জঙ্গিদের সহায়তা করে প্রভাবশালী গোয়েন্দা সংস্থার একাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িত জঙ্গিদের নানাভাবে সহযোগিতা করেছে প্রভাবশালী একটি গোয়েন্দা সংস্থার একাংশ। ওই গোয়েন্দা কর্মকর্তারা গ্রেনেড সরবরাহকারী মাওলানা তাজউদ্দিনসহ কোনো কোনো আসামিকে ভিন্ন নামে পাসপোর্ট তৈরিতে এবং বিদেশে পালিয়ে যেতে সহায়তা করেছেন। ইতিমধ্যে ওই সংস্থাটির সাবেক পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজন ঢাকা মহানগর হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার তদন্ত ও আদালত-সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর হামলার পর প্রভাবশালী ওই গোয়েন্দা সংস্থাটির তৈরি করা গোপন (ক্লাসিফায়েড) দলিলে হামলার প্রধান সন্দেহভাজন হিসেবে আওয়ামী লীগের প্রথম সারির নেতাদের নাম নথিবদ্ধ করা হয়েছে। গত কয়েক বছরের তদন্তে, এ হামলার পেছনে কারা জড়িত বা কীভাবে মামলার তদন্ত ভিন্ন খাতে নেওয়া হয়েছিল, সব বেরিয়ে এলেও সংস্থাটি তাদের সেই দলিল পরিবর্তন করেনি। গোপন সেই দলিলে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রধান সন্দেহভাজন হিসেবে এখনো আব্দুল জলিল, আবদুর রাজ্জাক, আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান নূরসহ আওয়ামী লীগের ১০-১২ জন কেন্দ্রীয় নেতার নাম রয়েছে। এঁদের অনেকে ওই হামলায় আহতও হয়েছেন।আগের তদন্তে হামলায় ব্যবহূত আর্জেস গ্রেনেডের উেসর বিষয়টির সুরাহা না হলেও অধিকতর তদন্তে ওই গ্রেনেড পাকিস্তান থেকে এসেছে বলে ঢাকায় আটক পাকিস্তানি এক জঙ্গিকে জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে। বিএনপি-জামায়াত জোট সরকারের সাবেক উপমন্ত্রী আবদুস সালাম ওরফে পিন্টুর ভাই জঙ্গি নেতা মাওলানা তাজউদ্দিন আক্রমণকারীদের হাতে ওই গ্রেনেড পৌঁছান। গত ২৭ ডিসেম্বর আদালতে মামলার তদন্ত কর্মকর্তার দেওয়া এক প্রতিবেদনে বলা হয়, গ্রেনেডের সরবরাহকারী হিসেবে যাঁদের নাম পাওয়া গেছে, তাঁদের ধরার জোর চেষ্টা চলছে।একই সঙ্গে গ্রেনেড হামলার আগে-পরে জঙ্গিদের সহযোগিতাকারী হিসেবে ইতিমধ্যে তত্কালীন সরকারের দুই মন্ত্রীর বিরুদ্ধে আরও তথ্য পাওয়া গেছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গত দুই মাসে হুজির প্রতিষ্ঠাতা আমির ও ইসলামিক ডেমোক্রেটিক পার্টির (আইডিপি) আহ্বায়ক মাওলানা শেখ আবদুস সালাম, সাবেক উপমন্ত্রী পিন্টু, প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালকসহ পাঁচজন সাবেক গোয়েন্দা কর্মকর্তা ও পাকিস্তানি জঙ্গি মাজেদ ভাট ওরফে ইউসুফ ভাটকে (কাশ্মীরের হিজবুল মুজাহিদিনের সদস্য) জিজ্ঞাসাবাদ করে এসব তথ্য পেয়েছে।