জঙ্গিবাদ তালাশ না করতে সরকারের প্রতি নিজামীর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামি রাজনীতিকে মৌলবাদী রাজনীতি না বলতে ও জঙ্গিবাদ তালাশ থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী। দলের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী বলেছেন, কেবল পাগল ও শিশুরাই ধর্ম-নিরপেক্ষতাবাদের কথা তুলে ধরতে পারে। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহানগর জামায়াত আয়োজিত সিরাতুন্নবী (সা.) মাহফিলে জামায়াতের এই দুই নেতা এসব কথা বলেন।প্রধান অতিথির বক্তব্যে নিজামী দাবি করেন, ‘রাজনৈতিক নেতৃত্ব আর ধর্মীয় নেতৃত্বের মধ্যে বিভাজন সুন্নত-পরিপন্থী। আমাদের বন্ধুরা বলেন, তাঁরা খোলাফায়ে রাশেদিনের ইসলাম চান, মহানবী (সা.)-এর ইসলাম চান। কিন্তু মওদুদীর ইসলাম চান না। কিন্তু আমরা মওদুদীর আলাদা ইসলাম আছে বলে জানি না। মাওলানা মওদুদী বা অন্য যাঁরা ইসলাম প্রতিষ্ঠার কাজ করছেন, তাঁরা কোনো ব্যক্তির নামে ইসলামের নাম রাখেননি।’মহানবী (সা.) ও খোলাফায়ে রাশেদিনের ইসলাম প্রতিষ্ঠার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক এক বক্তব্যের প্রতি ইঙ্গিত করে জামায়াতের আমির বলেন, ‘আমরা এই বক্তব্যকে স্বাগত জানাই। এটা করতে হলে ইসলামি রাজনীতিকে মৌলবাদ বলা যাবে না। ইসলামি আদর্শের মধ্যে জঙ্গিবাদ তালাশ থেকে বিরত থাকতে হবে। ইসলামি বই-পুস্তককে জঙ্গিবাদী পুস্তক বলা যাবে না।’জামায়াতের নায়েবে আমির (সহসভাপতি) দেলাওয়ার হোসাইন সাঈদী বলেন, ধর্ম ও রাষ্ট্র আলাদা— মোনাফেক ছাড়া কোনো মুসলমান এ কথা বলতে পারে না। পাগল ও শিশুরাই ধর্ম নিরপেক্ষতার কথা তুলে ধরতে পারে।’যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়ার প্রতি ইঙ্গিত করে সরকারের উদ্দেশে সাঈদী বলেন, ‘ইসলামি আন্দোলনের ওপর হাত দেওয়ার চেষ্টা করবেন না। বাংলাদেশের কোনো মুসলমান ঘরে বসে থাকবে না।’জামায়াতের নায়েবে আমির মকবুল আহমাদ, সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য নূরুল ইসলাম, আবদুল হালিম প্রমুখ বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খান।