জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদের পাঁচ সদস্য গ্রেপ্তার
এক পাকিস্তানি নাগরিকসহ পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদের পাঁচ সদস্যকে র্যাব গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে গত শনিবার রাতে ঢাকা কলেজের উল্টো দিকের সুকন্যা টাওয়ার থেকে চারজনকে এবং একটি আবাসিক হোটেল থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। ঢাকায় এক পাকিস্তানিসহ সন্দেহভাজন পাঁচ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। র্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল জিয়া আহসান প্রথম আলোকে জানান, গ্রেপ্তার করা পাঁচজন হলেন জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদের শীর্ষস্থানীয় নেতা রেজওয়ান আহমেদ, বাংলাদেশে তাঁর প্রধান সহযোগী বিল্লাল হোসেন ও তাঁদের আশ্রয়দাতার চাঁদপুরে স্থানীয় বিএনপি নেতা মহিউদ্দিনের দুই ছেলে মুন্না ও সাদেক এবং মহিউদ্দিনের ভাগনে নাসের আহমেদ। তবে মহিউদ্দিন ও তাঁর ভাই সালাউদ্দিনকে ধরা যায়নি বলে গোয়েন্দা প্রধান জানান।র্যাব কর্মকর্তার জানান, গ্রেপ্তারের পর রিজওয়ান স্বীকার করেছেন, তিনি জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদের শীর্ষস্থানীয় নেতা। তিনি সব ধরনের বিস্ফোরক তৈরিতে বিশেষজ্ঞ। এ ছাড়া একে-৪৭, একে-৫৬, উজিসহ সব ধরনের অস্ত্র চালানোতে প্রশিক্ষণপ্রাপ্ত।গ্রেপ্তার করা বিল্লাল হোসেন ভারতে বিমান ছিনতাই মামলার আসামি। ১৯৯৯ সালে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ইন্ডিয়ান এয়ারলাইনসের একটি বিমান ছিনতাই হয়। পরে ছিনতাইকারীরা বিমানটি কান্দাহারে নিয়ে গিয়ে যাত্রীদের মুক্তি দেয়। এ সময় ছিনতাইকারীরা নির্বিঘ্নে পালিয়ে যায়।র্যাব কর্মকর্তারা নিশ্চিত হন, জঙ্গিদের প্রধান আশ্রয়দাতা চাঁদপুরের স্থানীয় ইউনিয়ন বিএনপির নেতা মহিউদ্দিন ও তাঁর ভাই সালাউদ্দিন। মহিউদ্দিনের ছেলে ও ভাগনে জঙ্গিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করেন। তাঁরা নিজেদের কর্মকাণ্ড চালাতে সুকন্যা টাওয়ারে বাসা ভাড়া নেন।