জঙ্গিদের হাতে উন্নত প্রযুক্তির বোমা
রাজধানীর দক্ষিণ দনিয়ার জেএমবির আস্তানা থেকে গত রোববার উদ্ধার করা বোমাগুলোতে উন্নত প্রযুক্তি ব্যবহার করেছে জঙ্গিরা। বিশেষজ্ঞরা বলছেন, খুব কম অর্থে এ ধরনের বোমা তৈরি করা যায়। ইরাক ও আফগানিস্তানে এ ধরনের বোমার ব্যবহার আছে বলে তাঁরা জানান। গত রোববার রাতে জেএমবির আস্তানায় অভিযান চালাতে গিয়ে জঙ্গিদের ছোড়া বোমায় আট পুলিশসহ ১০ জন আহত হন। পুলিশ একজনকে আহত অবস্থায় গ্রেপ্তার করতে পারলেও পালিয়ে যান দুই নারীসহ তিনজন। জঙ্গিদের আস্তানা থেকে গোয়েন্দা পুলিশ নয়টি অবিস্ফোরিত ও একটি পিন খোলা বোমা উদ্ধার করে।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার ছানোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল ওই নয়টি বোমা নিষ্ক্রিয় করে গবেষণাগারে পরীক্ষা-নিরীক্ষা করে। বোমা-বিশেষজ্ঞরা জানান, বোমাগুলোতে ‘প্রেশার রিলিজ সুইচ’ ব্যবহার করা হয়েছে। বোমার খোলটিই সুইচ হিসেবে কাজ করে। গ্রেনেডের মতো এর পিনটি খুলে নেওয়ার পর ভেতরের স্প্রিংয়ের চাপে খোলটি এক দিক থেকে খুলে যায়। এরপর একটি ধাতব বস্তু ব্যাটারির সঙ্গে সংযুক্ত হয়ে বিদ্যুৎপ্রবাহ শুরু করে। এতে করে বিস্ফোরণ ঘটে।ওই কর্মকর্তা জানান, সাধারণ ধাতব পানির পাইপ কেটে খোলগুলো বানানো হয়েছে খুবই দক্ষতার সঙ্গে। এর ভেতরে রয়েছে সার্কিট, পেনসিল ব্যাটারি ও সাদা বিস্ফোরক পাউডার। ধারণা করা হচ্ছে, পাউডারগুলো পেন্টারিথ্রিটল টেট্রানিট্রেট (পিইটিএন)। বিস্ফোরক পিইটিএন নিয়ে যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ১০০ গ্রাম পিইটিএন একটি গাড়ি উড়িয়ে দিতে পারে। ২০০১ সালে মিয়ামিতে জুতোর ভেতরে পিইটিএন নিয়ে একজন মার্কিন জেট বিমান উড়িয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা করেন। অপরিচিতি বলে তখন পিইটিএনকে বিস্ফোরক হিসেবে শনাক্ত করতে পারেননি বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা। বোমা-বিশেষজ্ঞরা বলছেন, উদ্ধার করা বোমার ভেতরে কোনো স্প্লিন্টার পাওয়া যায়নি। বিস্ফোরণের পর পাইপের খোলটিই টুকরো টুকরো হয়ে স্প্লিন্টার হিসেবে কাজ করে। খোলের একেকটি টুকরো শরীরে আঘাত হানে বুলেটের মতো। রোববার রাতে বোমা বিস্ফোরণের পর ওই পাইপের খোলের টুকরোর আঘাতে আহত হন কয়েকজন পুলিশ সদস্য। জঙ্গি আস্তানার বাড়িটির দোতলায় বোমা বিস্ফোরণে লোহার দরজায় ছোট ছোট গর্ত তৈরি হয়।তাঁরা জানান, এ ছাড়া বোমাগুলো তৈরিতে বিশেষ এক ধরনের আঠা (গ্লু) ব্যবহার করা হয়েছে। বিশেষ যন্ত্রের সাহায্যে এ আঠা বোমার ভেতরে হালকাভাবে ঢোকানো হয়েছে। তাঁদের মতে, এগুলোর ভেতরে অল্প জায়গায় সর্বোচ্চ পরিমাণ ক্ষতিকারক বস্তু রাখা হয়েছে। এর আগে পর্যন্ত জেএমবির জঙ্গিরা সময়নিয়ন্ত্রিত বোমা, দূরনিয়ন্ত্রিত বোমা এবং ছুড়ে মারা বোমার ব্যবহার করত। এসব বোমা আকারে বড়; বিস্ফোরণ ঘটানো ও বহন করা বিপজ্জনক উল্লেখ করে তাঁরা বলেন, বহনের সময় এগুলো বিস্ফোরিত হওয়ার নজির আছে। গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রে বোমা বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ডিবির বোমা অপসারণ দলের প্রধান ছানোয়ার হোসেন প্রথম আলোকে জানান, যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণকালে প্রেশার রিলিজ সুইচের ওপর তাঁদের পাঠ দেওয়া হয়। তখন তাঁদের বলা হয়েছিল, এ প্রযুক্তির ব্যবহার শুরু করেছে ইরাক ও আফগানিস্তানের জঙ্গিরা।