গোপন জঙ্গি সংগঠন আনসারউল্লাহ বাংলা টিমের আরও নয় সদস্যকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গতকাল রোববার এক সংবাদ সম্মেলন করে এ খবর জানিয়েছে ডিবি। কর্মকর্তাদের দাবি, গত শনিবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এই নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম বিশ্বব্যাপী সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার মতাদর্শে বিশ্বাসী।তবে সংশ্লিষ্ট অন্য একাধিক সূত্র থেকে জানা গেছে, এর আগে ১২ আগস্ট বরগুনায় আনসারুল্লাহর প্রধান মুফতি জসীমউদ্দিন রাহমানী ৩০ জন অনুসারীসহ পুলিশের হাতে ধরা পড়েন। এরপর এক সপ্তাহ ধরে ঢাকায় আনসারুল্লাহর বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে পুলিশ। এ সময় বিভিন্ন এলাকা থেকে উল্লিখিত নয়জনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত প্রায় সবাই ইংরেজি মাদ্যম স্কুল ও বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন। দুজন কম্পিউটার বিজ্ঞানে পড়েছেন। একজন ইয়েমেনে আল-কায়েদাবিরোধী অভিযানে গ্রেপ্তার হয়েছিলেন এবং পরে মুক্তি পেয়ে বাংলাদেশে ফিরে আসেন।পাঁচ দিনের রিমান্ড: গ্রেপ্তার হওয়া নয়জন হলেন মো. সাইফুল ইসলাম (২১), আবু হানিফ (২৩), আমিনুল ইসলাম (২৫), জাহিদুল ইসলাম (২৭), আলী আজাদ (২৮), পিয়াস ওরফে আবদুল্লাহ ওরফে আল আসাদুল্লাহ (১৯), জুন্নুন শিকদার (২৭), কাজী মো. রেজওয়ান ওরফে রেজওয়ান শরীফ (৩০) ও নাইমুল হাসান (২৮)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় সন্ত্রাস-বিরোধী আইন ও তথ্যপ্রযুক্তি আইনে দুটি মামলা হয়েছে। নয়জনকে গতকালই ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে সন্ত্রাস দমন আইনে নয় দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত প্রত্যেকের পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেন।ডিবি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে হাতে লেখা একটি প্রশিক্ষণ নির্দেশিকা উদ্ধার করা হয়েছে। তাতে ১০ ধরনের গ্রেনেড, চার ধরনের রকেট, আট ধরনের রাইফেলের হাতে আঁকা চিত্রসহ বিবরণ রয়েছে। অনেক পুরোনো হলদে হয়ে যাওয়া এই নির্দেশিকা খাতায় গ্রেনেড ও অস্ত্রের পরিচর্যা, অস্ত্রাগারে ঢোকার বিধিনিষেধ ইত্যাদিও লেখা রয়েছে। এর বাইরে বাংলা, আরবি ও উর্দু ভাষায় লেখা অনলাইন ম্যাগাজিনের কিছু প্রিন্ট কপি, পুস্তিকা, কয়েকটি কম্পিউটার ও ল্যাপটপ এবং কিছু প্রযুক্তিসামগ্রী উদ্ধার করা হয়েছে।চার ধাপে কার্যক্রম: এ বিষয়ে গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, আনসারুল্লাহ বাংলা টিম আল-কায়েদার মতো আদর্শ, নীতি ও কার্যপদ্ধতি অনুসরণ করে থাকে। এর সাংগঠনিক কাঠামো বা ‘ইমারার’ শীর্ষে রয়েছেন মুফতি জসীমউদ্দিন রাহমানী। তিনি এই সংগঠনের আধ্যাত্মিক ও ধর্মীয় প্রধান। তিনি বলেন, আনসারুল্লাহর সাংগঠনিক কার্যক্রম চালানোর চারটি ধাপ রয়েছে। প্রথম ধাপে দাওয়াহ। এই ধাপে মানুষকে সংগঠনের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করা হয়। দ্বিতীয় ধাপ ‘ইদাদ’-এর লক্ষ্য জিহাদে সহায়তার জন্য সাধারণ মানুষের মধ্য থেকে সাহায্যকারী বা আনসার তৈরি করা। তৃতীয় ধাপ ‘রিবাত’ হলো সশস্ত্র যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া। এই ধাপে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর হামলার পরিকল্পনা ছিল। তবে তারা এখনো এই ধাপে যায়নি। আর সর্বশেষে ধাপ হলো ‘কিতাল’। জিহাদ ব্যর্থ হলে এই ধাপে সমাজে কিছু ব্যক্তিকে হত্যার মাধ্যমে কথিত শরিয়াভিত্তিক রাষ্ট্রের পরিকল্পনা করছিল বলে যুগ্ম কমিশনার দাবি করেন।