২১ আগস্ট গ্রেনেড হামলার আগে জঙ্গিরা আবদুস সালাম পিন্টুর সঙ্গে একাধিক বৈঠক করেছেন। সিআইডির তদন্তে এর প্রমাণ মিলেছে। ২০০৮ সালের ১১ জুন সিআইডি এ মামলার অভিযোগপত্র দেয়। তাতে হামলার পরিকল্পনাসহ এর বিস্তারিত বিবরণ আছে।অভিযোগপত্রে বলা হয়, আসামি মাওলানা আবু তাহের ২০০৪ সালের ১৮ আগস্ট মুফতি হান্নান ও মুফতি আহসান উল্লাহ ওরফে কাজলকে মোহাম্মদপুর সুপার মার্কেটের কাছে ডেকে নিয়ে বলেন, কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে, ২১ আগস্ট (২০০৪) শেখ হাসিনাকে হত্যা করার জন্য তাঁর জনসভায় হামলা করা হবে। এ বিষয়ে উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর সঙ্গেও কথা হয়েছে। এরপর তাঁরা তিনজন আবদুস সালাম পিন্টুর সরকারি বাসভবনে গিয়ে পিন্টু ও তাঁর ভাই মাওলানা তাজউদ্দিনের সঙ্গে সলাপরামর্শ করেন। সেখানে পিন্টু বলেন, ...শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ আগস্ট হামলার জন্য জনশক্তি, অর্থের সংস্থান ও প্রশাসনিকসহ সার্বিক সহায়তা তিনি দেবেন। পরদিন মাওলানা তাহের, আহসান উল্লাহ কাজল, মুফতি মইন ওরফে আবু জান্দাল ও আবদুস সালাম পিন্টু মিরপুর ১ নম্বর পানির ট্যাংকের কাছে মসজিদ-এ আকবর কমপ্লেক্সে মিলিত হন। সেখানে পিন্টু সার্বিক কার্যক্রমের জন্য সিদ্ধান্ত ও করণীয় কাজের ধরন বর্ণনাপূর্বক নির্দেশনা দেন এবং জনসভায় যাঁরা হামলায় অংশ নেবেন, তাঁদের নামের তালিকা দেন। ২০ আগস্ট আহসান উল্লাহ ও আবু জান্দাল পিন্টুর বাসায় গেলে পিন্টু ও মাওলানা তাজউদ্দিন হামলার জন্য ১৫টি গ্রেনেড ও ২০ হাজার টাকা তাঁদের দেন। সেখানে উপস্থিত মাওলানা তাহের বলেন, তিনি ২১ আগস্ট সকালে হরকাতুল জিহাদের বাড্ডার অফিসে আসবেন। বাকি সিদ্ধান্ত সেখানে হবে। মুফতি হান্নান তদন্ত কর্মকর্তাকে জানান, তিনি ওই দিন আহসান উল্লাহ কাজলের মাধ্যমে জানতে পারেন, ২১ আগস্ট হামলার জন্য উপমন্ত্রী পিন্টু ছয়জন লোক দেবেন। তাদের একজনের সঙ্গে পিন্টু আহসান উল্লাহকে পরিচয়ও করিয়ে দিয়েছেন।২১ আগস্ট সকালে হামলার জন্য নির্বাচিত ব্যক্তিরা বাড্ডায় কাজলের বাসায় আসেন। আবু তাহেরও সেখানে ছিলেন। সিদ্ধান্ত অনুযায়ী, আহসান উল্লাহ কাজল (ফরিদপুর), আবু জান্দাল (নড়াইল), আরিফ হাসান (মোহাম্মদপুর), আবু বকর (ফরিদপুর), শাহাদত উল্লাহ ওরফে জুয়েল (নারায়ণগঞ্জ), শুভ (নারায়ণগঞ্জ), ফেরদৌস (মিরপুর), উজ্জ্বল ওরফে রতন (ঝিনাইদহ), মাসুদ (ঝিনাইদহ), আবুল কালাম আজাদ ওরফে বুলবুল (রাজশাহী), ইকবাল (ঝিনাইদহ) ও জাহাঙ্গীরকে (কুষ্টিয়া) গ্রেনেড হামলার দায়িত্ব দেওয়া হয়। তাদের গোলাপ শাহ মাজার মসজিদে অবস্থানকারী অপর ছয়জনের সঙ্গে পরামর্শ করে হামলা চালানোর নির্দেশ দেন আবু তাহের। এরপর ১৫টি গ্রেনেড বুঝিয়ে দেওয়া হয়। দুপুরে সবাই কাজলের বাসায় খাওয়াদাওয়া করে নামাজ পরে জনসভাস্থলে রওনা হন। হামলা চালানোর পর আহসান উল্লাহ মুঠোফোনে মুফতি হান্নানকে তা জানিয়ে যে যাঁর গন্তব্যে চলে যান। অভিযোগপত্রে আসামি মুফতি হান্নানের ছোট ভাই মুন্সী মহিবুল্লাহ ওরফে মফিজ উদ্দিন ওরফে অভি; মাওলানা আবু সাইদ ওরফে ডাক্তার জাফর এবং শরীফ শাহেদুল ওরফে বিপুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দিও উল্লেখ করা হয়েছে।