জঙ্গি তৎপরতার ব্যাপারে সতর্ক থাকুন, জেলা প্রশাসকদের প্রধানমন্ত্রী
দেশে জঙ্গি তৎপরতা ও অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের ব্যাপারে সতর্ক থাকতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ রোববার তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন ২০১০-এর উদ্বোধন করে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী জেলা প্রশাসকদের সেবার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, মাঠপর্যায় থেকে জনগণের কথা জেনে সরকারের উচ্চপর্যায়ে জানালে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি জেলা প্রশাসকদের সব ধরনের ভয়-ভীতি, অনুরাগ-বিরাগ ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে কাজ করারও নির্দেশ দেন। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব এম আবদুল আজিজ উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও বিভাগীয় কমিশনাররা উপস্থিত ছিলেন।