জঙ্গি ও সন্ত্রাসবাদ ঠেকাতে সজাগ থাকতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ যাতে আবার জঙ্গি ও সন্ত্রাসবাদে আক্রান্ত না হয়, সে জন্য দেশবাসীকে সজাগ থাকতে হবে।গতকাল শনিবার আওয়ামী লীগের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি এ সময় বিরোধী দলসহ বিভিন্ন মহলের সমালোচনা খণ্ডন করেন।শেখ হাসিনা বলেন, ‘সম্মান দেওয়ার মালিক আল্লাহ। বিরোধীদলীয় নেত্রী এখন বলছেন, আগামী নির্বাচনে ১০টি আসনও নাকি পাব না। জানি না, এটা আবার তাঁদের ক্ষেত্রেই প্রযোজ্য হয়ে যায় কি না।’নিজের দল প্রসঙ্গে আওয়ামী লীগের সভানেত্রী বলেন, বাংলাদেশে যত উন্নয়ন ও অর্জন তার সবই আওয়ামী লীগের অবদান। বাঙালি জাতি যা চেয়েছে তা সবই পেয়েছে আওয়ামী লীগের কাছ থেকে। কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের উৎপাদিত বিদ্যুৎ যাঁরা ভোগ করে যাচ্ছেন, তাঁরাই উল্টো বলছেন, দেশের সর্বনাশ হয়ে গেছে। কিন্তু কোথায় সর্বনাশটা হয়েছে? মাত্র তিন বছরেই আমরা প্রায় তিন হাজার ৪০০ মেগাওয়াট নতুন বিদ্যুৎ উৎপাদন করেছি। এই বিদ্যুতের কারণে দেশের কল-কারখানা চালু রয়েছে।’বর্তমান সরকারের আমলে প্রতিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে দাবি করেন শেখ হাসিনা।পোশাকশিল্পের সাম্প্রতিক অস্থিরতা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, কারও উসকানিতে কারখানা ভাঙচুর করে সর্বনাশ ডেকে আনা হচ্ছে। তিনি বলেন, ‘ক্ষমতায় এসে আমি নিজে গার্মেন্টস মালিকদের চাপ দিয়ে শ্রমিকদের বেতন-ভাতা বাড়িয়েছি। ন্যূনতম মজুরি তিন হাজার টাকা করেছি। কিন্তু মাত্র দেড় বছরের মাথায় বেতন-ভাতার নামে অন্যের উসকানিতে কারখানা ভাঙচুর হচ্ছে।’শ্রমিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘যে প্রতিষ্ঠানে চাকরি করে জীবিকা নির্বাহ করছেন, সেই প্রতিষ্ঠান ধ্বংস করে কেন নিজেদের সর্বনাশ করছেন? কারখানা বন্ধ হলে তো গ্রামে চলে যেতে হবে।’ আমির হোসেন আমু বলেন, ‘বিনা শর্তে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে।’সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, আওয়ামী লীগের ৬৩ বছরের পথচলায় ৩২ বছরই নেতৃত্ব দিয়েছেন শেখ হাসিনা। এই ৩২ বছরে তিনি সামরিক ও স্বৈরশাসন, জঙ্গিবাদ-মৌলবাদ ও স্বাধীনতাবিরোধীদের শাসন থেকে দেশকে মুক্ত করেছেন। শেখ হাসিনাকে আরও ৩২ বছর আওয়ামী লীগের নেতৃত্বে থাকতে হবে। তাহলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুণ্ন থাকবে। সাংবাদিক রাহাত খান বলেন, বঙ্গবন্ধুর মতো এত বড় সংগঠক সত্যিই বিশ্বের ইতিহাসে বিরল। ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন বলেন, আওয়ামী লীগের শত অর্জনের মধ্যে এক নম্বর হচ্ছে দেশ ও জনগণের জন্য নেতা-কর্মীদের মহান আত্মত্যাগ। আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা সৈয়দা সাজেদা চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, আবদুল লতিফ সিদ্দিকী, মোহাম্মদ নাসিম, এম এ আজিজ, মোফাজ্জল হোসেন চৌধুরী, জাসদের হাসানুল হক ইনু, জাতীয় পার্টির রুহুল আমিন হাওলাদার প্রমুখ।সভা পরিচালনা করেন নূহ উল আলম লেনিন ও অসীম কুমার উকিল।যথাযোগ্য মর্যাদায় ঢাকাসহ সারা দেশে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। রাজধানীতে গতকাল সন্ধ্যায় বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরাসহ বিশিষ্ট শিল্পীরা সংগীত পরিবেশন করেন।আত্মজীবনী পাওয়া যাবে স্মৃতি জাদুঘরে: বঙ্গবন্ধুর সদ্য প্রকাশিত আত্মজীবনী গ্রন্থের বাংলা ও ইংরেজি সংস্করণ ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে পাওয়া যাবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ কথা জানিয়েছেন।