জঙ্গিবাদ বিষয়ে জোট সরকারের ‘অস্বীকার ও কালক্ষেপণের নীতি’
আড়াই লাখ মার্কিন তারবার্তা ফাঁস করেছে উইকিলিকস। মার্কিন কূটনীতিকদের ভাষ্যে এসব তারবার্তায় বেরিয়ে এসেছে বাংলাদেশের রাজনীতি ও ক্ষমতার অন্দরমহলের খবরবিগত চারদলীয় জোট সরকারের শেষ সময়ে জঙ্গিবাদ বিষয়ে সরকারের ‘অপর্যাপ্ত উদ্যোগ’ ও মনোভাবের তীব্র সমালোচনা করেছিল ঢাকার মার্কিন দূতাবাস। দূতাবাসের বিশ্লেষণ অনুযায়ী, জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের নীতি ছিল ‘অস্বীকার ও কালক্ষেপণ’। তবে এ নীতি যে কাজে আসছে না, সে উপলব্ধি সরকারে আসতে শুরু করেছিল জেএমবির অব্যাহত সহিংসতায়।বাংলাদেশে জঙ্গিদের কর্মকাণ্ড এবং এ ক্ষেত্রে সরকারের উদ্যোগ ও পদক্ষেপ পর্যালোচনা করে ২০০৫ সালের ২১ নভেম্বর ঢাকার মার্কিন দূতাবাস থেকে ওয়াশিংটনে একটি কূটনৈতিক তারবার্তা পাঠানো হয়। সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকস গত ৩০ আগস্ট একসঙ্গে যে প্রায় আড়াই লাখ তারবার্তা হুবহু ফাঁস করে দিয়েছে, এটি তার অন্যতম।দূতাবাসের তারবার্তায় বলা হয়, সহিংসতার ঘটনা রাজনৈতিক বা সন্ত্রাসবাদী যা-ই হোক না কেন, বাংলাদেশ সরকার সব সময় গৎবাঁধা জবাব দিয়ে থাকে। সরকার কী বলবে, সেটা আগে থেকে বলে দেওয়া যায়। প্রথমত, সরকার ঘটনার নিন্দা জানায়। এরপর জানায়, দুষ্কৃতকারীদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে। তারপর বলে, বাংলাদেশ ও বাংলাদেশ সরকারকে বিব্রত করার জন্য এটি ঘটানো হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে হয়তো প্রধানমন্ত্রী নিজেই বলবেন, এর পেছনে বিরোধী দল বা ভারতের হাত আছে।তারবার্তায় আরও বলা হয়, কোনো ঘটনা ঘটলে তড়িঘড়ি করে কিছু চুনোপুঁটিকে আটক করা হয়। কিন্তু দু-এক সপ্তাহের মধ্যেই আবার তাঁদের ছেড়ে দেওয়া হয়। বেশির ভাগ ক্ষেত্রে কোনো যথাযথ তদন্ত করা হয় না, যদিও দু-একটি বড় ঘটনায় এর ব্যতিক্রম ঘটেছে। দূতাবাস আরও বলে, এ ধরনের বেশির ভাগ ঘটনাকে সরকার সাধারণ অপরাধ হিসেবে দেখে। বৃহত্তর রাজনৈতিক প্রক্রিয়ার ওপর এর প্রভাব বা জঙ্গি ইসলামপন্থীদের লক্ষ্য বা উদ্দেশ্যের পরিপ্রেক্ষিতে খতিয়ে দেখে না।দূতাবাসের মতে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সরকার অপেক্ষায় থাকে এ ঘটনা নিয়ে দেশে ও দেশের বাইরে উত্তেজনা কখন থামবে। তবে সরকারের এই কৌশল কাজে আসছে না জেএমবির ক্ষেত্রে। এ সংগঠনটি একের পর এক হত্যা, বোমাবাজি ও হামলার হুমকি দিয়ে যাচ্ছে। ১৭ আগস্ট দেশজুড়ে বোমা হামলার ঘটনাটি এখন জঙ্গিবাদের উদ্বোধনী তোপ হিসেবে ভাবা হচ্ছে। এ ঘটনার কিনারা করতে সরকারের ব্যর্থতা স্পষ্টতই দৃশ্যমান। জেএমবি এখন আরও বেশি হামলার হুমকি দিয়ে যাচ্ছে। এমনকি সরকারি মন্ত্রী, বিচারকেরাও তাদের হামলার তালিকায় ঢুকে পড়ছে।তারবার্তায় উল্লেখ করা হয়, বিএনপির কমপক্ষে দুইজন সাংসদ প্রকাশ্যে বলেছেন, জঙ্গিদের সঙ্গে সরকারের আঁতাত আছে। অর্থমন্ত্রী সাইফুর রহমানসহ কয়েকজন মন্ত্রী তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।দূতাবাস তারবার্তায় আরও মন্তব্য করে, জেএমবির সহিংসতা মোকাবিলার বিষয়টি বাংলাদেশ সরকার এখনো সাধারণ আইনশৃঙ্খলা ইস্যু হিসেবে দেখছে। জঙ্গিবাদকে দেশের অন্যতম প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে কৌশলগত পদক্ষেপ নিতে সরকার এখনো অনীহ।তারবার্তায় বলা হয়, মার্কিন সরকার নয়, অন্য কাউকে এখন খালেদা জিয়াকে বোঝাতে হবে যে তাঁর পুনর্নির্বাচিত হওয়ার ক্ষেত্রে জামায়াতে ইসলামীর সমর্থন হারানোর ভয় প্রধান সমস্যা নয়; বরং তাঁর প্রধান হুমকি, দেশের মানুষের কাছে নিজের দলের গ্রহণযোগ্যতা কমে যাওয়া।