জঙ্গিবাদ নির্মূলে বিশ্বের মডেল বাংলাদেশ: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান বিশ্বে রাজনৈতিক প্রেক্ষাপটে জঙ্গিবাদ নির্মূলে বাংলাদেশ বিশ্বে মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে বাংলাদেশের সাফল্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে।আজ বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরপর্বে সরকারি দলের সাংসদ অপু উকিলের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জাতীয় সংসদে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।প্রধানমন্ত্রী বলেন, বিগত চারদলীয় জোট সরকারের সময় একই দিনে ৫০০টি জায়গায় বোমাবাজির ঘটনাও ঘটেছিল। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আজ পর্যন্ত দেশে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। দেশের মানুষ এখন আতঙ্কমুক্ত।প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, বাংলাদেশের মাটিতে কোনো জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া হবে না। এমনকি বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে কেউ যেন অন্য দেশে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করতে না পারে সে জন্য সরকার বদ্ধপরিকর।জঙ্গিবাদ নির্মূলে ইতিমধ্যে পাঁচটি জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। আরও কয়েকটি সংগঠনের কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।