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সিআইডির জিজ্ঞাসাবাদে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল (অব.) সাদেক আহমেদ ওরফে রুমী জানিয়েছেন, চারদলীয় জোট সরকারের আমলেই মুফতি হান্নান রিমান্ডে গ্রেনেড হামলার কথা স্বীকার করে বিস্তারিত তথ্য দিয়েছেন। গোয়েন্দা সংস্থাটির প্রধান হিসেবে তখন তিনি বিষয়টি সরকারের শীর্ষ পর্যায়ে অবহিত করার চেষ্টা করেন। কিন্তু তত্কালীন সরকারের শীর্ষ পর্যায় থেকে তাঁকে বলা হয়েছিল, মামলার আসামিরা শনাক্ত হয়ে গেছে, আদালতে জবানবন্দি দিয়েছে (জজ মিয়া), তদন্ত শেষ পর্যায়ে, এখন এসব কী নতুন কথা বলছেন...! মেজর জেনারেল রুমী বলেছেন, ওই পরিস্থিতিতে তিনি আর বিষয়টি নিয়ে এগোতে পারেননি। জেনারেল রুমীর এ বক্তব্য ১৬১ ধারায় লিপিবদ্ধ করা হয়।সরকারি বাসায় বৈঠক, স্বীকারোক্তি সাবেক উপমন্ত্রী পিন্টুর: সিআইডির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে জানান, গ্রেনেড সরবরাহকারী মাওলানা তাজউদ্দিনের বড় ভাই সাবেক উপমন্ত্রী পিন্টুকে গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সিআইডি ভালোভাবে জিজ্ঞাসাবাদের সুযোগ পায়নি। এবার অধিকতর তদন্তকালে সাবেক উপমন্ত্রী পিন্টুকে আবার রিমান্ডে নেওয়া হয়। সর্বশেষ গত ২৪ নভেম্বর একটি যৌথ দল তাঁকে জিজ্ঞাসাবাদ করে বলে জানা যায়।জিজ্ঞাসাবাদকারী সূত্রগুলো জানায়, গ্রেনেড হামলার আগে পিন্টুর ধানমন্ডির সরকারি বাসায় দুবার বৈঠক হয় বলে মুফতি হান্নানের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে পিন্টু স্বীকার করেন, তাঁর বাসায় একবার বৈঠক হয়েছিল। আর ওই বৈঠকে তাঁর ছোট ভাই লস্কর-ই-তাইয়েবার বাংলাদেশি সমন্বয়কারী মাওলানা তাজউদ্দিন, হুজির নেতা মুফতি হান্নান, হুজির মহানগর সভাপতি মাওলানা আবু তাহের ও অন্যরা ছিলেন। পিন্টু দাবি করেছেন, তিনি ওই বৈঠকে অংশ নেননি, বৈঠক চলাকালে তিনি হাঁটতে বের হয়েছিলেন। পিন্টু আরও বলেন, হান্নান যে তাঁর বাসায় তাজউদ্দিনের সঙ্গে একাধিকবার গিয়েছিলেন, তা তিনি পরে নিরাপত্তারক্ষীদের কাছে শুনেছেন। জািজ্ঞাসাবাদে পিন্টু জানান, হামলার আগে মুফতি হান্নান ও তাজউদ্দিন প্রশাসনিক সাহায্য চাইলে তিনি তাঁদের তখনকার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। পরে তিনি তাজউদ্দিনের কাছ থেকে জেনেছেন, তাঁরা বাবরের সঙ্গে একবার দেখা করেছিলেন।তাজউদ্দিনকে ডেকে পাঠান র্যাবের ডিজি: সূত্র জানায়, তদন্ত দলের জেরার মুখে সাবেক উপমন্ত্রী পিন্টু বলেন, ‘মুফতি হান্নান গ্রেপ্তারের পর একদিন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর আমাকে সচিবালয়ে তাঁর রুমে ডেকে বলেন, র্যাবের ডিজি (মহাপরিচালক) বলেছেন, আপনার ভাই তাজউদ্দিন ২১ আগস্টের হামলায় জড়িত, গ্রেনেড সরবরাহ করেছেন। মুফতি হান্নান রিমান্ডে এ ব্যাপারে তথ্য দিয়েছেন। ডিজি র্যাব আপনার সঙ্গে কথা বলতে চান।’ পিন্টু জানান, এরপর তিনি ডিজি র্যাবের সঙ্গে কথা বললে ডিজি একই তথ্য জানিয়ে তাজউদ্দিনকে তাঁর কাছে পাঠাতে বলেন। ডিজি র্যাব এ বিষয়ে তাজউদ্দিনের সঙ্গে কথা বলা দরকার বলে জানান।