অভিযোগপত্রে বলা হয়, আসামি মুফতি হান্নানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আবদুস সালাম পিন্টুকে গ্রেপ্তার করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে অকপটে স্বীকার করেন, তিনি উপমন্ত্রী থাকাকালীন তাঁর ভাই মাওলানা তাজউদ্দিন, মাওলানা তাহের ও মাওলানা ইদ্রিসকে দুই দিন তাঁর ধানমন্ডির সরকারি বাসায় দেখেছেন। কিন্তু তাঁদের সঙ্গে তাঁর কোনো কথা হয়নি। মুফতি হান্নানের সঙ্গে তাঁর ভাইয়ের আগে থেকেই জানাশোনা ছিল। ২১ আগস্টের গ্রেনেড হামলার কয়েক দিন আগে মাওলানা তাজউদ্দিন ও মাওলানা তাহের অন্য দু-তিনজন মাওলানাকে নিয়ে তাঁর সরকারি বাসভবনে বসে কথাবার্তা বলে চা পর্ব সেরে চলে যান। পরে বাসার গার্ডদের কাছ থেকে তিনি জানতে পারেন, তাজউদ্দিন উগ্রপন্থী অনেক খারাপ লোকজনের সঙ্গে চলাফেরা করেন। পাকিস্তানে পড়ার সময় মুফতি হান্নানসহ অনেকের সঙ্গে তাঁর যোগাযোগ হয় এবং হান্নানের সঙ্গে মিশে তিনি বিদেশ থেকে গুপ্ত পথে গ্রেনেড আনতে পারেন। পিন্টুর দাবি, মুফতি হান্নানের সঙ্গে তাজউদ্দিনের সম্পর্কের বিষয়ে তিনি আইন প্রয়োগকারী সংস্থাকে জানিয়ে তাজউদ্দিনকে গ্রেপ্তারের অনুরোধ করেছিলেন। তিনি গোপালগঞ্জের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী থাকাকালীন মুফতি হান্নান তাঁর বিরুদ্ধে কোটালীপাড়া থানায় বোমা মামলা প্রত্যাহারের আবেদনে সুপারিশ সংগ্রহের জন্য তাঁর ধানমন্ডির বাসায় যান। কিন্ত তিনি মামলা প্রত্যাহারের সুপারিশ করতে অপারগতা জানানোয় মুফতি হান্নান তাঁর বিরুদ্ধে মিথ্যা জবানবন্দি দিয়েছেন।অভিযোগপত্রে বলা হয়, পিন্টুর এই বক্তব্য সঠিক বলে মনে হয় না। কারণ মুফতি হান্নানের মামলা প্রত্যাহারের আবেদনের অনুলিপি পর্যালোচনায় দেখা যায়, হান্নান তত্কালীন স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বরাবর ২০০২ সালে কোটালীপাড়া থানার মামলা নম্বর ০৫(৭) ২০০০, গোপালগঞ্জ থানার মামলা নম্বর ২০ (৭) ২০০০ ও ২১ (৭) ২০০০ থেকে অব্যাহতির জন্য যে আবেদন করেছিলেন, তাতে সুপারিশকারীদের প্রত্যেকের দস্তখতের নিচে তারিখের পর ২০০২ সাল লেখা আছে। যেহেতু পিন্টু ২০০২ সালে গোপালগঞ্জের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন না, তাই ওই সময় সুপারিশের জন্য তাঁর সরকারি বাসভবনে মুফতি হান্নানের যাওয়ার বিষয়টি গ্রহণযোগ্য হয়নি। উপরন্তু, তাঁর ভাই মাওলানা তাজউদ্দিনের কর্মকাণ্ড, মাওলানা তাহেরের সঙ্গে তাঁর সম্পর্ক, পারিপার্শ্বিক অবস্থা ইত্যাদি বিশ্লেষণে ২১ আগস্টের গ্রেনেড হামলা ও পরিকল্পনার সঙ্গে পিন্টুর যোগসাজশের প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া এই মামলায় গ্রেপ্তার হওয়া আসামিদের স্বীকারোক্তি, মুফতি হান্নানের জবানবন্দি, পারিপার্শ্বিক সাক্ষ্য-প্রমাণ, আরিফ হাসানের জবানবন্দি ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে আসামি পিন্টুর বিরুদ্ধে গ্রেনেড হামলায় জড়িত থাকার বিষয়টি স্পষ্ট।