প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে জঙ্গিবাদের উদ্যোক্তা ও লালনপালনকারী বলে আখ্যা দিয়েছে জামায়াতে ইসলামী। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে কাজ করার বিষয়টিও স্বীকার করেছেন জামায়াতের নেতারা। তবে তাঁরা দাবি করেছেন, জঙ্গিবাদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। কয়েকটি পত্রিকা একজোট হয়ে তাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে। গতকাল বিকেলে বড় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আইনজীবীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় দলের ভারপ্রাপ্ত আমির ও সেক্রেটারি জেনারেল এসব কথা বলেন। জামায়াতের গ্রেপ্তার নেতাদের মুক্তির দাবিতে জনমত গঠনের লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ বলেন, জামায়াত নেতাদের রিমান্ডে নেওয়ার পর থেকে গোয়েন্দারা সাংবাদিকদের নিয়ে আজগুবি কাহিনি বানাচ্ছেন। রিমান্ডে যা বলা হয়, তা বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। অথচ এসব নিয়ে পত্রিকায় লেখা হচ্ছে।একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার বিষয়ে মকবুল আহমাদ বলেন, গোটা জিনিসটাই ষড়যন্ত্র, একটা খেলা। এটা বন্ধ করতে হবে। এটা করে আপনারা পার পাবেন না। সংবিধান সংশোধন বিষয়ে গঠিত বিশেষ কমিটিতে জামায়াতের অংশগ্রহণের সুযোগও চান তিনি। বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেন, ‘জঙ্গিবাদের সঙ্গে আমাদের সম্পৃক্ত করার চেষ্টা করা হচ্ছে। এটা হাস্যকর। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনা ১৬টি জঙ্গি সংগঠনের নাম প্রকাশ করেছিলেন। ...তিনিই তাদের উদ্যোক্তা, তিনিই তাদের লালনপালন করেন।’এ টি এম আজহার বলেন, বর্তমান সরকার জঙ্গিবাদ দূর করতে পারবে না। কারণ, সারা দেশে জঙ্গিবাদ, সন্ত্রাস ও সর্বহারাদের লালনপালন করছে সরকার।একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার বিষয়ে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বলেন, ‘৪০ বছর আগে জামায়াতের কী এমন অবস্থান ছিল। ...জামায়াতকে ধ্বংস করার জন্য ৪০ বছর আগের অপরাধের সঙ্গে সম্পৃক্ত করে তাঁদের (জামায়াতের নেতাদের) শাস্তি দিতে চান? তাঁদের অপরাধ ছিল, তাঁরা এক পাকিস্তান চেয়েছিলেন।’সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর জামায়াতের সেক্রেটারি সাংসদ হামিদুর রহমান আযাদ বলেন, দেশে মানবাধিকার লঙ্ঘনের মহোৎসব চলছে। আইন প্রয়োগকারী সংস্থাকে বেআইনি কাজ করতে সরকার বাধ্য করছে।