পিন্টু আরও জানান, তিনি তাজউদ্দিনকে ডিজি র্যাবের সঙ্গে দেখা করতে বলেছেন। পরে তিনি জেনেছেন, তাজউদ্দিন র্যাবের ডিজির কাছে না গিয়ে প্রভাবশালী একটি গোয়েন্দা দপ্তরে গিয়েছিলেন।সিআইডি সূত্র জানায়, তদন্তকারীরা র্যাবের তত্কালীন ডিজি আবদুল আজিজ সরকারের (বর্তমানে অবসরে) বক্তব্য নিয়ে পিন্টুর দেওয়া এ তথ্যের সত্যতা পেয়েছেন। আবদুল আজিজ সরকার সিআইডিকে আরও জানিয়েছেন, ২০০৫ সালের শেষ দিকে র্যাবের কার্যালয়ে মুফতি হান্নান যখন গ্রেনেড হামলার কথা স্বীকার করছিলেন, তখন সেখানে তত্কালীন তদন্ত তদারক কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন ও সহকারী পুলিশ সুপার মুন্সি আতিক এবং র্যাবের গোয়েন্দা শাখার তখনকার পরিচালক উপস্থিত ছিলেন।গোয়েন্দা দপ্তরে তাজউদ্দিনকে পেলেন সালাম: তদন্ত ও জিজ্ঞাসাবাদ-সংশ্লিষ্ট দলের একাধিক সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে আবদুস সালাম পিন্টু বলেছেন, ওই গোয়েন্দা সংস্থাটির প্রধান কার্যালয়ে যাওয়ার পর তাজউদ্দিনকে সেখানে কয়েক দিন রাখা হয়। সেখানে গ্রেনেড হামলা-সংক্রান্ত তাজউদ্দিনের বক্তব্য ভিডিওতে ধারণ করা হয়।একই সূত্র জানায়, হুজির অন্যতম শীর্ষ নেতা মাওলানা আবদুস সালামও জিজ্ঞাসাবাদে বলেছেন, ওই সময় তাঁকে একই গোয়েন্দা সংস্থা ডেকে পাঠায়। মাওলানা কাজী আজিজুল হক (হুজি ও আইডিপির উপদেষ্টা) তাঁকে ওই গোয়েন্দা দপ্তরে নিয়ে যান। সেখানে তাঁকে (মাওলানা সালাম) কয়েক দিন রাখা হয়।মাওলানা সালাম সিআইডিকে জানান, তখন তাঁকে যে কক্ষে রাখা হয়েছিল, তাতে আগে থেকেই ছিলেন মাওলানা তাজউদ্দিন। সেখানে তিনি তাজউদ্দিনের কাছ থেকে জেনেছেন, শেখ হাসিনার সমাবেশে হামলার আগে উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর বাসায় পরিকল্পনা-বৈঠক হয়েছে। মাওলানা সালাম গত ৩ ডিসেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, জবানবন্দিতে মাওলানা আবদুস সালাম ২১ আগস্ট হামলায় নিজের সরাসরি সম্পৃক্ততার কথা অস্বীকার করেন। তবে তিনি বলেছেন, ২০০৪ সালের মার্চে মোহাম্মদপুরের সাতমসজিদ রোডে হুজির কার্যালয়ে প্রথম পরিকল্পনা-বৈঠকে অন্যান্যের সঙ্গে তিনিও ছিলেন। তারপর ওই বছরের এপ্রিলে তিনি পাকিস্তান চলে যান এবং ফিরে আসেন অক্টোবরে।গোয়েন্দা-সহায়তায় বিদেশে পালান তাজউদ্দিন: রিমান্ডে সাবেক উপমন্ত্রী পিন্টুর দেওয়া তথ্য অনুযায়ী, প্রভাবশালী ওই গোয়েন্দা সংস্থাটির জঙ্গি দমন-সংক্রান্ত দলের কিছু কর্মকর্তার পরামর্শে তাজউদ্দিন ২০০৬ সালে রোজার মাসে বিদেশ চলে যান।গত ২৭ ডিসেম্বর আদালতে তদন্ত কর্মকর্তার দেওয়া এক প্রতিবেদনেও বলা হয়, এই মামলার অন্যতম আসামি মাওলানা তাজউদ্দিনের বিদেশে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষ একটি গোয়েন্দা সংস্থার একাংশের সহায়তার ব্যাপারে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।