জঙ্গিবাদ নির্মূলে বিশ্বে বাংলাদেশ মডেল: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, বর্তমান বিশ্ব রাজনৈতিক প্রেক্ষাপটে জঙ্গিবাদ নির্মূলে বাংলাদেশ বিশ্বের মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে বাংলাদেশের সাফল্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে।জাতীয় সংসদে গতকাল বুধবার প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের অপু উকিলের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে অধিবেশনে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।প্রধানমন্ত্রী বলেন, বিগত সরকারের সময় একই দিনে ৫০০ স্থানে বোমাবাজির ঘটনাও ঘটেছিল। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আজ পর্যন্ত দেশে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। দেশের মানুষ এখন আতঙ্কমুক্ত। তিনি বলেন, বাংলাদেশের মাটিতে কোনো জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া হবে না। এমনকি বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে যাতে কেউ অন্য দেশের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করতে না পারে, সে জন্যও সরকার বদ্ধপরিকর।শেখ হাসিনা বলেন, জঙ্গিবাদ নির্মূলে ইতিমধ্যে পাঁচটি জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। আরও কয়েকটি সংগঠনের কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি বলেন, সরকার জঙ্গিবাদ নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়ানো, সামাজিক সচেতনতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর কাজ করছে।বিদ্যুৎ পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে: সরকারি দলের শামসুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত এক হাজার ৯২২ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। বিদ্যুৎ খাতকে স্বয়ংসম্পূর্ণ করতে সরকারি ও বেসরকারি খাতের সমন্বয়ে ২০১৬ সাল নাগাদ ১৫ হাজার মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যে দেশে বিদ্যুৎ পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। তিনি বলেন, বর্তমানে দেশে সরকারি ও বেসরকারি খাতের মোট বিদ্যুৎকেন্দ্রের সংখ্যা ৬২টি। এগুলোর উৎপাদন ক্ষমতা ছয় হাজার ৭২৭ মেগাওয়াট।একই দলের শফিকুল ইসলামের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যায়ক্রমে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হবে। এ কাজের ধারাবাহিকতায় ৪৮২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে ২৪০টিতে ৫০ শয্যা করার মতো অবকাঠামো নির্মাণ করা হয়েছে। বাকিগুলোর কাজ চলছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মানবসম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসনের জন্য স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। চলমান জনশক্তি রপ্তানির দেশ ছাড়াও নতুন নতুন দেশে জনশক্তি রপ্তানির জন্য শ্রমবাজার তৈরির কাজ চলছে।