জঙ্গি নেতা পেলে আবার অভিযান হবে পাকিস্তানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, পাকিস্তানে আরও কোনো শীর্ষস্থানীয় জঙ্গি নেতা পাওয়া গেলে প্রয়োজনে আবারও লাদেনের ঘটনার মতো একতরফা অভিযান চালানো হবে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা বলেন, তিনি পাকিস্তানের সার্বভৌমত্বের বিষয়ে সচেতন, কিন্তু হাত গুটিয়ে বসে থেকে সন্ত্রাসবাদীদের পরিকল্পনা বাস্তবায়িত হতে দেওয়া যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব নয়। ইউরোপ সফর শুরুর আগে বৃহস্পতিবার হোয়াইট হাউসে বিবিসিকে এ সাক্ষাৎকার দেন বারাক ওবামা। গতকাল রোববার এটি প্রচারিত হয়।মার্কিন কমান্ডোরা ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে অভিযান চালিয়ে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করে। যুক্তরাষ্ট্র এভাবে পাকিস্তানি কর্তৃপক্ষকে অন্ধকারে রেখে অভিযান চালানোয় দুই মিত্র দেশের মধ্যে তিক্ততা সৃষ্টি হয়েছে। সাক্ষাৎকারে ওবামার কাছে জানতে চাওয়া হয়, পাকিস্তান বা অন্য কোনো স্বাধীন দেশে আল-কায়েদার কোনো বড় নেতা বা তালেবান নেতা মোল্লা ওমরের খোঁজ পাওয়া গেলে তিনি কী করবেন। উত্তরে ওবামা বলেন, তিনি সে ক্ষেত্রে প্রয়োজনে একতরফা হামলা চালাবেন।সাক্ষাৎকার গ্রহণকারীকে ওবামা বলেন, ‘পাকিস্তানিদের আমি সব সময় পরিষ্কার জানিয়ে এসেছি, আমাদের কাজ হচ্ছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা। ... আমরা পাকিস্তানের সার্বভৌমত্বের ব্যাপারে খুবই শ্রদ্ধাশীল। কিন্তু কেউ আমাদের জনগণ বা আমাদের মিত্র দেশের মানুষকে হত্যা করার জন্য সক্রিয়ভাবে পরিকল্পনা করলে তাদের সুযোগ দিতে পারি না। কিছুই না করে বসে থেকে ওই সব সক্রিয় পরিকল্পনা বাস্তবায়িত হতে দিতে পারি না আমরা।’লাদেনকে হত্যার ঘটনার কয়েক দিন পর পাকিস্তানের পার্লামেন্টে অনুমোদিত এক প্রস্তাবে বলা হয়, দেশটির এ ধরনের একতরফা কাজ আর সহ্য করবে না এবং এর পুনরাবৃত্তির পরিণতি হবে ভয়াবহ।পাকিস্তানের সীমান্ত এলাকায় সন্দেহভাজন জঙ্গিদের বিরুদ্ধে মানববিহীন বিমান (ড্রোন) থেকে পরিচালিত নিয়মিত মার্কিন হামলাও সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ের দুই সহযোগীর মধ্যে মনোমালিন্যের কারণ হয়ে দাঁড়িয়েছে। লাদেন কয়েক বছর ধরে সেখানে লুকিয়ে থাকলেও পাকিস্তানি কর্তৃপক্ষ কী করে তা জানতে পারল না জোরের সঙ্গে সে প্রশ্ন তুলেছে যুক্তরাষ্ট্র।সাক্ষাৎকারে আফগানিস্তান বিষয়ে ওবামা বলেন, এ সমস্যার সামরিক সমাধান সম্ভব নয়, তবে মার্কিন সেনাশক্তি বৃদ্ধির ফলে তালেবান এমনভাবে কোণঠাসা হয়েছে যে তা রাজনৈতিক সমাধানের পথ সুগম করতে পারে। ওবামা বলেন, ‘শেষ পর্যন্ত তালেবানের সঙ্গে আলোচনার দিকেই যাচ্ছি আমরা। তাদের আল-কায়েদার সঙ্গে সব সম্পর্ক এবং সহিংসতা পরিত্যাগ করতে হবে। আফগান সংবিধানকেও মান্য করতে হবে।’ রোববার মার্কিন প্রেসিডেন্টের ইউরোপ সফরে রওনা হওয়ার কথা। আয়ারল্যান্ড প্রজাতন্ত্র দিয়ে শুরু করে পরে তিনি যুক্তরাজ্য, ফ্রান্স ও পোল্যান্ড সফর করবেন। সফরে ওবামার আলোচ্যসূচিতে রয়েছে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার অস্থিতিশীল পরিস্থিতি, আফগান যুদ্ধ এবং ইউরোপের চলমান অর্থনৈতিক সংকট। বিবিসি, এএফপি।