জঙ্গি-সন্ত্রাস দমনে র্যাব-পুলিশকে অস্ত্র ও প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাষ্ট্র
জঙ্গি ও সন্ত্রাস দমনে র্যাব ও পুলিশকে অস্ত্রসহ অন্যান্য প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। বড় ধরনের অপরাধ দমনে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের সহায়তায় ‘সোয়াত’ নামে একটি বিশেষায়িত দল গঠন করা হয়েছে। সোয়াতকে দেওয়া হয়েছে ‘এআর-১০ স্নাইপার’ ও ‘এম-৪ কারবাইন’ রাইফেল। বিশেষ ধরনের দুরবিন লাগানো স্নাইপার রাইফেল দিয়ে এক কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে নির্ভুলভাবে আঘাত করা যায়। এম-৪ স্বয়ংক্রিয় কারবাইন রাইফেল থেকে প্রতি মিনিটে ৪০টির বেশি গুলি করা সম্ভব।গোয়েন্দা কর্মকাণ্ড, তদন্ত ও অপরাধ দমনের কৌশল নিয়ে ঢাকা মহানগরসহ সারা দেশের পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে মার্কিন প্রশিক্ষক দল। ইতিমধ্যে এক দফা প্রশিক্ষণ শেষে নতুন করে আরও ৯০ লাখ ডলারের (৬২ কোটি টাকার বেশি) তহবিল প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন এবং র্যাব ও পুলিশের সংশ্লিষ্ট সূত্র থেকে এ তথ্য জানা গেছে।জানতে চাইলে আইজিপি নূর মোহাম্মদ প্রথম আলোর কাছে মার্কিন সরকারের সহায়তা ও অস্ত্র প্রশিক্ষণের বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, পুলিশ বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ ও সরঞ্জাম দিয়ে যুক্তরাষ্ট্র সহযোগিতা করছে। তাঁরা সোয়াতের পরিধি বাড়িয়ে সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় সক্ষম একটি ‘বিশেষায়িত দল’ গঠন নিয়ে কয়েক দফা আলোচনা করেছেন। এ ছাড়া তাঁরা জঙ্গি-সন্ত্রাসী গ্রেপ্তার, জিম্মি উদ্ধার ও বোমা বিস্ফোরণ ঘটনার তদন্তের জন্য সক্ষমতা বাড়াতে আরও প্রশিক্ষণের প্রস্তাব করেছেন।বাংলাদেশ পুলিশের সংস্কার ও অগ্রগতি নিয়ে নিরাপত্তা ও নীতিবিষয়ক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ গত ১১ ডিসেম্বর এক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ তদন্ত ও প্রশিক্ষণ সহায়তা কর্মসূচির (আইসিআইটিএপি—ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ইনভেস্টিগেটিভ ট্রেনিং অ্যাসিসট্যান্স প্রোগ্রাম) অধীনে পুলিশের সংস্কারের জন্য একটি পরীক্ষামূলক প্রকল্পে অর্থায়নের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। ইউএসএআইডি ও ডিপার্টমেন্ট অব জাস্টিসের (ডিওজে) যৌথ উদ্যোগে এটি পরিচালিত হবে। ৯০ লাখ ডলারের এই সহায়তা তহবিলের প্রস্তাব অনুমোদিত হলে মার্কিন সরকারের কাছ থেকে এটিই হবে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর জন্য সবচেয়ে বড় প্রকল্প।পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এস এম শাহজাহান প্রথম আলোকে বলেন, এসব সহায়তা যাতে মানুষের জানমালের নিরাপত্তার কাজে ব্যবহূত হয়, তা নিশ্চিত করতে হবে। আধুনিক অস্ত্র যেন ক্রসফায়ারের কাজে ব্যবহার না হয়, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। অস্ত্রের সঙ্গে বাহিনীর সদস্যদের মানসিকতারও পরিবর্তন দরকার বলে তিনি মনে করেন।মহানগর পুলিশের কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্র সরকারের সহযোগিতায় ২০০৮ সালে ঢাকা মহানগর পুলিশের অধীনে বিশেষায়িত বাহিনী সোয়াত (Swat— স্পেশাল উইপন্স অ্যান্ড ট্যাকটিস) গঠন করা হয়। এই বাহিনীর সদস্যদের মধ্যে ২৪ জন যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ নিয়েছেন জঙ্গি ও মারাত্মক সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী গ্রেপ্তার ও জিম্মি উদ্ধার বিষয়ে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দুজন সহকারী পুলিশ কমিশনারসহ পরিদর্শক, উপপরিদর্শক ও কনস্টেবলরা এই দলের সদস্য।সূত্র জানায়, সোয়াতের সদস্যরা ঢাকায় মার্কিন প্রশিক্ষকদের কাছে ৪২ দিনের বুনিয়াদি প্রশিক্ষণ সফলভাবে শেষ করার পরই যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণের সুযোগ পান। তাঁদের দেওয়া হয় যুক্তরাষ্ট্রে তৈরি এআর-১০ মডেলের স্নাইপার রাইফেল এবং এম-৪ কারবাইন রাইফেল। সোয়াত দলের সব সদস্যের রয়েছে অস্ট্রিয়ায় তৈরি ছোট আকারের পিস্তল, বুলেটপ্রুফ পোশাক ও গুলি প্রতিরোধক বিশেষ ধরনের ঢাল। জিম্মি উদ্ধারের জন্য বিস্ফোরক ব্যবহার করে দেয়াল বা দরজা ভাঙার প্রশিক্ষণও তাঁরা পেয়েছেন। সোয়াতের অস্ত্র, যানবাহন, সরঞ্জাম এমনকি নিয়মিত প্রশিক্ষণের জন্য স্নাইপার রাইফেল এবং এম-৪ কারবাইন রাইফেলের গুলিও সরবরাহ করছে যুক্তরাষ্ট্র। সহকারী পুলিশ কমিশনার আশিকুর রহমান সোয়াতের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।