সিআইডি সূত্র জানায়, ওই গোয়েন্দা সংস্থার জঙ্গি দমন-সংক্রান্ত শাখার তত্কালীন এক কর্মকর্তা সিআইডির জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তাঁরা তাজউদ্দিনের জন্য মোহাম্মদ বাদল নামে রাজশাহীর ভুয়া ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট তৈরি এবং বিদেশে যেতে সহায়তা করেন। তাজউদ্দিন ২০০৬ সালের অক্টোবরে ঢাকা থেকে পাকিস্তান যান। সাবেক এই গোয়েন্দা কর্মকর্তা গত ৩ ডিসেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে এ বিষয়ে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গত দুই মাসে তিনজন সাবেক গোয়েন্দা কর্মকর্তা আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। এঁরা হচ্ছেন সেনাবাহিনীর মেজর সৈয়দ মনিরুল ইসলাম, লে. কর্নেল আফজাল নাছির ভূঁইয়া ও নৌবাহিনীর লে. কমান্ডার মিজানুর রহমান। প্রথম দুজন গত নভেম্বরে চাকরিচ্যুত হয়েছেন।তদন্ত-সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এই তিনজন গ্রেনেড হামলার পর জড়িত জঙ্গিদের নানাভাবে সহযোগিতার ক্ষেত্রে ওই সংস্থাটির কিছু কর্মকর্তার ভূমিকা সম্পর্কে তথ্য দিয়েছেন। এর মধ্যে গত নভেম্বরে চাকরিচ্যুত লে. কর্নেল সাইফুল ইসলাম জোয়ার্দারের সম্পর্কে কিছু তথ্য বেরিয়ে আসে। পলাতক এই কর্মকর্তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।প্রসঙ্গত, এসব সাবেক গোয়েন্দা কর্মকর্তা বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রভাবশালী ছিলেন। রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের গ্রেপ্তার এবং জরিমানা আদায়ে তাঁদের ভূমিকা ছিল।আরও জিজ্ঞাসাবাদ: সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনার সময় পুলিশের বিশেষ শাখার প্রধান ও পরবর্তী সময়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আবদুল কাইয়ুম (অবসরপ্রাপ্ত), সাবেক আইজি শহুদুল হক, তত্কালীন ভারপ্রাপ্ত মহানগর পুলিশ কমিশনার মিজানুর রহমান খান, উপকমিশনার (পূর্ব) ওবায়দুর রহমানকে সিআইডি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। হামলার দিন ও পরবর্তী সময়ে এসব পুলিশ কর্মকর্তার ভূমিকা কী ছিল, তা জানতে এ জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁরা তাঁদের অবস্থান ব্যাখ্যা করেন।এর আগে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর, মাওলানা শেখ আবদুস সালাম, মাজেদ ভাট (পাকিস্তানি জঙ্গি), ঢাকা সিটি করপোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওই ওয়ার্ডের বিএনপির নেতা আরিফুল ইসলামকে এ মামলায় গ্রেপ্তার করে এবং আগে থেকে গ্রেপ্তার থাকা আবদুস সালাম পিন্টু ও মাওলানা আবু তাহেরকে পুনরায় রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।