জঙ্গি জাতি হিসেবে বদনাম মুছতে চাই: প্রধানমন্ত্রী
শান্তি ও সম্প্রীতির দেশ হিসেবে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে ইমামদের (ইসলামিক ধর্মীয় নেতা) এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘সন্ত্রাসী ও জঙ্গি জাতি হিসেবে বিদেশে আমাদের বদনাম পুরোপুরি মুছে ফেলতে চাই।’আজ বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় ইমাম সম্মেলন-২০১১-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধে জড়িত ব্যক্তিরা দেশে জঙ্গি ও সন্ত্রাসবাদ বিস্তারের জন্য দায়ী উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার হবেই, যাতে তারা ভবিষ্যতে এ ধরনের অপরাধ আর না ঘটাতে পারে।’ তিনি বলেন, যুদ্ধাপরাধীদের শাস্তি না হলে ভবিষ্যতে অন্যরা এ ধরনের ঘৃণ্য অপরাধ সংঘটনে উদ্বুদ্ধ হতে পারে।শেখ হাসিনা আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের দল। কাজেই তাদের সব কর্মকাণ্ডই জনকল্যাণমুখী। তিনি বলেন, সৌদি কর্তৃপক্ষ এ বছর হজ ব্যবস্থাপনায় সাফল্যের স্বীকৃতস্বরূপ দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশেকে প্রশংসাপত্র প্রদান করেছে। এই জাতির বিভিন্ন অর্জন যাতে কেউ নস্যাত্ করতে না পারে, সে জন্য তিনি ইমামদের সর্বদা সজাগ থাকার আহ্বান জানান এবং ভবিষ্যতে ইমামদের মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন।ধর্ম প্রতিমন্ত্রী এম শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ধর্মবিষয়ক সচিব কাজী হাবিবুল ইসলাম, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল, ইউএনএফপিএর স্থানীয় প্রতিনিধি আর্থার এরকেন ও প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম। এ ছাড়া মন্ত্রী, সাংসদ, কুটনীতিক ও ধর্মীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন। বাসস।