অভিযোগপত্রে বলা হয়, মাওলানা তাজউদ্দিন ২১ আগস্টে নিক্ষিপ্ত গ্রেনেডের সরবরাহকারী, ষড়যন্ত্রকারী ও পরিকল্পনাকারী। মুফতি আবদুল হান্নানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও অন্য প্রমাণাদিতে এটি প্রতিষ্ঠিত হয়। এ ছাড়া ওই হামলার আগে থেকে তাজউদ্দিন গ্রেনেড সংগ্রহ, বিভিন্ন স্থানে ব্যবহারের জন্য গ্রেনেড পাঠানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে হরকাতুল জিহাদের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাঁকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়। একপর্যায়ে তাঁর শ্বশুরের মোহাম্মদপুর থানার বছিলার বাড়িতে অভিযান চালিয়ে ভারতে গ্রেপ্তার এই মামলার আসামি মহিবুল মুত্তাকিন ওরফে মুত্তাকিন ও আনিসুল মুরসালিন ওরফে মুরসালিনের দুটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও ছবিযুক্ত ভুয়া ঠিকানায় দুটি পাসপোর্টের ফটোকপি পাওয়া যায়। এতে আসামি মাওলানা তাজউদ্দিনের সঙ্গে ওই মামলার অপরাপর আসামিদের যোগসূত্র এবং হামলা ঘটনার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়। মামলার আসামি মইন উদ্দিন শেখ ওরফে মুফতি মঈন ওরফে মাসুম বিল্লাহ ওরফে আবু জান্দালকে গ্রেপ্তারের পর তাঁর স্বীকারোক্তিতে সাতক্ষীরার দেবহাটা থানার শিমুলিয়া গ্রাম থেকে নজরুল ইসলাম ঘরামীকে গ্রেপ্তার করা হয়। উভয়ের শনাক্তমতে নজরুল ইসলাম ঘরামীর পুকুরপাড়ে মাটির নিচে লুকিয়ে রাখা ২১ আগস্টের হামলায় ব্যবহূত আর্জেস গ্রেনেডের অনুরূপ ৪১টি গ্রেনেড উদ্ধার করা হয়।আসামি আরিফ হাসান ওরফে সুমনের ১৬৪ ধারার জবানবন্দি পর্যালোচনায় দেখা যায়, ওই ঘটনায় মাওলানা তাজউদ্দিন, মাওলানা আবু তাহের, মাওলানা মনির জড়িত এবং তাঁরা আরিফ হাসানের আত্মীয়। এই হামলার ঘটনার সঙ্গে তাঁর সম্পৃক্ততা না থাকলে মাওলানা তাজউদ্দিন, মাওলানা আবু তাহের, মাওলানা মনির যে এর সঙ্গে জড়িত, তা আরিফ হাসানের জানার কথা নয়। রিমান্ডে আরিফ হাসান বলেছেন, আসামি আহসান উল্লাহ কাজলের বাসায় তিনি সাত-আটবার গিয়েছেন। সেখানে অন্যান্য আসামির সঙ্গে এই মামলার ঘটনা-সংক্রান্ত সলাপরামর্শ, পরিকল্পনা ও প্রস্তুতিতে তিনি উপস্থিত ছিলেন। ঘটনার দিন জোহরের নামাজের পর ওই বাসা থেকে দুটি গ্রেনেড নিয়ে অন্যান্য আসামির সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আওয়ামী লীগের সভানেত্রীকে হত্যার উদ্দেশ্যে তা নিক্ষেপ করেছিলেন। এর একটি সেফটি পিন না খুলেই নিক্ষেপ করায় বিস্ফোরিত হয়নি। তাঁর সঙ্গী আসামিরাও গ্রেনেড নিক্ষেপ করেছেন। এরপর তিনি ঘটনাস্থল ত্যাগ করে নিউমার্কেটে যান এবং মাওলানা তাজউদ্দিনের কাছ থেকে আট হাজার টাকা নিয়ে রাজশাহীতে চলে যান। মাওলানা তাজউদ্দিনের ব্যবস্থামতে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবদুল লতিফ ছাত্রাবাসের ৩১২ নম্বর কক্ষে অবস্থান করেন। এই মামলার আসামিরা যেসব স্থানে ঘটনার পরিকল্পনা, ষড়যন্ত্র, প্রস্তুতি, গ্রেনেড নিক্ষেপের কলাকৌশল সম্পন্ন করেছেন, সেই সব স্থান ও বাড়ির খসড়া মানচিত্র সূচিপত্রসহ তৈরি করা হয়েছে।