সংবাদ সম্মেলনে দাবি করা হয়, থানা আক্রমণ করে অস্ত্র সংগ্রহেরও পরিকল্পনা ছিল আনসারুল্লার। সংগঠনটির সদস্যরা পাঁচ-ছয়জনের ছোট ছোট দলে (সেল) বিভক্ত হয়ে কাজ করেন। এক দল আরেক দলের কোনো খবর জানতে পারে না। ব্লগার আহমেদ রাজীব হায়দারকে হত্যা করেছে এ রকমই দল। ব্লগার আসিফ মহিউদ্দীনের ওপর হামলা করেছে আরেকটি দল। বুয়েটের ছাত্র দীপের ওপর হামলা করেছিল একই সংগঠনের আরেকটি দল।অপরাশেনাল প্রধান পাকিস্তানে: ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, আনসারুল্লাহর ‘অপারেশনাল’ প্রধান হলেন ইজাজ হোসেন। তিনি ২০০৮ সালে পাকিস্তানে পালিয়ে যান। এর আগে তিনি জামায়াতুল মুসলিমিন বাংলাদেশ নামের একটি সংগঠনের আমির ছিলেন। তিনি বছরে দু-তিনবার দেশে আসেন। জামায়াতুল মুসলিমিনে তাঁর সতীর্থ ছিলেন জুন্নুন শিকদার, নাঈমুল হাসান, রেজওয়ান শরীফ, তাঁর ভাই মাঈনউদ্দীন শরীফ, তেহজীব করিম, তাঁর ভাই রাজীব করিম, শেহজাদ ওরফে তুরাজ, রেজাউল রাজ্জাকসহ আরও কয়েকজন। এঁদের প্রথম তিনজন গ্রেপ্তার হয়েছেন।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জামায়াতুল মুসলিমিনের আন্তর্জাতিক আমির জর্ডান বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিক শেখ আবু ইসা। তিনি ২০০২ সালে বাংলাদেশে আসেন এবং ঢাকায় বসুন্ধরা আবাসিক এলকায় একটি দোতলা বাড়ি ভাড়া করে কার্যক্রম শুরু করেন। পরে তিনি যুক্তরাজ্যে ফিরে যান এবং লন্ডন পুলিশের হাতে ধরা পড়েন। এরপর এ দেশে জামায়াতুল মুসলিমিনের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এই সংগঠনের সদস্য তেহজীব করিম, রেজওয়ান শরীফ, মইনউদ্দিন শরীফ ২০০৮ সালে ইয়েমেনে যান এবং প্রশিক্ষণের সময় ২০০৯ সালে ওই দেশে গ্রেপ্তার হন। তেহজীবের ভাই রাজীব করিম ব্রিটিশ এয়ারলাইনের একটি উড়োজাহাজ উড়িয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে ২০১০ সালে যুক্তরাজ্যে গ্রেপ্তার হন এবং পরে ২০ বছরের দণ্ডপ্রাপ্ত হন।ডিবি কর্মকর্তারা দাবি করেন, গত বছর সেনাবাহিনীতে অভ্যুত্থান প্রচেষ্টায় জড়িত থাকার অভিযোগে পলাতক মেজর জিয়াউল হকও আনসারুল্লাহর সঙ্গে জড়িত। অবশ্য অভ্যুত্থান প্রচেষ্টার পর বলা হয়েছিল যে জিয়াউল হকের সঙ্গে হিযবুত তাহ্রীরের যোগাযোগ রয়েছে।২০০৯ সাল থেকে যাত্রা: আনসারুল্লাহ বাংলা টিমে নতুন এই জঙ্গি সংগঠন যাত্রা শুরু করে ২০০৯ সাল থেকে। শুরু থেকে ইন্টারনেটে এই গোষ্ঠী তাদের বক্তব্য-বিবৃতি প্রচার করে আসছে। কিন্তু দীর্ঘদিন এ সম্পর্কে প্রায় অন্ধকারে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত ১৫ ফেব্রুয়ারি নিহত ব্লগার রাজীব হত্যার তদন্ত করতে গিয়ে পুলিশ আধুনিক শিক্ষায় শিক্ষিত এ ধরনের একটি জঙ্গিগোষ্ঠীর অস্তিত্ব টের পায়। কিন্তু তখন পর্যন্ত এর নাম জানা যায়নি। গত ১৪ মার্চ ‘দেশে নতুন উগ্রপন্থী গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিম সক্রিয়’ শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর এই সংগঠনের নাম প্রথম জানাজানি হয়।এমনকি রাজধানীর বসিলায় মাদ্রাসার নামে এই জঙ্গি সংগঠনের প্রধান আস্তানা স্থাপন করে দীর্ঘদিন তৎপরতা চালালেও এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী ও গোয়েন্দা সংস্থাগুলো উদাসীন ছিল। বরগুনা পুলিশ ১২ আগস্ট সন্দেহবশত বরগুনায় এক বৈঠক থেকে সংগঠনের প্রধান মুফতি জসীমকে ৩০ জন অনুসারীসহ গ্রেপ্তার করে। মূলত এরপর আনসারুল্লাহর বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় হয়।অবশ্য ডিএমপির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম দাবি করেন, তাঁরা অনেক দিন ধরেই সংগঠনটি ও এর কয়েকজন নেতার ওপর নজরদারি করছিলেন।