জঙ্গি দমনে সহায়তা কমল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে মার্কিন সাহায্যে বড় ধরনের পুনর্বিন্যাস ঘটছে। জঙ্গি দমনে সহায়তা কমিয়ে বাড়ানো হচ্ছে কৃষি ও স্বাস্থ্য খাতে। একই সঙ্গে ২০১০-১১ অর্থবছরে (অক্টোবর থেকে সেপ্টেম্বর) বাংলাদেশের জন্য ২৩ শতাংশ অর্থ বেশি চেয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। গত জুলাই মাসে মার্কিন সিনেটের বিদেশি সহায়তা-সম্পর্কিত অ্যাপ্রোপ্রিয়েশন কমিটি এ প্রস্তাব অনুমোদন করে। জানা গেছে, যুক্তরাষ্ট্রের বিদেশি সহায়তা কার্যক্রমের পরিচালক ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) প্রধান রাজীব শাহ গত মার্চে মার্কিন কংগ্রেসের বিদেশি সহায়তা-সম্পর্কিত কমিটির কাছে ২০১০-১১ সালের বাজেট প্রস্তাবে বাংলাদেশের জন্য মোট ২০ কোটি ৭১ লাখ ২৭ হাজার ডলার অর্থ বরাদ্দ চান। স্থানীয় মুদ্রায় যার পরিমাণ এক হাজার ৪৪৯ কোটি টাকা। চলতি অর্থবছরে এর পরিমাণ রয়েছে ১৬ কোটি ৮৫ লাখ ডলার বা এক হাজার ১৭ কোটি টাকা।ইউএসএআইডি সূত্রে জানা গেছে, গত পাঁচ বছরে বাংলাদেশে মার্কিন সহায়তা দ্বিগুণ হয়েছে। ২০০৪ অর্থবছরে বাংলাদেশে তাদের সাহায্যের পরিমাণ ছিল নয় কোটি ২১ লাখ ডলার, ২০০৭ অর্থবছরে আট কোটি ৫২ লাখ ডলার আর ২০১১ অর্থবছরে তা ২০ কোটি ডলার ছাড়িয়ে যাবে।এ ছাড়া চলতি বছরে নৌবাহিনী ও কোস্টগার্ডের জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া ২১টি নৌযানের চালান গত কয়েক মাসে বাংলাদেশে এসে পৌঁছেছে। সমুদ্রসীমায় নিয়মিত টহল, অনুসন্ধান, পুনরুদ্ধার, বন্দর নিরাপত্তা এবং আইন প্রয়োগের কাজে এ নৌযান ব্যবহূত হবে। ২২৫ হর্স পাওয়ার হোন্ডা ইঞ্জিন দ্বারা চালিত এই নৌযান এম-৬০ ও এম-২৪০ মেশিনগান অস্ত্রে সজ্জিত।২০১১ অর্থবছরের জন্য মার্কিন কংগ্রেসে বাংলাদেশের জন্য যে সাহায্য চাওয়া হয়েছে, তাতে দেখা গেছে, চলতি অর্থবছরের তুলনায় উন্নয়ন সাহায্য বাড়ানো হচ্ছে এক কোটি ৫৭ লাখ ডলার। জঙ্গি দমনে চলতি অর্থবছরে বরাদ্দ আছে ৪১ লাখ ২৫ হাজার ডলার। সেটিকে কমিয়ে করা হচ্ছে ২৫ লাখ ডলার। এসব অর্থ মূলত প্রশিক্ষণকাজে ব্যবহূত হবে। সার্বিকভাবে নিরাপত্তা খাত-সংশ্লিষ্ট সহায়তা চলতি অর্থবছরে আছে ৭৮ লাখ ডলার। সেটি কমিয়ে আগামী অর্থবছরে করা হচ্ছে ৬১ লাখ ৭৫ হাজার ডলার।যোগাযোগ করা হলে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস কর্তৃপক্ষ প্রথম আলোকে বলেছে, জঙ্গি ও সন্ত্রাসবাদবিরোধী কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার বাংলাদেশ এবং জঙ্গিবাদ দমনে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি অব্যাহত থাকবে।