জঙ্গি গ্রেপ্তার ও বোমা হামলা নিয়ে উত্তপ্ত সংসদ: বিএনপির ওয়াকআউট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার কার্যালয়ের সামনে বোমা হামলা এবং পাকিস্তানি পাঁচ জঙ্গি গ্রেপ্তারের ঘটনা নিয়ে সংসদ আজ সোমবার রাতে কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে। আওয়ামী লীগের সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত এ দুটি বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি চেয়ে বক্তব্য শুরু করলে বিএনপি সংসদ থেকে ওয়াকআউট করে। রাতে আর তারা সংসদে ফিরে আসেনি।রাতে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা শেষে পয়েন্ট অব অর্ডারে সুরঞ্জিত সেনগুপ্ত বক্তব্য শুরু করেন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, পাকিস্তানি পাঁচ জঙ্গিকে গ্রেপ্তারের কারণে শুধু বাংলাদেশ নয়, গোটা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা নিশ্চিত হয়েছে। তিনি বলেন, এ জঙ্গিদের পেছনে রয়েছে জামায়াত আর তাদের পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে বিএনপি।বিএনপি-জামায়াত আন্তর্জাতিক জঙ্গিবাদের সঙ্গে রয়েছে এমন দাবি করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, তারা (বিএনপি-জামায়াত) আন্তর্জাতিক জঙ্গিবাদের সঙ্গে যুক্ত। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অন্যতম কারণ বিএনপি-জামায়াত জোট।সুরঞ্জিতের এই বক্তব্যের প্রতিবাদে বিরোধীদলীয় সাংসদ মওদুদ আহমদের নেতৃত্বে আটটা পাঁচ মিনিটে বিএনপি অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, খালেদা জিয়ার কার্যালয়ের সামনে বোমার পেছনে খন্দকার দেলোয়ারের ছেলে আখতার হামিদ ওরফে পবন রয়েছে। এটা প্রাথমিক তদন্তে প্রমাণিত। হাসাপাতালে যাওয়ার নাটক করে পবন আজ পালিয়েছেন।ওয়াকআউটের পরে বিএনপি আর সংসদে ফিরে না এলেও সংসদ ভবনে এক প্রেস ব্রিফিং করেছে। ব্রিফিংয়ে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদীন বলেন, জঙ্গি গ্রেপ্তার ইস্যুতে বিএনপিকে জড়ানোর প্রতিবাদে বিরোধী দল ওয়াকআউট করেছে।