জয়পুরহাটের কালাই উপজেলার বেগুনগ্রামে গফুর পীরের খানকায় পাঁচ খুনের মামলায় পুলিশ আরেক ‘জজ মিয়া গল্প’ বানিয়ে তদন্ত শেষ করেছে। এবার ‘জজ মিয়া’ বানানো হয়েছে হযরত আলী নামের দরিদ্র এক ভ্যানচালককে। তাঁকে দিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ানো হয়েছে, যাতে তিনি ঘটনার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের জড়িয়ে দিয়েছেন। একইভাবে আওয়ামী লীগের এক স্থানীয় নেতা শাহজালাল ওরফে বাচ্চুর কাছ থেকেও আদায় করা হয় আরেকটি সাজানো জবানবন্দি। রিমান্ডে নির্যাতন করে তাঁদের দিয়ে সাজানো জবানবন্দি দেওয়া হয়েছে বলে ভুক্তভোগীরা জানান। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালের ১৮ নভেম্বর স্থানীয় আওয়ামী লীগের নেতাদের জড়িয়ে আদালতে মামলাটির অভিযোগপত্র জমা দেয় সিআইডি।কিন্তু এর আগেই ২০০৬ সালে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান অন্য অনেক ঘটনার সঙ্গে কালাইয়ের এই পাঁচ খুনের দায় স্বীকার করেন।২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলা মামলায় জনৈক জজ মিয়াকে দিয়ে সাজানো জবানবন্দির ব্যবস্থা করে মামলা ভিন্ন খাতে নিয়ে যায় বিএনপি-জামায়াত জোট সরকার। পরে দেখা যায়, জঙ্গি নেতা মুফতি হান্নান জোট সরকারের সময়ই স্বীকার করেছেন, তাঁরা ওই হামলা করেছেন। বিএনপির এক উপমন্ত্রী এখন ওই মামলায় কারাগারে আছেন।কালাইয়ের ঘটনাটি ঢাকায় সিআইডির ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তাকে অবহিত করা হলে, তাঁরা বিস্ময় প্রকাশ করেন। অভিযোগপত্রে ২১ আসামি: ওই দুজনের কথিত জবানবন্দির ভিত্তিতে কালাই পৌর আওয়ামী লীগের সভাপতি সোলেমান আলী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এমদাদুল হক, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আমিনুল ইসলাম, পৌর বিএনপির সহসভাপতি আনিসুর রহমান তালুকদার, জবানবন্দিদানকারী পৌর আওয়ামী লীগের তখনকার সহসভাপতি শাহজালাল ও ভ্যানচালক হযরত আলীও মামলার আসামি। এর মধ্যে এমদাদ, আমিনুল ও শাহজালাল আপন ভাই। মামলার অন্য আসামিরা হলেন, জেএমবির জঙ্গি শফিউল্লাহ (সাতক্ষীরা), তরিকুল ইসলাম ওরফে হাবিল (সিরাজগঞ্জ), তরিকুল ইসলাম ওরফে নাজমুল ওরফে ভাগিনা শহীদ (ঠাকুরগাঁও), সালাউদ্দিন, রাশিদুল, আবু হাসান ও এনামুল হক (জয়পুরহাট)। মামলাটি এখন বিচারাধীন। জঙ্গি শফিউল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ইউনুস হত্যা মামলার আসামি। বাকি আসামিদের মধ্যে নুর হোসেন দর্জিশ্রমিক। অন্য আসামিরা কৃষক। ভুক্তভোগীদের কথা: নুর হোসেন প্রথম আলোকে বলেন, কেন তাঁকে এ মামলায় আসামি করা হয়েছে, তা তিনি জানেন না। মামলার খরচ যোগাতে তিনি ভিটেমাটি বিক্রি করে দিয়েছেন। তিনি বলেন, ‘শরীরের রক্ত ছাড়া এখন আমার আর কিছু নেই যে বিক্রি করব।’ জামিনে থাকা কালাই পৌর আওয়ামী লীগের সভাপতি সোলেমান আলী প্রথম আলোকে বলেন, জঙ্গিরা দোষ স্বীকার করার পরও অভিযোগপত্র থেকে ঘটনায় জড়িত হিসেবে প্রধান সন্দেহভাজন জেএমবির আঞ্চলিক কমান্ডার মন্তেজার রহমান এবং স্থানীয় দুর্ধর্ষ জঙ্গি মাসুদুর রহমান ওরফে রানু, হারুন-অর-রশিদ ওরফে মামুন, আদনান সামী, মিজানুর রহমান ও শাওনকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোলেমানের অভিযোগ, তদন্তকারী কর্মকর্তা প্রভাবিত হয়ে ঘটনায় জড়িত স্থানীয় জঙ্গিদের মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। অন্যদিকে রাজনৈতিক নেতা ও এলাকার কিছু নিরীহ দরিদ্র মানুষকে ফাঁসিয়ে দিয়েছেন। দরিদ্র মানুষগুলো গত সাত বছর ধরে থানা-পুলিশ ও আদালত-আইনজীবীদের পিছে দৌড়াতে গিয়ে নিঃস্ব হয়ে গেছেন। বিএনপির নেতা আনিসুর রহমান জেএমবির সঙ্গে সম্পৃক্ততার কথা অস্বীকার করেন বলেন, তিনি আহলে হাদিস যুবসংঘের কেন্দ্রীয় নেতা ছিলেন। ব্র্যাক কার্যালয়ে বোমা হামলার ঘটনায় তাঁকে ডেকে নিয়ে সন্দেহজনকভাবে আটক করে পুলিশ। পরে তদন্তে তিনি নির্দোষ প্রমাণ হলে মুক্তি পান।তদন্ত কর্মকর্তার বক্তব্য: অভিযোগপত্রদানকারী তদন্ত কর্মকর্তা সিআইডির দিনাজপুর ক্যাম্পের তত্কালীন পরিদর্শক জালাল উদ্দিন আহম্মেদ (বর্তমানে অবসর প্রস্তুতিকালীন ছুটিতে) প্রথম আলোকে বলেন, ‘জঙ্গিরাই যে হত্যাকাণ্ড ঘটিয়েছে তা সত্য। ঘটনাস্থল থেকে ঘাতকদের ফেলে যাওয়া একটি ব্যাগ উদ্ধার হয়, যার গায়ে জেএমবির এক জঙ্গির নাম লেখা ছিল। তবে জঙ্গিদের সঙ্গে স্থানীয় কিছু ক্রিমিনালও এ ঘটনায় জড়িত ছিল।’ জঙ্গিরাই যদি জড়িত, তাহলে আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় নেতা, দরিদ্র ভ্যানচালক, দর্জিশ্রমিককে কেন আসামি করা হয়েছে—এ প্রশ্নের জবাবে জালাল আহম্মেদ বলেন, ‘কে কোন দলের নেতা সেটা বিষয় নয়, হযরত আলীর স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এঁদের নাম এসেছে, তাই আসামি করা হয়েছে। আসামি আনিসুর রহমান পৌর বিএনপির সহসভাপতি হলেও তিনি জঙ্গি, কালাইয়ে ব্র্যাক কার্যালয়ে বোমা হামলা মামলার আসামি ছিলেন।’হযরত আলীকে রিমান্ডে নির্যাতন করে সাজানো জবানবন্দি আদায়ের অভিযোগ সম্পর্কে এ তদন্ত কর্মকর্তা বলেন, ‘এ সম্পর্কে আমি জানি না। তখন তদন্ত কর্মকর্তা ছিলেন আরেকজন।’ বাদ দেওয়া জঙ্গিদের বিষয়ে তিনি বলেন, তাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়নি। মামলার নথিপত্রে যা আছে: ২০০৩ সালের ২০ জানুয়ারি গভীর রাতে কালাই উপজেলার বেগুন গ্রামে ‘আস্তানায়ে চিশতিয়া’ নামে এক পীরের খানকায় হানা দিয়ে জঙ্গিরা পাঁচজনকে জবাই করে হত্যা করে। নিহত ব্যক্তিরা হচ্ছেন, খানকার খাদেম নুরুউদ্দিন (৬৫), বাবুর্চি সফিরউদ্দিন (৭০), মতিউর রহমান (২০), ভক্ত আফাজ উদ্দিন (৬০) ও দুলাল (৩০)। জবাই করার আগে প্রত্যেকের মুখে স্কচ টেপ পেঁচানো হয়। এ ঘটনায় কালাই থানায় মামলা হয়। কিছু দিন পর মামলাটির তদন্তের দায়িত্ব পায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। দায়িত্ব পেয়ে ডিবি পুলিশ কালাই উপজেলা আওয়ামী লীগের তত্কালীন সহসভাপতি শাহজালালকে গ্রেপ্তার করে এবং তাঁর কাছ থেকে ২০০৩ সালের ৯ মার্চ স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করে। ওই জবানবন্দিতে শাহজালাল ঘটনার সঙ্গে নিজেকে না জড়িয়ে তাঁর ভাই আওয়ামী লীগের নেতা এমদাদুল হক, সোলায়মান আলীসহ আমিনুল ইসলাম ও বেলাল উদ্দিনের নাম বলেন। শাহজালাল অভিযোগ করেন, তাঁকে রিমান্ডে নিয়ে নির্যাতন ও ভয় দেখিয়ে এই সাজানো জবানবন্দি দিতে বাধ্য করেছিল ডিবি পুলিশ। এ জবানবন্দির এক দিন পর মামলার তদন্তভার দেওয়া হয় সিআইডিকে। সিআইডি জেএমবির জঙ্গি মাসুদুর রহমানকে এ মামলায় গ্রেপ্তার দেখায়। মাসুদুর ক্ষেতলালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের মামলায় কারাগারে ছিলেন।