জঙ্গিনেতা মুফতি হান্নান ৫ দিনের রিমান্ডে
খুলনা মহানগরের নিরালা আবাসিক এলাকার আহমদিয়া জামাত (কাদিয়ানি) মসজিদে বোমা হামলার মামলায় জঙ্গিনেতা মুফতি হান্নানকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে খুলনার মুখ্য মহানগর হাকিম মো. বারেকুজ্জামান আজ সোমবার এ আদেশ দেন। আজ বেলা পৌনে ১১টায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আবদুল হান্নানকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। এ সময় খুলনা সিআইডির পরিদর্শক খন্দকার মিরাজুল বিল্লাহ তাঁকে (মুফতি) সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান। এর পরিপ্রেক্ষিতে আদালত পাঁচ দিন মঞ্জুর করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক খন্দকার মিরাজুল বিল্লাহ প্রথম আলোকে জানান, ১৯৯৯ সালের ৮ অক্টোবর খুলনা মহানগরের আবাসিক এলাকায় কাদিয়ানি মসজিদে জুমার নামাজের সময় মসজিদের ভেতর বোমা হামলা হয়। হামলায় ঘটনাস্থলেই সাতজন নিহত এবং ৩০ আহত হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে খুলনা থানায় মামলা করে। পরে মামলাটি সিআইডিতে যায়। সিআইডি তদন্ত শেষে গত ২০০১ সালে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। পরে বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় এসে মামলাটি পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেয়। সিআইডি পরে মামলাটির অধিকতর তদন্তের জন্য গত জানুয়ারিতে খুলনা মুখ্য মহানগর হাকিম আদালত এবং সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল-১-এ আবেদন করে। আদালত আবেদন মঞ্জুর করেন। পরে মামলার তদন্তের একপর্যায়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি হান্নানকে এ মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানো হয়। তিনি আরও জানান, আজ এ মামলায় আরও তিনজনকে আদালতে হাজির হওয়ার জন্য সমন দেওয়া হয়। এর মধ্যে একজন হাজির হন। অন্যরা পলাতক রয়েছে। আগামী ১৭ জানুয়ারি মামলার পরবর্তী দিন ধার্য রয়েছে।