জঙ্গিবাদীদের প্রকাশ্য রাজনীতিতে আনার সুপারিশ নিজামীর
ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হলে বাংলাদেশে ইসলামি জঙ্গিবাদীরা সুবিধা নেবে। জঙ্গিবাদের সঙ্গে জড়িত ব্যক্তিদের প্রকাশ্য গণতান্ত্রিক রাজনীতিতে নিয়ে আসা উচিত।গতকাল বুধবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর জামায়াত আয়োজিত পেশাজীবী সমাবেশে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী এ কথা বলেন। তিনি বলেন, জঙ্গিবাদের সঙ্গে এ দেশের প্রতিষ্ঠিত ইসলামি দল ও ব্যক্তিকে অভিযুক্ত করার কোনো সুযোগ নেই। ইসলামি সব দল গণতন্ত্রে বিশ্বাসী।...এই শক্তিকে যদি ময়দানে প্রকাশ্যে কাজ করতে দেওয়া না হয়, তাহলে জঙ্গিবাদের সঙ্গে জড়িত যারা বলত ইসলামে গণতন্ত্র নেই, তারা সুবিধা পেয়ে যাবে। শুধু বংলাদেশে নয়, গোটা দক্ষিণ এশিয়াতেই জঙ্গিবাদ সুবিধা পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে।’জামায়াতের আমির বলেন, যারা জঙ্গিবাদের অবসান চায়, তাদের উচিত জঙ্গিবাদীদের গণতান্ত্রিক রাজনীতিতে নিয়ে আসা। কিন্তু তারা উল্টোটা করছে। গণতন্ত্রে যারা বিশ্বাসী, তাদের রাজনীতি নিষিদ্ধ করতে চায়। এটা অপরিণামদর্শী ও আত্মঘাতী হবে।ধর্মভিত্তিক সব দলকে সরকারের বিরুদ্ধে একাট্টা হওয়ার আহ্বান জানিয়ে নিজামী বলেন, শুধু জামায়াত একা নয়, সব ইসলামি দলের ওপর আঘাত আসছে। সব ইসলামি দলকে নিজেদের মধ্যে খুঁটিনাটি মতপার্থক্য ভুলে গিয়ে ঐক্যে আসতে হবে।গত সোমবার আইনমন্ত্রী শফিক আহমেদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন, সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল হলে দেশ বাহাত্তরের সংবিধানে ফিরে যাবে। সেখানে ধর্মের ভিত্তিতে রাজনীতি, সংগঠন, সংঘ করা নিষিদ্ধ আছে। তবে সংবিধানে সংযোজিত বিসমিল্লাহ্ ও রাষ্ট্রধর্ম ইসলাম পরিবর্তন করা হবে না।জামায়াতের গতকালের আলোচনা সভায় নিজামী ছাড়া অন্য নেতারা আন্দোলনের হুমকি দেন। কেউ কেউ আকার-ইঙ্গিতে পঁচাত্তরের হত্যাকাণ্ডকে স্মরণ করে এ থেকে শিক্ষা নিতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।সভাপতির বক্তব্যে মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খান বলেন, ‘বাংলাদেশের জনগণ ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে দেবে না। পাড়ায়, মহল্লায় জনগণ ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবে।’জামায়াতের নায়েবে আমির মকবুল আহমেদ বলেন, বাকশালের পরিণতি থেকে সরকারের শিক্ষা গ্রহণ করা উচিত। তাদের পরিণতি খারাপের দিকে যাওয়ার আগেই যেন শুভবুদ্ধির উদয় হয়।জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা বলেন, সরকার শুভবুদ্ধির পরিচয় না দিলে এর খেসারত দিতে হবে।আরেক সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেন, বাংলাদেশের জনগণ জীবন থাকতে কোনোভাবেই ইসলামের ভিত্তিতে রাজনীতি বন্ধ করার চক্রান্ত সফল হতে দেবে না। যদি সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সরকার এটা করে, তাহলে এর পরিণতি হবে ভয়াবহ।জামায়াতের সাংসদ হামিদুর রহমান আযাদ বলেন, ‘আইনমন্ত্রী বিচারাধীন বিষয়ে যে কথা বলেছেন, তাতে আদালত অবমাননা হয়েছে। এ জন্য তাঁকে পদত্যাগ করতে হবে।’ইসলামী আন্দোলনের প্রতিবাদ: চরমোনাইয়ের পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের কার্যনির্বাহী পরিষদের সভায় বক্তারা বলেছেন, মহাজোট সরকার দেশ ও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র বাস্তবায়ন করতেই ইসলামি রাজনীতি নিষিদ্ধ করতে চাইছে। জঙ্গিবাদের অজুহাত দিয়ে কওমি মাদ্রাসাশিক্ষাকে বিতর্কিত করতে অপপ্রচার চালাচ্ছে। গতকাল পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক হয়। দলটি আগামী শুক্রবার মুক্তাঙ্গনে সমাবেশের ডাক দিয়েছে।