একটি গোয়েন্দা সংস্থার সাবেক প্রভাবশালী এক পরিচালককেও (গত বছর বাধ্যতামূলক অবসর) গত মাসে জিজ্ঞাসাবাদ করা হয়। এ ছাড়া ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার অভিযুক্ত আসামি ও হুজির সামরিক শাখার উপপ্রধান জাহাঙ্গীর বদরকে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুবাই চলে যেতে সহায়তা করা হয়েছে বলে র্যাবের গোয়েন্দা শাখার সাবেক এক কর্মকর্তার (বর্তমানে অন্যত্র কর্মরত) বিরুদ্ধেও অভিযোগ রয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।আগের অভিযোগপত্রই তদন্তের মূল ভিত্তি: অধিকতর তদন্তে নিযুক্ত কর্মকর্তারা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলতে রাজি হননি। তবে সিআইডি ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, আদালতের নির্দেশে বর্তমান অধিকতর তদন্তের মূল লক্ষ্য হচ্ছে প্রকৃত সত্যকে বের করা। ওই হামলা এবং তার আগে-পরে হামলাকারীদের কে বা কারা কীভাবে সহায়তা করেছেন সেটা জানার চেষ্টা চলছে।সংশ্লিষ্ট আরেক কর্মকর্তা বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেওয়া অভিযোগপত্রকে এখন অধিকতর তদন্তের মূল ভিত্তি ধরে এগোনো হচ্ছে। ২০০৮ সালে নানা কারণে যেসব বিষয়ে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি, এখন সেসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।গোয়েন্দা কর্মকর্তারা আসামি, না সাক্ষী?: সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, আদালতে জবানবন্দি দেওয়া সাবেক গোয়েন্দা কর্মকর্তাদের গ্রেনেড হামলাকারীদের সহযোগী হিসেবে আসামি, নাকি সাক্ষী করা হবে, সেটা এখনো নির্ধারণ করা হয়নি। তাঁরাসহ জিজ্ঞাসাবাদের আওতায় আনা অন্য সাবেক কর্মকর্তাদের বক্তব্য যাচাই-বাছাই এবং আরও তথ্য-প্রমাণ পাওয়ার পর তা নির্ধারিত হবে।তবে গত ২৭ ডিসেম্বর ঢাকার স্পেশাল ট্রাইব্যুনাল আদালত-১-এ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দের জমা দেওয়া প্রতিবেদনে বলা হয়, ‘গুরুত্বপূর্ণ সাক্ষী’ হিসেবে লে. কমান্ডার মিজানুর রহমান ও লে. কর্নেল মো. আফজাল নাছির ভূঁইয়ার জবানবন্দি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় লিপিবদ্ধ করা হয়েছে।প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় আইভি রহমানসহ দলের ২২ জন নেতা-কর্মী নিহত এবং শেখ হাসিনাসহ কয়েক শ আহত হন। তত্কালীন সরকারের আমলে এর তদন্ত ভিন্ন খাতে নেওয়া হয়। ২০০৭ সালের এক-এগারোর পটপরিবর্তনের পর নতুন করে এ মামলার তদন্ত শুরু হয়। মুফতি হান্নান, আবদুস সালাম পিন্টু, তাঁর ভাই মাওলানা তাজউদ্দিনসহ ২২ জনের বিরুদ্ধে ২০০৮ সালের ১১ জুন ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। এরপর রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গত ৩ আগস্ট মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেন।