জঙ্গিদের সম্মিলিতভাবেই রুখতে হবে: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, জঙ্গিবাদ সমাজের শান্তি, স্থিতিশীলতা ও অগ্রগতিকে ব্যাহত করে। পবিত্র ধর্মের নামে যেসব সন্ত্রাসী-জঙ্গি বোমাবাজি করে তাদের সম্মিলিতভাবেই রুখতে হবে। আজ শনিবার রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ চত্বরে ‘জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, পবিত্র ধর্মের নামে সারা বিশ্বে জঙ্গি তত্পরতা চলছে। জঙ্গিরা মানুষের দুর্বলতা যেমন ধর্ম, দারিদ্র্য, জাতীয়তাবাদ, গোষ্ঠীগত দ্বন্দ্ব ইত্যাদিকে ব্যবহার করে। জঙ্গিবাদের মূল শিকার হয় সাধারণ মানুষ। জঙ্গিদের অপতত্পরতা শান্তির ধর্ম ইসলামকে বিশ্ববাসীর কাছে কলংকিত করেছে। তরুণ সমাজকে কোনোভাবেই জঙ্গিদের খপ্পরে পড়তে দেওয়া যাবে না। সব প্রগতিশীল-দেশপ্রেমিক ধর্মভীরু মানুষকে সচেতনতার সঙ্গে জঙ্গিবাদকে প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন তিনি।শিক্ষামন্ত্রী আরও বলেন, একটি সমাজ কতখানি উন্নত তা বোঝা যায় ওই সমাজে মেয়েদের অবস্থান দেখে। মেয়েদের সম্মান দিতে শিখতে হবে, তাদেরকে সম-অধিকার দিতে হবে। শিক্ষাঙ্গনে উত্ত্যক্তকারী বখাটে-সন্ত্রাসীরা মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ করছে, পরীক্ষা দিতে দিচ্ছে না। ফলে অভিভাবেরা মেয়েদের অল্প বয়সে বিয়ে দিতে বাধ্য হচ্ছেন। অনেক ক্ষেত্রে মেয়েরা আর কোনো পথ না পেয়ে আত্মহত্যা পর্যন্ত করতে বাধ্য হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় এসব বখাটে-সন্ত্রাসীকে রুখতে সামাজিক আন্দোলনের ডাক দিয়েছে। জঙ্গিবাদ, ইভটিজিং ইত্যাদি ক্ষেত্রে ছাত্র-শিক্ষক-অভিভাবকদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখারও আহ্বান জানিয়েছেন মন্ত্রী।সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন কবি নজরুল কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শায়লা নাসরীন।কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ রওশন জাহানের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো. নোমান উর রশিদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন, কবি নজরুল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. রফিকুল ইসলাম, সাবেক অধ্যক্ষ অধ্যাপক আলী আকবর খান ডলার প্রমুখ বক্তব্য দেন।—বাসস