জঙ্গি সন্দেহে ইমাম আটক
জঙ্গি সন্দেহে সৈয়দপুর শহর থেকে একজন ইমামকে আটক করেছে পুলিশ। তার নাম মওলানা রেজাউল করিম। তিনি সৈয়দপুর শহরের বাইপাস হাজীপাড়া জামে মসজিদের ইমাম। আজ মঙ্গলবার দুপুরে পুলিশ তাকে আটক করে। সৈয়দপুরের উপজেলা শাখার কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সমাজসেবী চিকিত্সক আবুল হাসান ও অন্যান্য এলাকাবাসীরা অভিযোগ করেন, ইমাম রেজাউল করিম মুসল্লিদের কাছে জেহাদি বই বিলি করতেন। ১০-১৫ দিন আগে এলাকাবাসীরা তাকে এ কাজ করতে বাধা দেন। এলাকাবাসী আরও অভিযোগ করেন, গত এক সপ্তাহ ধরে ইমাম রেজাউল করিম জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছেন। বিভিন্ন জেলা থেকে মাদ্রাসার ছাত্রদের নিয়ে এসে তিনি মসজিদের পেছনে প্রশিক্ষণ দেন বলে এলাকাবাসী অভিযোগ করেন।সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামালউদ্দিন বলেছেন, ইমাম রেজাউল করিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হবে। এদিকে ইমাম রেজাউল করিম বলেছেন, তিনি চরমোনাই পীরের অনুসারী। চরমোনাই পীরের বইপত্রই তিনি মুসল্লিদের কাছে বিলি করেন। এগুলো কোন জিহাদি বই নয়।