জঙ্গিদের এখনো হটাতে পারেনি পাকিস্তানি বাহিনী, হামলায় ১২ সেনা নিহত
হামলার ১২ ঘণ্টা পরও পাকিস্তানি নিরাপত্তা বাহিনী করাচির নৌঘাঁটি থেকে তালেবান জঙ্গিদের হটাতে পারেনি। তবে কর্মকর্তারা বলেছেন, এ ব্যাপারে তাঁদের অভিযান এখন চূড়ান্ত পর্যায়ে আছে। বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে।পাকিস্তানের কর্মকর্তারা জানান, ২০ জনের বেশি একদল জঙ্গি গতকাল রোববার রাতে করাচির পিএনএস মেহরান ঘাঁটিতে আক্রমণ চালায়। এরপর তারা ঘাঁটির একটি ভবনের নিয়ন্ত্রণ নেয়। জঙ্গিদের হটাতে আজ সকাল সোমবার সকাল থেকে নিরাপত্তা বাহিনী পাল্টা অভিযান শুরু করে। পাকিস্তানি তালেবান ওই হামলার দায় স্বীকার করেছে। নিরাপত্তা কর্মকর্তারা জানান, হামলায় কমপক্ষে ১২ জন সেনা নিহত ও ১১ জন আহত হয়েছে। এ ছাড়া জঙ্গিদের গ্রেনেডের আঘাতে নৌবাহিনীর একটি সামরিক বিমান ধ্বংস হয়েছে।পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক বলেছেন, ‘জঙ্গিদের দখলে থাকা বড় একটি অংশ উদ্ধার করা হয়েছে। বাকি অংশ থেকে তাদের হটানোর অভিযান অব্যাহত রয়েছে।’শেষ খবর পাওয়া পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গোলাগুলি অব্যাহত রয়েছে। নৌবাহিনীর মুখপাত্র মুহাম্মদ ইয়াসির বলেন, ‘অভিযান এখনো অব্যাহত রয়েছে। তবে এখন জঙ্গিদের পক্ষ থেকে প্রতিরোধ উল্লেখযোগ্যভাবে কমেছে।’ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বার্তা সংস্থাকে বলেন, ‘অভিযান এখনো শেষ হয়নি। তবে শেষ হওয়ার পথে রয়েছে। এখন অভিযানের চূড়ান্ত পর্ব চলছে।’পাকিস্তানের ঊর্ধ্বতন একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, হামলার পর জঙ্গিরা নৌঘাঁটির একটি ভবনের দখলে নেয়। ভবনটিতে কাউকে বন্দী করে রাখার বিষয়টি তিনি অস্বীকার করেন। তবে তিনি বলেন, সন্ত্রাসীদের আত্মঘাতী হামলার চালানোর সুযোগ ছিল।পাকিস্তানি তালেবান মুখপাত্র এহসানুল্লাহ এহসান এক অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে হামলার দায় স্বীকার করেন। তিনি বলেন, ‘এ হামলা ওসামা বিন লাদেনকে হত্যার প্রতিশোধ। এটা প্রমাণ করছে যে আমরা এখনো সংঘবদ্ধ ও শক্তিশালী।