জঙ্গিবাদের কুফল পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হচ্ছে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেছেন, ‘জঙ্গিবাদ প্রতিরোধে এবং এ বিষয়ে সচেতনতা বাড়াতে জঙ্গিবাদের সুফল ও কুফল পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।’আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে আয়োজিত এক সভায় প্রতিমন্ত্রী এ কথা বলেন। এ বিষয়ে উদ্যোগ নিতে শিক্ষা মন্ত্রণালয়কেও বলা হয়েছে।বৈঠক শেষে শামসুল হক সাংবাদিকদের বলেন, জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার কার্যক্রমে আমরা বিভিন্ন মন্ত্রণালয়কে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। এই মন্ত্রণালয়গুলোর মধ্যে আছে স্বাস্থ্য, সমাজকল্যাণ, ধর্ম ও শিক্ষা। এসব মন্ত্রণালয়ে তৃণমূল পর্যায়ে যে কার্যক্রম আছে তার সঙ্গে ধর্মীয় বিষয়কে অন্তর্ভুক্ত করার কার্যক্রমকেও বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া সারা দেশে মসজিদগুলোতে সচেতনতামূলক কার্যক্রমের ব্যাপারে বয়ান দেওয়ার জন্য ইমামদের সহযোগিতাও চাওয়া হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হকের সভাপতিত্বে এ বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরী, শিক্ষা সচিব, পুলিশের আইজি নূর মোহাম্মদসহ সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।