আগামী অর্থবছরে আইনের শাসন প্রতিষ্ঠা ও মানবাধিকার বিষয়ে বরাদ্দ বাড়ানো হয়েছে ১৩ লাখ ডলার। সুশাসন প্রতিষ্ঠার কাজে সহায়তার জন্য ২০১০-১১ অর্থবছরে বরাদ্দ আছে এক কোটি ১৮ লাখ ডলার।এ ব্যাপারে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) সভাপতি আফতাব উল ইসলাম বলেছেন, পরিবর্তিত গণতান্ত্রিক পরিস্থিতি অতিরিক্ত সাহায্য পাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখছে। তিনি আরও বলেন, বাংলাদেশ বিপুল জনগোষ্ঠীর খাদ্যনিরাপত্তা ও নিরাপদ স্বাস্থ্য নিশ্চিত করা সরকারের একার পক্ষে একটা দুরূহ কাজ। সেটিকে বিবেচনায় নিয়ে যুক্তরাষ্ট্র এ খাতগুলোতে সহায়তা বাড়াচ্ছে বলে তিনি মনে করেন।কৃষি খাতের উন্নয়ন: বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নে আগামী অর্থবছরে বরাদ্দ চার কোটি ৩৫ লাখ ডলার। এ বছর এ খাতে বরাদ্দ আছে দুই কোটি ৯৮ লাখ ডলার। এ অর্থ উন্নত জাতের বীজের প্রযুক্তি হস্তান্তর, বিতরণ ব্যবস্থার উন্নয়নে ব্যবহার করা হবে।সুশাসন ও গণতন্ত্রের জন্য: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশে সুশাসন ও গণতন্ত্রের জন্য আগামী অর্থবছরে দুই কোটি ৪৬ লাখ ৬২ হাজার ডলার বরাদ্দ দিয়েছে। গত বছর এ খাতে বরাদ্দ ছিল দুই কোটি ৩২ লাখ ডলার। দুর্নীতিবিরোধী কার্যক্রম ও সংস্কারকে এগিয়ে নেওয়া, স্থানীয় সরকার শক্তিশালী করা, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে সহায়তা দেওয়া এবং সংসদীয় কমিটির সক্ষমতা বাড়ানোসহ বিভিন্ন কাজে এ অর্থ ব্যয় করা হবে।স্বাস্থ্য খাত: আগামী অর্থবছরের বাজেটে স্বাস্থ্য খাতে সহায়তার ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। চলতি অর্থবছরে দুটি উপখাতে বরাদ্দ আছে প্রায় সাড়ে সাত কোটি ডলার। আগামী অর্থবছরে ১০ কোটি ডলারের বেশি বরাদ্দ দেবে ইউএসএআইডি। মূলত মাতৃস্বাস্থ্য ও শিশুমৃত্যুর হার কমাতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পে এই অর্থ ব্যয় হবে। জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রমেও ব্যবহূত হবে মার্কিন সাহায্যের একটা বড় অংশ। এসব কাজে সরকারি সংস্থাকে নানাভাবে কারিগরি সহায়তা দেবে সেভ দ্য চিলড্রেন ইউএসএ, আইসিডিডিআরবির মতো বেসরকারি সংগঠনগুলো।মানবিক সাহায্য কমছে: গত কয়েক বছরের তুলনায় এবার মানবিক সাহায্য কমিয়ে আনা হয়েছে। সিডর ও আইলার কারণে উপকূলীয় জেলাগুলোতে বড় আকারে মার্কিন সহায়তা এসেছিল। চলতি অর্থবছরে মানবিক সহায়তা বাংলাদেশ পেয়েছে ৬৫ লাখ ডলার বা প্রায় ৪৫ কোটি টাকা। আগের বছরে এটি ছিল পাঁচ কোটি ৫৬ লাখ ডলার বা ৩৮৩ কোটি ৬৪ লাখ টাকা। আর আগামী ২০১০-১১ অর্থবছরে চাওয়া হয়েছে মাত্র ৫৬ লাখ ৫০ হাজার ডলার।