জঙ্গি ও সন্ত্রাসী কাজে অর্থায়নের শাস্তি মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি তত্পরতা ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে অর্থায়নের অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে সন্ত্রাস বিরোধী (সংশোধন) আইন-২০১১ মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।আইনানুযায়ী ব্যাংক ছাড়া এনজিওসহ সব ধরনের আর্থিক প্রতিষ্ঠানের সন্দেহজনক আর্থিক লেনদেন সরকার তদন্ত করতে পারবে। ওইসব প্রতিষ্ঠানও সরকারকে এ-সংক্রান্ত যাবতীয় তথ্য দিতে বাধ্য থাকবে। বিদ্যমান আইনে কেবল ব্যাংকের আর্থিক লেনদেন তদন্ত করার ক্ষমতা ছিল সরকারের। কিন্তু এ ক্ষমতা আরও বাড়ানো এবং আন্তর্জাতিক মানের করার জন্যই তা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়। জাতীয় সংসদে পাস হওয়ার পর আইনটি কার্যকর হবে।এ ছাড়া বৈঠকে গত তিন বছরে সরকারের সাফল্য-ব্যর্থতাসহ বিভিন্ন মন্ত্রণালয় ও মন্ত্রীদের বিভিন্ন সময়ে গণমাধ্যমে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে, তা নিয়েও আলোচনা হয়। অসত্য সংবাদ পরিবেশন করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রেস কাউন্সিলে আপত্তি জানানোর পরামর্শ দেওয়া হয়।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং একই কাজে অর্থায়ন বন্ধে সন্ত্রাসবিরোধী আইন অনুমোদন দেওয়া হয়েছে। আগেও আইনটি ছিল কিন্তু কিছু অস্পষ্টতা ছিল। এখন আইনটিকে যুগোপযোগী করা হয়েছে। এ ছাড়া বৈঠকে পাওয়ার অব অ্যাটর্নি আইন-২০১১, দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১১ ও পাটনীতি অনুমোদন দেওয়া হয় বলে তিনি জানান।সন্ত্রাসবিরোধী আইন: সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থ জোগানের অপরাধ-সংক্রান্ত বিষয়ে সুস্পষ্ট কিছু না থাকায় আইনটি সংশোধন করা হচ্ছে। ব্যাংক, বিমা, মানিচেঞ্জার, অর্থ স্থানান্তরকারী কোম্পানি, স্টক ডিলার, মার্চেন্ট ব্যাংকার, লাভজনক সংস্থা, সমবায় সমিতিসহ বাংলাদেশ ব্যাংক অনুমোদিত বিভিন্ন সংস্থা আর্থিক লেনদেন করে থাকে। বিদ্যমান আইনে ব্যাংকে আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করা হলেও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের বিষয়ে নির্দিষ্ট করা নেই। সংশোধনীতে ব্যাংকসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হয়েছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে আর্থিক লেনদেন করে সন্ত্রাসী কাজে ব্যবহার করা হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে। আইনে কারও বিরুদ্ধে জঙ্গি ও সন্ত্রাসী কাজে অর্থের জোগানের অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।এ ছাড়া অপরাধের ধরন অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড বা অনূর্ধ্ব ২০ বছর এবং অন্যূন তিন বছর পর্যন্ত যেকোনো মেয়াদের সশ্রম কারাদণ্ড বা অতিরিক্ত অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। আইনানুযায়ী, বাংলাদেশের ভেতরে থেকে অন্য কোনো দেশে সন্ত্রাসী কাজ করলে তার বিচার করার ব্যবস্থা আইনে রাখা হয়েছে। এমনকি বিদেশি রাষ্ট্রের বা সংস্থার অনুরোধে সংশ্লিষ্ট সন্ত্রাসীর সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। সংশোধিত খসড়া আইনে কোনো ব্যক্তি বা সংস্থা অন্য কাউকে সন্ত্রাসী কাজে অর্থ বা সম্পত্তি ব্যবহারে প্ররোচিত করলে তাকে ওই অর্থ সরবরাহের দায়ে দোষী সাব্যস্ত করার সুযোগ রাখা হয়েছে। কোনো সংস্থা এ অপরাধ করলে চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহীকে দোষী করা যাবে