জেলা প্রশাসক সম্মেলনে প্রধানমন্ত্রী
জঙ্গি ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গি তৎপরতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে এবং ‘নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারাকারীদের’ বিরুদ্ধে নজরদারি বাড়াতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন। এ ছাড়া রমজান মাসের সুযোগে অসাধু ব্যবসায়ীরা যাতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়াতে না পারে, সে জন্য তিনি তাঁদের সজাগ থাকার নির্দেশ দেন। গতকাল রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে জেলা প্রশাসকদের (ডিসি) তিন দিনব্যাপী সম্মেলন উদ্বোধন করার সময় শেখ হাসিনা এসব নির্দেশ দেন। প্রধানমন্ত্রী স্থানীয় সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করার পরামর্শ দেন জেলা প্রশাসকদের। অন্যদিকে জেলা প্রশাসকেরা আইনশৃঙ্খলার উন্নয়ন, সীমান্ত নিরাপত্তা জোরদার, মাদকের বিস্তার প্রতিরোধ, জঙ্গিবাদ, সন্ত্রাস, টেন্ডার ও চাঁদাবাজি বন্ধ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরেন। তাঁরা সরকারকে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সুনির্দিষ্ট প্রস্তাব দেন। প্রধানমন্ত্রী সম্মেলনের উদ্বোধন করার পর প্রধানমন্ত্রীর সংস্থাপন ও প্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আবদুল আজিজ, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার সিরাজুল হক, ঢাকার ডিসি মহিবুল হক, নওগাঁর ডিসি নাজমানআরা খানম এবং পঞ্চগড়ের ডিসি বনমালি ভৌমিক বক্তব্য দেন। জেলা প্রশাসকেরা অনেক বিষয় তুলে ধরার পাশাপাশি আদালত অবমাননার একটি সংজ্ঞা ঠিক করে নতুন আইন করার প্রস্তাব দেন। প্রধানমন্ত্রী এতে সম্মতি দিয়েছেন। জানা গেছে, ডিসিরা আইনশৃঙ্খলা বিষয়েও অনেক অভিযোগ করেন প্রধানমন্ত্রীর কাছে। তাঁরা বলেন, ডিসি জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি হলেও পুলিশ সুপাররা তাঁদের আইনশৃঙ্খলাসংক্রান্ত সব আদেশ মানেন না।ফৌজদারি কার্যবিধি সংশোধন করে ডিসিরা যাতে পুলিশকে নির্দেশ দিতে পারেন, সে ক্ষমতা দিতে প্রস্তাব করা হয়। ডিসি ও কমিশনারদের পুলিশের কর্মতৎপরতার ওপর প্রতিবেদন দেওয়ার ক্ষমতা প্রদান করার সুপারিশ করা হয়। এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে একজন সহকারী পুলিশ সুপার, দুজন পরিদর্শক, চারজন উপপরিদর্শক ও ৩০ জন কনস্টেবলের সমন্বয়ে ‘প্রশাসনিক ফোর্স’ গঠনের সুপারিশ করেন ডিসিরা। মন্ত্রিপরিষদ বিভাগ এই সুপারিশ সমর্থন করে। ভ্রাম্যমাণ আদালতের আওতায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সংক্ষিপ্ত আদালত গঠন ও মামলা আমলে নিয়ে বিচারের ক্ষমতা দেওয়ার দাবিও করা হয়। বাজারনিয়ন্ত্রণ, তদারকি ও মজুদবিরোধী অভিযানে নির্বাহী হাকিমদের আরও বেশি ক্ষমতা দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন ডিসিরা। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে দুর্নীতি ও জঙ্গিবাদে মদদ দেওয়ার জন্য বিগত বিএনপি-জামায়াত জোট সরকারকে দায়ী করে বলেন, ওই সময়ের জঙ্গি তৎপরতায় বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি খাটো হয়েছে। শেখ হাসিনা প্রশাসনকে আরও গতিশীল করতে জেলা প্রশাসকদের নিজ নিজ জেলা ও উপজেলার জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দেন। একই সঙ্গে তিনি জেলা প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে পারস্পরিক সমঝোতার মাধ্যমে কাজ করার পরামর্শ দেন। তিনি জেলা প্রশাসকদের ভয়ভীতি ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করতে বলেন। আসন্ন রমজান মাসে বিবেকবর্জিত ব্যবসায়ীদের সিন্ডিকেট যাতে দাম বাড়াতে না পারে, সে জন্য প্রধানমন্ত্রী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের চাহিদা, সরবরাহ ও মজুদের ওপর নজরদারি বাড়ানোর নির্দেশ দেন। কোনো সমস্যার সম্মুখীন হলে প্রধানমন্ত্রী সরাসরি তাঁকে টেলিফোন করার জন্য জেলা প্রশাসকদের পরামর্শ দেন। কেউ যাতে সরকারি জমি, খাল, নদী, জলাশয় এসব দখল করতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। চালের দাম প্রসঙ্গে তিনি কৃষকদের স্বার্থ রক্ষায় জেলা প্রশাসকদের আরও বেশি তৎপর হওয়ার নির্দেশ দেন। