জঙ্গি গ্রেপ্তার নিয়ে সংসদ উত্তপ্ত, বিরোধী দলের ওয়াকআউট
বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ এবং পাকিস্তানিসহ পাঁচ জঙ্গিকে গ্রেপ্তারের ঘটনা নিয়ে জাতীয় সংসদের অধিবেশন গতকাল সোমবার রাতে কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে। আওয়ামী লীগের সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত এ দুটি বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি চেয়ে বক্তব্য শুরু করলে একপর্যায়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর সাংসদেরা ওয়াকআউট করেন। গত রাতে তাঁরা আর সংসদে ফেরেননি। রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা শেষে পয়েন্ট অব অর্ডারে সুরঞ্জিত সেনগুপ্ত বক্তব্য শুরু করেন। পাকিস্তানি এক নাগরিকসহ জঙ্গি সংগঠন জইশে মুহাম্মদের পাঁচ সদস্যের গ্রেপ্তারের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, এ অঞ্চলের সব জঙ্গি হামলার পেছনে রয়েছে বিএনপি ও জামায়াত। স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এ জঙ্গিদের গ্রেপ্তারের কারণে শুধু বাংলাদেশ নয়, গোটা দক্ষিণ এশিয়ার শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হয়েছে। এ জঙ্গিদের পেছনে রয়েছে জামায়াত আর তাদের পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে বিএনপি। সুরঞ্জিত বলেন, এই জইশ-ই-মোহাম্মদের সদস্য হলেন চাঁদপুর বিএনপির নেতা মহিউদ্দিন মিয়া। আগে তিনি জামায়াত করতেন। তিনি বলেন, খালেদা জিয়ার কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণের পেছনে খোন্দকার দেলোয়ারের ছেলে আখতার হামিদ পবন রয়েছেন। এটি প্রাথমিক তদন্তে প্রমাণিত। হাসপাতালে যাওয়ার নাটক করে পবন আজ পালিয়েছেন। রাজনীতির এ খলনায়কদের দলই হলো বিএনপি। রাজনীতিকে তারা কলুষিত করতে চাইছে।এ বক্তব্যের প্রতিবাদে রাত আটটা পাঁচ মিনিটে মওদুদ আহমদের নেতৃত্বে বিএনপির সদস্যরা ওয়াকআউট করেন। জামায়াতের দুজন সাংসদের মধ্যে গতকাল উপস্থিত থাকা একজন সদস্যও এ সময় ওয়াকআউট করেন। বিএনপি ও জামায়াতের ওয়াকআউটের পর হুইপ মির্জা আজম বলেন, ‘বিরোধীদলীয় নেতার কার্যালয়ের সামনে বোমা ফাটিয়েছেন পবন। আর আমি ওই ঘটনার পর গুলশান যাওয়ার কারণে বিরোধী দলের চিফ হুইপ আক্রোশবশে আমার নাম জড়িয়েছেন।’ওয়াকআউটের পর বিএনপি সংসদ ভবনে সংবাদ ব্রিফিং করে। ব্রিফিংয়ে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, জঙ্গি গ্রেপ্তার ইস্যুতে বিএনপিকে জড়ানোর প্রতিবাদে বিরোধী দল ওয়াকআউট করেছে।রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা: এদিকে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকারি ও বিরোধী দলের সদস্যরা একে অপরের সরকারকে দেশ পরিচালনায় ব্যর্থ হিসেবে আখ্যায়িত করেন। জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা নিয়ে দুই পক্ষ কয়েক দফা বিতর্কেও জড়ায়। এতে প্রাণবন্ত সংসদ কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে। সরকারি দলের সদস্যরা চারদলীয় জোট সরকারের সমালোচনা করে বলেন, ওই সরকারের দুর্নীতি, স্বজনপ্রীতির কারণেই দেশে ১/১১-এর মতো অগণতান্ত্রিক সরকার এসেছিল। জিনিসপত্রের দাম আকাশচুম্বী হয়েছিল। সারের বদলে তাঁরা কৃষকদের বুলেট দিয়েছিলেন। জবাবে বিরোধী দলের সদস্যরা বলেন, বর্তমান সরকার দিনবদলের নামে নাম বদলের হীন রাজনীতি করছে। ১০ টাকা কেজি দরে চাল খাওয়ানোর কথা বললেও এখন ৪০ টাকায়ও চাল পাওয়া যাচ্ছে না। বর্তমান সরকার ভারতের সঙ্গে দেশবিরোধী চুক্তি করেছে। এ নিয়ে সারা দেশের মানুষ আতঙ্কে আছে। সরকারি দলের সুবিদ আলী ভুঁইয়া বলেন, ঘোষণা দিয়ে মার্শাল ল’ জারি করা যায়, দেশ স্বাধীন করা যায় না। বাংলাদেশেও রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমেই দেশ স্বাধীন হয়েছিল। তাই যাঁরা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বানাতে চান, তাঁরা তাঁকে ছোট করতে চান। বিএনপির জাফরুল ইসলাম চৌধুরী বলেন, জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষক, এ নিয়ে কোনো বিতর্ক নেই। যাঁরা বিতর্ক করতে চান, তাঁরা মিথ্যাচার করছেন।আলোচনায় আরও অংশ নেন আওয়ামী লীগের এইচ এম আশিকুর রহমান, কবিরুল হক, জাফর আলী, বেগম হাবিবুন নাহার, মতিউর রহমান, বিএনপির মজিবর রহমান সরোয়ার, লুত্ফর রহমান, জাতীয় পার্টির মইদুল ইসলাম প্রমুখ। অধিবেশন আজ মঙ্গলবার বিকেল তিনটা পর্যন্ত মুলতবি করা হয়।