জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক খালেদা জিয়া
তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু অভিযোগ করেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জঙ্গিবাদ-সাম্প্রদায়িকতার প্রধান পৃষ্ঠপোষক। সারা দেশে জামায়াত-শিবির সশস্ত্র জঙ্গিবাদী কার্যকলাপ চালিয়ে গেলেও খালেদা জিয়া তাদের বিরুদ্ধে কোনো কথা না বলে সাফাই গাইছেন। আজ বুধবার সকালে বগুড়া সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী এ কথা বলেন। তিনি অভিযোগ করেন, একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করার পাশাপাশি খালেদা জিয়া তাদের রক্ষায় বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। হাসানুল হক ইনু বলেন, ‘জামায়াত নির্বাচন কমিশন থেকে গণতন্ত্রের ছাড়পত্র নিয়ে রাজনীতি করলেও একাত্তরের ঘাতকের চরিত্র পরিবর্তন করতে পারেনি। তারা প্রথম থেকেই দ্বৈতভূমিকা পালন করে চলেছে। একদিকে তারা রাজনৈতিক দল হিসেবে কর্মকাণ্ড চালাচ্ছে, অন্যদিকে সশস্ত্র কর্মকাণ্ড অব্যাহত রেখেছে।’ তিনি বলেন, ইদানীং গোটা দেশে তারা পুলিশের ওপর সশস্ত্র হামলা করছে। পুলিশের মার খাওয়া মানে রাষ্ট্রের অস্তিত্ব হুমকির মুখে পড়া। গত ২২ বছরের গণতান্ত্রিক প্রক্রিয়াও হুমকির মুখে পড়েছে।জামায়াত-শিবিরের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া জামায়াত-শিবিরের সাম্প্রতিক সশস্ত্র হামলা দেখার পরও কেন তাদের ১৮-দলীয় জোটে রেখেছেন? যত দিন পর্যন্ত উনি জামায়াত ও জঙ্গিদের বহিষ্কার না করছেন, যুদ্ধাপরাধীদের বিচারে প্রকাশ্য ঘোষণা না দিচ্ছেন, তত দিন পর্যন্ত ওনার মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা একটি বুলি মাত্র।’ তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে। এ জন্য একটি আইনও করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, এই বিচার-প্রক্রিয়া বাধাগ্রস্ত করাও অপরাধ, আদালত অবমাননার শামিল।’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু বলেন, গত কয়েক বছর বেসরকারি টেলিভিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও এই মাধ্যমের সাংবাদিকদের জন্য কোনো ওয়েজবোর্ড নেই। তাঁদের ওয়েজবোর্ডে আনতে সরকার কাজ করছে।