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিসিরা মুক্ত আলোচনায় অংশ নেন। এ সময় উপস্থিত ৬৪ জেলা প্রশাসকের মধ্যে ১৬ জন বক্তব্য দেন। মাদকের বিস্তার প্রতিরোধের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদিচ্ছার অভাব আছে বলে মন্তব্য করেন তাঁরা। এমনকি কেউ কেউ বলেন, অনেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বেই চলে মাদকের ব্যবসা। অন্য জেলা প্রশাসকেরা এই বক্তব্যে সমর্থন দেন। ডিসির নেতৃত্বে প্রশাসনিক পুলিশ গঠন বা বিচারিক ক্ষমতা দেওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেননি প্রধানমন্ত্রী। সম্মেলনের দ্বিতীয় পর্বে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, অর্থ, স্বরাষ্ট্র, ভূমি ও পরিবেশ এবং সব শেষে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কে সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবেরা জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় করেন। শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়: জেলা প্রশাসকেরা স্কুলভবন ও শিক্ষকস্বল্পতার কথা তুলে ধরেন। সব স্কুল-উপযোগী শিশুকে স্কুলে আনার ক্ষেত্রে নানা সমস্যার কথাও উঠে আসে তাঁদের কথায়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রয়োজনীয় বিদ্যালয় বা শিক্ষকের পদ নেই স্বীকার করে বলেন, যে পদ আছে তাও পূরণ করা যাচ্ছে না। তিনি জানান, ইতিমধ্যে পিএসসিকে বলা হয়েছে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ দিতে। ডিসিদের তদারকি বাড়াতে বলা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহের হোসেন ও সচিব আবু আলম শহিদ খান উপস্থিত ছিলেন। অর্থ বিভাগ: জেলা প্রশাসকদের নিজ নিজ জেলার উন্নয়ন পরিকল্পনা ও সম্ভাব্য ব্যয়ের বাজেট তৈরির নির্দেশ দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ডিসিদের পক্ষ থেকে অর্থ ছাড় করার ক্ষেত্রে বিলম্বের কথা তুলে ধরা হয়। অর্থসচিব মো. তারেক ও ব্যাংকিং বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী এতে উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়: ডিসিরা সীমান্ত নিরাপত্তা জোরদার করতে আরও কাছাকাছি সীমান্ত চৌকি নির্মাণ, পুলিশ ফাঁড়ি বাড়ানো, আইনশৃঙ্খলা কমিটিতে পুলিশের উপস্থিতি নিশ্চিত করা এবং তাঁদের ওপর কর্তৃত্ব করার বিধান এবং র্যাবকে আইনশৃঙ্খলা কমিটিতে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেন বলে জানা যায়। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন পরে সাংবাদিকদের বলেন, যেখানে র্যাব আছে সেখানে আইনশৃঙ্খলা কমিটিতে র্যাবকে সম্পৃক্ত করা যেতে পারে। জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে ডিসিদের সতর্ক থেকে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার বলেন, টেন্ডারবাজি ও চাঁদাবাজি দমনে ইতিমধ্যে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে। সে অনুযায়ী সবাইকে কাজ করতে তিনি অনুরোধ করেন। সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হকও উপস্থিত ছিলেন। ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়: এ মন্ত্রণালয়ের আলোচনায় অর্পিত সম্পত্তিসংক্রান্ত জটিলতা নিরসন, খাসজমি বণ্টন, নদীর তীর সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় ডিসিদের ভূমিকা নিয়ে আলোচনা হয়। ডিসিদের পক্ষ থেকে আইনি জটিলতার কথা তুলে ধরা হয়। ভূমি রক্ষায় সরকারি আইনজীবীদের ডিসিদের অধীনে দেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরা হয়। জলমহাল, হাটবাজার, হাওর-বাঁওড় প্রভৃতি যথাসময়ে ইজারা দেওয়া ও সরকারের উপযুক্ত মূল্য পাওয়া নিশ্চিত করার তাগিদ দেন ভূমিমন্ত্রী রেজাউল করিম। ভূমি প্রতিমন্ত্রী মুস্তাফিজুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।