দেশে জঙ্গিদের উত্থান এবং সমাজবিরোধী অন্যান্য তত্পরতার বিরুদ্ধে সজাগ থাকার জন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া পরিকল্পিত পরিবার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনেও আনসার সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। গতকাল রোববার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার ও ভিডিপি একাডেমিতে দুই বাহিনীর ৩০তম জাতীয় সমাবেশে বক্তৃতার সময় তিনি এ আহ্বান জানান।ইসলাম শান্তির ধর্ম উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘ইসলামে সন্ত্রাসবাদ এবং মৌলবাদের কোনো স্থান নেই।’ প্রধানমন্ত্রী বলেন, ‘শান্তিপূর্ণ এবং আধুনিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে জঙ্গিবাদ ও মৌলবাদ মোকাবিলায় আনসার-ভিডিপির সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।’প্রধানমন্ত্রী বলেন, ৫০ লাখেরও বেশি আনসার ও ভিডিপি সদস্য গ্রামগঞ্জে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করেন। তাঁদের অর্ধেক মহিলা। গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে রয়েছে তাঁদের সুসংগঠিত ও প্রশিক্ষণপ্রাপ্ত দল। তিনি বলেন, ‘আমাদের সব উন্নয়ন প্রচেষ্টায় সবচেয়ে বড় বাধা জনসংখ্যার অপরিকল্পিত বৃদ্ধি। সুসংগঠিত বাহিনীর সদস্য হিসেবে পরিকল্পিত পরিবার গঠনে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আপনারা নিজেদের পরিবার যেমন ছোট রাখবেন, তেমনি অন্যদেরও এ ব্যাপারে উত্সাহিত করবেন।’ তিনি আরও বলেন, ‘গ্রামীণ জনজীবনে শান্তিশৃঙ্খলা রক্ষা এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ব্যাপক পরিবর্তন আনতে পারে এই বাহিনী।’প্রধানমন্ত্রী বলেন, ‘অঙ্গীভূত আনসারদের ন্যূনতম দৈনিক ভাতা ১১১ দশমিক ৫৪ থেকে বাড়িয়ে ১৮০ টাকা করার ঘোষণা আমরা দিয়েছিলাম, যা ইতিমধ্যেই কার্যকর হয়েছে। এখন থেকে ব্যাটালিয়ন আনসারদের চাকরি স্থায়ীকরণের সময়সীমা ১২ বছর থেকে কমিয়ে নয় বছর করা হবে। এ ছাড়া প্রথমবারের মতো কর্মকর্তাদের রেশন প্রদান এবং সব শ্রেণীর কর্মকর্তা-কর্মচারী, ব্যাটালিয়ন আনসার, অঙ্গীভূত আনসার ও মহিলা আনসারদের জন্য পারিবারিক রেশনের ব্যবস্থাও করা হয়েছে।’গতকাল সকাল ১০টায় হেলিকপ্টারে করে একাডেমিতে পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর জিপে করে প্যারেড গ্রাউন্ডে কন্টিনজেন্ট পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, গাজীপুর-১ আসনের সাংসদ আ ক ম মোজাম্মেল হক, সাংসদ জাহিদ আহসান রাসেল, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম ও বিভিন্ন দেশের কূটনীতিকেরা।আনসার সদস্যদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, সারা দেশে আপনাদের ১০ হাজারেরও বেশি ক্লাব ও সমিতি রয়েছে। এই সংগঠনগুলো আপনাদের অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল। ক্লাব ও সমিতিগুলোকে আরও সক্রিয় করবেন। সরকার এসব ক্লাব-সমিতিকে সাহায্য-সহযোগিতা দিয়ে যাবে।নির্বাচনের আগে জনগণকে দেওয়া ওয়াদা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কৃষকদের জন্য সরকার তিন হাজার ৬০০ কোটি টাকা ভর্তূকি বরাদ্দ করেছে। প্রয়োজনে তা আরও বাড়ানো হবে। এ ছাড়া ডিজেল, বীজ, কৃষি উপকরণের দামও কমানো হয়েছে। ফলে ফসলের বাম্পার ফলন হয়েছে।শেখ হাসিনা বলেন, এবারই দেশে প্রথম কৃষি কার্ড চালু করা হয়েছে, যার মাধ্যমে কৃষকেরা ঋণসহ যাবতীয় কৃষি-সহায়তা পাবেন।আনসার-ভিডিপি একাডেমিতে একটি হাসপাতাল নির্মাণ করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, হাসপাতালের পাশাপাশি এটিকে একটি নার্সিং প্রশিক্ষণ ইনস্টিটিউট হিসেবে গড়ে তোলা হবে।জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী আনসার সদস্যদের সাহসিকতার জন্য পুরস্কার বিতরণ করেন। বাংলাদেশ আনসার পদক দেওয়া হয়েছে প্রয়াত মো. মোজাম্মেল মোল্লাকে। তাঁর মায়ের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। এ ছাড়া মো. নজরুল ইসলাম খান ভিডিপি পদক এবং শরিফ উদ্দিন, নওশাদ আলী ও ইকলাছুর রহমান রাষ্ট্রপতি আনসার পদক পেয়েছেন।পরে প্রধানমন্ত্রী একাডেমির লেকভিউ প্রাঙ্গণে আনসার সদস্যদের তৈরি কুটিরশিল্প প্রদর্শনী পরিদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। সব শেষে তিনি আনসার কর্মকর্তারের নিয়ে দরবার হলে বৈঠক করেন।