জঙ্গি সন্দেহে গ্রেপ্তার তিনজনকে ফিরিয়ে নিল পাকিস্তান
লস্কর-ই-তাইয়েবার সদস্য ও জঙ্গি তৎপরতার অভিযোগে গ্রেপ্তার হওয়া তিন পাকিস্তানি নাগরিককে ফিরিয়ে নিয়ে গেছে পাকিস্তান। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর ঢাকায় অবস্থিত পাকিস্তানি দূতাবাসের কর্মকর্তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাঁদের পাকিস্তানে নেওয়ার ব্যবস্থা করেন।পুলিশ সূত্র জানায়, গত বছরের ১৩ নভেম্বর রাজধানীর উত্তরা ও ঢাকার উপকণ্ঠ টঙ্গী থেকে সৈয়দ আবদুল কাইয়ুম আজহারি ওরফে সুফিয়ান (২২), আশরাফ আলী ওরফে জিহাদ (২৪) ও মনোয়ার আলী (৩০) নামের এই তিন যুবককে জঙ্গি সন্দেহে আটক করা হয়। এরপর তৎকালীন মহানগর কমিশনার সংবাদ সম্মেলনে বলেছিলেন, এঁরা বাংলাদেশে বসে পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তাইয়েবার হয়ে কাজ করতেন। এঁদের ভিসা ও পাসপোর্ট থাকলেও এ দেশে কাজ করার কোনো অনুমতি ছিল না। সুফিয়ান গাজীপুরের ইসলামিক ইনস্টিটিউট অব টেকনোলজির যান্ত্রিক কৌশল বিভাগে পড়তেন। অন্য দুজন ডিপ্লোমা প্রকৌশলী ছিলেন।ডিবির উপকমিশনার মনিরুল ইসলাম বলেন, এঁদের বিরুদ্ধে আটকাদেশ ছিল। জঙ্গি তৎপরতার অভিযোগ থাকলেও তা মামলা করার মতো যথেষ্ট ছিল না। জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত মার্চে আটকাদেশ শেষ হওয়ার পর তাঁরা এত দিন কারা হেফাজতে (জেল প্রিজনার) ছিলেন।একাধিক সূত্র জানায়, আটকাদেশ শেষ হওয়ার পর পাকিস্তানি দূতাবাস এই তিন পাকিস্তানির মুক্তির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুরোধ করে। গতকাল মুক্তি পাওয়ার পর দূতাবাসের কর্মকর্তারা এই তিন পাকিস্তানিকে একটি বিমানে করে করাচিতে পাঠানোর ব্যবস্থা করেন।