বিশ্ব ইজতেমার প্রস্তুতি সভায় স্বরাষ্ট্রমন্ত্রী
জঙ্গি তত্পরতা ও নাশকতা ঠেকাতে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, ‘ইজতেমা ময়দানে জঙ্গি তত্পরতা ও নাশকতা ঠেকাতে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে। যেকোনো ভালো কাজেই ষড়যন্ত্র লেগে থাকে। তাই আমাদের আরও সতর্কভাবে কাজ করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ হলো আইনশৃঙ্খলা রক্ষা করা। আইনশৃঙ্খলা রক্ষা করতে এবার ইজতেমাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ১৮ হাজার সদস্য মোতায়েন থাকবে।’আজ রোববার দুপুর ১২টার দিকে টঙ্গী পৌরসভা মিলনায়তনে বিশ্ব ইজতেমার সর্বশেষ প্রস্তুতিমূলক সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বক্তব্য দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, গাজীপুর-২ আসনের সাংসদ জাহিদ আহসান, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবাহান শিকদার, পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ, র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার, ঢাকা বিভাগীয় কমিশনার শওকত হোসেন, টঙ্গী পৌরসভার মেয়র আজমত উল্লা খান, গাজীপুর জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন তালুকদার, তাবলিগের মুরব্বি সাবেক শিক্ষাসচিব মো. এরশাদুল হক প্রমুখ। সভায় ইজতেমার কাজে জড়িত সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও প্রতিনিধিরা ইজতেমার প্রস্তুতিমূলক কাজের অগ্রগতি তুলে ধরেন।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেন, ‘আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে না পারলে সবকিছু ব্যর্থ হয়ে যাবে। এ ব্যাপারে আমরা সজাগ রয়েছি।’পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ বলেন, ইজতেমা চলাকালে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সীমান্ত এলাকা দিয়ে যাতে কোনো জঙ্গি দেশে ঢুকতে না পারে, সে ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হয়েছে। যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে ইজতেমা ময়দান, এর প্রবেশদ্বারসহ গুরত্বপূর্ণ স্থানগুলোতে সিসি ক্যামেরা বসানো হবে। ইজতেমায় পর্যবেক্ষণ টাওয়ার থাকবে ও র্যাবের হেলিকপ্টার আকাশে টহল দেবে।তবে তাবলিগের মুরব্বি মো. এরশাদুল হক মাঠে ডগস্কোয়াড ব্যবহার এবং সিসি ক্যামেরায় ছবি ধারণ না করার অনুরোধ জানান।