সিআইডি ২০০৬ সালের ৬ ফেব্রুয়ারি হযরত আলী নামে এক ভ্যানচালককে গ্রেপ্তার করে এবং তাঁর কাছ থেকে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করে। হযরত আলী অভিযোগ করেন, তাঁকে রিমান্ডে নিয়ে ব্যাপক নির্যাতন করা হয় এবং সাজানো জবানবন্দি দিতে বাধ্য করেন মামলার তত্কালীন তদন্ত কর্মকর্তা। ভুক্তভোগী ব্যক্তিরাসহ সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, স্থানীয় আওয়ামী লীগের নেতাদের ফাঁসানোর লক্ষ্যে মামলার তত্কালীন তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক শহীদুল্লাহ (বর্তমানে দিনাজপুরের কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা) ঘটনাটিকে প্রথমে নিছক ডাকাতির ঘটনা দেখিয়ে অভিযোগপত্র তৈরির উদ্যোগ নেন। কিন্তু এরই মধ্যে জেএমবির শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান ও বাংলা ভাই গ্রেপ্তার হন এবং টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) কেন্দ্রে জিজ্ঞাসাবাদে তাঁরা এই পাঁচ খুনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। তখন এই দুই শীর্ষ জঙ্গি নেতাকে উদ্ধৃত করে র্যাবের মুখপাত্র সাংবাদিকদের বলেছেন, ওই পীরের খানকার সব কাজকর্মকে ইসলামবিরোধী মনে করতেন শায়খ আবদুর রহমান ও বাংলা ভাই। জিজ্ঞাসাবাদে তাঁরা বলেছেন, বাংলা ভাইয়ের নেতৃত্বে শায়খ রহমানের জামাতা আবদুল আউয়াল, মন্তেজার ও হাবিবসহ আরও কয়েকজন জেএমবি সদস্য ওই পাঁচজনকে জবাই করে। সিআইডি সূত্র জানায়, মামলাটি দীর্ঘ দিন ধরে তদন্তাধীন থাকাবস্থায় ৪৩ জনকে গ্রেপ্তার দেখানো হয়। ২০০৮ সালের ১৮ নভেম্বর সিআইডির দিনাজপুর ক্যাম্পের তত্কালীন পরিদর্শক জালাল আহম্মেদ আদালতে অভিযোগপত্র দেন। কিন্তু অভিযোগপত্রে জেএমবি নেতা শায়খ আবদুর রহমান, বাংলা ভাই, আবদুর রহমানের জামাতা আবদুল আউয়াল, মন্তেজার রহমান (জয়পুরহাট), মাসুদুর রহমান ওরফে রানু (জয়পুরহাট) হারুন-অর-রশিদ ওরফে মামুন (ঠাকুরগাঁও), আদনান সামী (বাগমারা), মিজানুর রহমান (জয়পুরহাট), মিজানুর রহমান ওরফে শাওন (জয়পুরহাট), এমরান (জয়পুরহাট), আজিজুল হাকিমসহ (জয়পুরহাট) ২৪ জনকে অব্যাহতি দেওয়া হয়। তাঁদের মধ্যে ঝালকাঠিতে বিচারক হত্যা মামলায় শায়খ আবদুর রহমান, বাংলা ভাই ও আওয়ালের ফাঁসি হওয়ায় তাঁদের নাম আসামির তালিকা থেকে বাদ দিতে হয়েছে বলে তদন্ত কর্মকর্তা জানান।পুনঃ তদন্তের আবেদন: আসামি এমদাদুল হক ও আনিসুর রহমান বলেন, মামলাটির পুনঃ তদন্তের জন্য আবেদন করে কোনো কাজ হয়নি। রাজনৈতিক মামলা হিসেবে বিবেচনার জন্য করা আবেদনও প্রশাসন আমলে নেয়নি। জয়পুরহাট জেলার সরকারী কৌঁসুলি (পিপি) নৃপেন্দ্রনাথ মণ্ডল বলেন, অভিযোগপত্র দাখিলের পর জঙ্গিসংশ্লিষ্ট এমন একটি আলোচিত মামলা থেকে কোনো আসামিকে (দলীয় নেতা-কর্মী) অব্যাহতি দেওয়ার সুযোগ নেই।