নাম প্রকাশে অনিচ্ছুক সোয়াতের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সোয়াত তাদের মূল কাজের বাইরেও রাষ্ট্রীয় অনুষ্ঠানে নিরাপত্তার কাজ করছে। বিডিআর বিদ্রোহের ঘটনা শুরুর সঙ্গে সঙ্গে সেখানে সোয়াতের সদস্যরা হাজির হয়েছিলেন। তবে অভিযানের অনুমতি না পেয়ে তাঁরা ফিরে আসেন।ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিবেদনে পুলিশের প্রথাগত সংস্কার প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্রের অনাগ্রহ রয়েছে এমন মতও প্রকাশ করা হয়। তারা মনে করে, পুলিশ সংস্কার প্রকল্পের মতো নিরাপত্তা প্রকল্পের ব্যাপারেও যুক্তরাষ্ট্র আগ্রহী নয়। এসব প্রকল্পের ফলাফল পেতে অনেক সময় লেগে যায়। তারা মনে করে, পাকিস্তানের ম্যারিয়ট বা ভারতের মুম্বাইয়ে হামলার মতো ঘটনা মোকাবিলা করতে হলে দ্রুত সক্ষম ও চৌকস বাহিনী গঠনে উদ্যোগ নিতে হবে। কিন্তু বাংলাদেশে বাস্তবে তা হচ্ছে না। এখানে র্যাব প্রশিক্ষণ পাচ্ছে আর সামরিক বাহিনী অর্থ পাচ্ছে; অথচ পুলিশের ভাগ্যে কিছুই জুটছে না।যোগাযোগ করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ প্রথম আলোকে বলেন, বাংলাদেশ পুলিশ শুধু দেশেই নয়, শান্তিরক্ষা মিশনেও দায়িত্ব পালন করে। বড় ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলায় তাদের উন্নত প্রশিক্ষণ দরকার। এখন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে প্রশিক্ষণসহ অন্যান্য সহযোগিতা পেলে তাদের মানোন্নয়ন ঘটবে। এতে পুলিশ আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রের সহযোগিতায় একটি বিস্ফোরক বিশেষজ্ঞ দলও গঠন করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অধীনে এই দল কাজ করছে। বিস্ফোরক বিশেষজ্ঞ দলের প্রধান সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, বোমা বিস্ফোরণ নিয়ে তাঁরা দুই ধরনের প্রশিক্ষণ পেয়েছেন—কোথাও বোমা পেতে রাখা, তা ধ্বংস করা বা সরিয়ে ফেলার কৌশল এবং বিস্ফোরণের পর কী ধরনের ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে। দুটি প্রশিক্ষণই যুক্তরাষ্ট্রে হয়েছে। বিস্ফোরক উদ্ধার, সরিয়ে ফেলা, বিস্ফোরণের ঘটনা তদন্তসহ এ সংক্রান্ত যাবতীয় সরঞ্জাম যুক্তরাষ্ট্র থেকে সরবরাহ করা হচ্ছে বলে তিনি জানান।এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার অমূল্য ভূষণ বড়ুয়া প্রথম আলোকে বলেন, রাজধানীতে এখন যেকোনো ধরনের অপরাধ দমনে তাত্ক্ষণিক ব্যবস্থা নিতে পারবে সোয়াত। কারণ, এই দলের হাতে আমেরিকার তৈরি আধুনিক অস্ত্র ও সরঞ্জাম আছে।পুলিশ সূত্র জানায়, অস্ত্র দেওয়ার পাশাপাশি অপরাধ দমনের বিভিন্ন কৌশল বিষয়ে মহানগর পুলিশ, সিআইডি ও জেলার পুলিশ সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ নিয়েছেন। দেশের ভেতরেও সন্ত্রাস, জঙ্গি দমন ও বিস্ফোরণ ঘটনার তদন্ত নিয়ে প্রশিক্ষণ দিয়েছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ ২৫ জানুয়ারি থেকে সাইবার অপরাধ নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদের ২৪ জন কর্মকর্তার প্রশিক্ষণ শুরু হয়েছে পুলিশ স্টাফ কলেজে।র্যাব: সূত্র জানায়, অপরাধের তদন্ত কৌশল, প্রাণঘাতী নয় এমন অস্ত্রের ব্যবহার ও মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে র্যাব সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ ছাড়া গত বছরের ২৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের স্পেশাল অপারেশন কমান্ডার এডমিরাল পাইবাসের নেতৃত্বে ছয় সদস্যের একটি দল র্যাবের মহাপরিচালকের সঙ্গে বৈঠক করে। তারা সন্ত্রাস দমনের নানা কৌশল ও প্রশিক্ষণের বিষয় নিয়ে আলোচনা করে।র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার প্রথম আলোকে বলেন, যুক্তরাষ্ট্র সরকার সব ধরনের সন্ত্রাস দমনে র্যাবকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। এ নিয়ে সফরকারী দলের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে।তবে ক্রাইসিস গ্রুপ মনে করে, যুক্তরাষ্ট্র যদি র্যাবের পাশাপাশি অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে পুলিশের সক্ষমতা বাড়ায়, তাহলে সন্ত্রাস দমনে অধিক সাফল্য আসবে।