জঙ্গি হামলার আশঙ্কায় স্কাই মার্শাল মোতায়েনের প্রস্তাব ভারতের
জঙ্গি হামলার আশঙ্কায় ভারত তাদের যাত্রিবাহী বিমান, বাংলাদেশের বিমানবন্দর ও বাংলাদেশের ভারতের হাইকমিশনে স্কাই মার্শাল মোতায়েনের প্রস্তাব দিয়েছে। সে বিষয়ে সিদ্ধান্ত নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশ পাওয়ার পরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে পদক্ষেপ নেবে।আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হকের সভাপতিত্বে ‘জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার’ শীর্ষক পঞ্চম সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান। সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সম্প্রতি গ্রেপ্তার হওয়া আট জঙ্গির সঙ্গে জামায়েতের সম্পৃক্ততার বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী জানান, বিষয়টি খুঁজে বের করতে গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। তাদের প্রতিবেদন পেলেই তা জানানো হবে।বৈঠক বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হয়েছে। মসজিদসহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় জঙ্গিবাদ প্রতিরোধে বিভিন্ন সভা করা হচ্ছে।এ ছাড়া আজ থেকে দেশের সব মসজিদে ইসলামি বই ও প্রচারপত্র দেওয়া শুরু হয়েছে। এই বইগুলোয় ইসলামের আলোকে জঙ্গিবাদ প্রতিরোধ ও সন্ত্রাস প্রতিরোধে পবিত্র কোরআনের সঠিক ব্যাখ্যা তুলে ধরা হয়েছে।