওই বাড়ি থেকে নয়টি তাজা বোমা ও রাস্তা থেকে একটি পিন খোলা বোমা উদ্ধার করে। পিন খোলাটি সেখানে বিস্ফোরণ ঘটিয়ে বাকি বোমাগুলো গতকাল বিকেলে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।জঙ্গিদের হাতে নতুন প্রযুক্তি: ছানোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, উদ্ধার করা বোমাগুলো আসলে হাতে তৈরি ইমপ্রোভাইসড গ্রেনেড। এতে বৈদ্যুতিক সার্কিট ও পেন্সিল ব্যাটারি এবং সাদা রঙের বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে। পিন টেনে খুলে বিস্ফোরণ ঘটানো হয়, এ রকম পিনও পাওয়া গেছে।বিস্ফোরকের ওপর যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণপ্রাপ্ত এই কর্মকর্তা জানান, জঙ্গিদের কাছ থেকে এর আগে উদ্ধার করা বোমার আদলে এসব বোমা বা গ্রেনেড তৈরি করা হয়নি। এগুলো একটু ভিন্ন প্রযুক্তিতে প্রস্তুত। ভেতরে স্প্লিন্টার খুঁজে পাওয়া যায়নি। তাঁর ধারণা, ওই বাসায় এসব ইমপ্রোভাইসড গ্রেনেড তৈরি করা হয়েছে। ওই বাসা থেকে বোমা তৈরির সরঞ্জাম ও কিছু সার্কিট উদ্ধার করা হয়েছে।হরতালের সঙ্গে যোগসূত্র আছে—স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী: বোমা হামলায় আহত পুলিশ সদস্যদের দেখতে গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক। তাঁর সঙ্গে পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদও ছিলেন।এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, বিরোধী দলের হরতালের সঙ্গে জঙ্গিদের তৎপরতার যোগসূত্র রয়েছে। তিনি দনিয়ায় পুলিশের ওপর বোমা হামলার কথা তুলে ধরে বলেছেন, ‘আমি শঙ্কিত। হরতাল ঘোষণার সঙ্গে সঙ্গে জঙ্গিরা তৎপর হয়েছে।’২৭ জুন সারা দেশে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচির প্রতি ইঙ্গিত করেই প্রতিমন্ত্রীর এ বক্তব্য।