জঙ্গিবাদ-ধর্মান্ধতা মুক্ত হতে যুদ্ধাপরাধের বিচার করতে হবে
আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, জঙ্গিবাদ, ধর্মান্ধতা ও ধর্মীয় উগ্রবাদ থেকে মুক্তির জন্য যুদ্ধাপরাধের বিচার করতেই হবে। এ বিচার সুষ্ঠুভাবে করতে পারলে এগুলো আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। তিনি যুদ্ধাপরাধীদের বিচারে তরুণ সমাজকে সচেতন হতে এবং এগিয়ে আসতে আহ্বান জানান।আজ শনিবার সকালে ‘যুদ্ধাপরাধের বিচার দ্রুত বাস্তবায়ন ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এক সেমিনারে আইনমন্ত্রী এসব কথা বলেন। আইনমন্ত্রী জানান, মার্চ মাসেই আরেকটি ট্রাইব্যুনাল কাজ শুরু করবে; সেই প্রস্তুতি শেষ হয়েছে। ভবিষ্যতে আরও অনেককে বিচারের আওতায় আনা হবে বলেও তিনি জানান। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য বিচারে সবার সমর্থন ও সাহায্য করা উচিত বলে তিনি মন্তব্য করেন।ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সম্মিলিত তরুণ পেশাজীবী পরিষদ এ সেমিনারের আয়োজন করে। সেমিনারের বিশেষ অতিথির বক্তব্যে আইন প্রতিমন্ত্রী বলেন, একটি গোষ্ঠী বিচারকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। যুদ্ধাপরাধের বিচারের বিরোধিতা করছে বিএনপি তথা বিরোধী দল। জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলায় মধুসূদন ঘরামী ও গৌরাঙ্গ সাক্ষ্য দিয়ে নির্মমতার বর্ণনা দিয়েছেন। এর পরও যারা বিচার প্রক্রিয়ার বিরোধিতা করে, তারা পশুর চেয়েও অধম; মানুষরূপী পশু ছাড়া আর কিছু হতে পারে না। আইন প্রতিমন্ত্রী বলেন, ‘শীর্ষ সাত থেকে আটজন যুদ্ধাপরাধীর বিচার ২০১২ সালের মধ্যেই শেষ করতে চাই। এ নিয়ে হতাশ হওয়ার কারণ নেই।’ তিনি বলেন, যারা বিচার বাধাগ্রস্ত করতে চায়, তাদের প্রতিহত করা হবে। মুক্তিযুদ্ধের পক্ষে ও বিপক্ষে যে বিভাজন, এই বিচারের মধ্য দিয়ে সেই বিভাজন চিরতরে শেষ করে দিতে চাই। সেমিনারে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাংসদ রাশেদ খান মেনন বলেন, যুদ্ধাপরাধের বিচার নিয়ে নানা বিতর্ক হবে। উদাহরণ টেনে তিনি বলেন, ‘বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য নানা চক্রান্ত চলছে। জামায়াত নেতা কাশেম আলী কোটি কোটি টাকার বিনিময়ে লবিস্ট নিয়োগের চুক্তি করেছিলেন। বিচার নিয়ে বিতর্ক সৃষ্টি করতে বিএনপি ও বিশেষ করে জামায়াত আন্তর্জাতিক তত্পরতা অব্যাহত রেখেছে।’ রাশেদ খান মেনন বলেন, ‘বিচার প্রক্রিয়া মসৃণভাবে এগিয়ে নিয়ে যেতে পারব না—এটা মনে করার কোনো কারণ নেই। যুদ্ধাপরাধের বিচার নিয়ে সংশয় ও বিভ্রান্তির কোনো সুযোগ নেই।’ তিনি তদন্ত সংস্থার সদস্যসহ কলেবর বাড়ানোর দাবি জানান। একই সঙ্গে তিনি জনগণকে সংঘবদ্ধ ও ঐক্যবদ্ধ রাখার কথাও বলেন। তরুণ প্রজন্মকে তাদের নিজেদের অবস্থানে থেকে আরও সংঘটিত হওয়ার পরামর্শও দেন তিনি।সেমিনারে সভাপতিত্ব করেন সম্মিলিত তরুণ পেশাজীবী পরিষদের সভাপতি জাকির আহাম্মেদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক শ ম রেজাউল করিম, ওসান গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শহীদুল ইসলাম প্রমুখ।