জামায়াতে ইসলামী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে জঙ্গিবাদের উদ্যোক্তা ও লালনপালনকারী আখ্যা দিয়েছে। দলটির নেতারা আজ শনিবারও মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে কাজ করার কথা স্বীকার করেছেন। তাঁরা দাবি করেছেন, জঙ্গিবাদের সঙ্গে তাঁদের কোনো সম্পর্ক নেই। কয়েকটি পত্রিকা একজোট হয়ে তাঁদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে।আজ বিকেলে বড় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আইনজীবীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় দলের ভারপ্রাপ্ত আমির ও সেক্রেটারি জেনারেল উপর্যুক্ত কথাগুলো বলেন। জামায়াতের গ্রেপ্তার নেতাদের মুক্তির দাবিতে জনমত সংগঠনের লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ বলেন, জামায়াতের নেতাদের রিমান্ডে নেওয়ার পর থেকে গোয়েন্দারা সাংবাদিকদের নিয়ে আজগুবি কাহিনি বানাচ্ছেন। রিমান্ডে যা বলা হয়, তা বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এর পরও এসব নিয়ে পত্রিকায় কীভাবে লেখা হচ্ছে।আইনজীবীদের উদ্দেশে মকবুল আহমাদ বলেন, পত্রিকাগুলো একজোট হয়ে নানা সংবাদ প্রকাশ করছে। আইনজীবীরা এটা চ্যালেঞ্জ করতে পারেন।একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার বিষয়ে মকবুল আহমাদ বলেন, ‘গোটা জিনিসটাই ষড়যন্ত্র, একটা খেলা। এটা বন্ধ করতে হবে। এটা দিয়ে আপনারা পার পাবেন না।’ সংবিধান সংশোধন বিষয়ে গঠিত বিশেষ কমিটিতে জামায়াতের অংশ নেওয়ার সুযোগও তিনি দাবি করেন।বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেন, জঙ্গিবাদের সঙ্গে আমাদের জড়িত করার চেষ্টা হাস্যকর। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনা ১৬টি জঙ্গি সংগঠনের নাম প্রকাশ করেছিলেন। তিনিই তাদের উদ্যোক্তা, তিনিই তাদের লালনপালন করেন।এ টি এম আজহার বলেন, বর্তমান সরকার জঙ্গিবাদ দূর করতে পারবে না। কারণ সারা দেশে জঙ্গিবাদ, সন্ত্রাস ও সর্বহারাদের লালন-পালন করছে সরকার।একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার বিষয়ে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বলেন, ‘৪০ বছর আগে জামায়াতের কী এমন অবস্থান ছিল। জামায়াতকে ধ্বংস করার জন্য ৪০ বছর আগের অপরাধের সঙ্গে জড়িত করে তাঁদের (জামায়াতের নেতাদের) শাস্তি দিতে চায়? তাঁদের অপরাধ ছিল, তাঁরা এক পাকিস্তান চেয়েছিলেন। এটা অপরাধ হলে আওয়ামী লীগেও এমন অনেকে আছেন। তাঁদেরও গ্রেপ্তার করুন।’সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর জামায়াতের সেক্রেটারি সাংসদ হামিদুর রহমান আযাদ বলেন, দেশে মানবাধিকার লঙ্ঘনের মহোত্সব চলছে। দেশে মনে হয় নাৎসি শাসন চলছে। আইন প্রয়োগকারী সংস্থাকে বেআইনি কাজ করতে সরকার বাধ্য করছে।