জঙ্গি হামলার আশঙ্কায় কলকাতায় কড়া সতর্কতা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় জারি করা হয়েছে কড়া সতর্কতা ও নিরাপত্তাব্যবস্থা।গতকাল বুধবার রাতে জঙ্গি হামলার আশঙ্কায় এই সতর্কতা এবং নজরদারির ব্যবস্থা করে প্রশাসন।ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কলকাতা পুলিশকে জানিয়েছে, জঙ্গিদের এবার লক্ষ্যবস্তু হচ্ছে কলকাতা শহর। গতকাল বিকেলেই রাজ্য গোয়েন্দা দপ্তর কলকাতা পুলিশকে আগাম সতর্কবার্তা জানিয়ে দিয়েছে। সতর্কবার্তা পাওয়ার পর রাতেই কলকাতাজুড়ে জারি করা হয় সতর্কতা।কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদীনের গোপন খবরের সূত্র ধরে জানিয়েছে, এ সংগঠনটি এবার তাদের হামলার লক্ষ্যবস্তু করেছে কলকাতাকে। সামনে কলকাতা এবং সল্টলেক পৌরসভার নির্বাচন। এই নির্বাচনের প্রচারের মধ্যেই তারা নাশকতা ঘটাতে পারে।গোয়েন্দা সংস্থা আরও জানায়, ইন্ডিয়ান মুজাহিদীনের জঙ্গি আবদুর রেজা এবং মমিন লস্কর এরই মধ্যে পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছে। তাঁরা এখন আত্মগোপন করে আছেন।কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) জাভেদ শামীম জানিয়েছেন, কলকাতা পুলিশ এখন সতর্কাবস্থায় রয়েছে। শহরে নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে তিনি কোনো সন্দেহজনক বস্তু বা ব্যক্তির সন্ধান পেলে সঙ্গে সঙ্গে তা পুলিশকে জানানোর অনুরোধ করেছেন।