জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কাউকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে এ দেশের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না। গত বুধবার রাতে টোকিওতে প্রধানমন্ত্রী তাঁর সফরসঙ্গী বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। তিনি বলেন, ‘নির্বাচনী ইশতেহার অনুযায়ী আমরা এমন একটি শান্তিপূর্ণ দেশ গড়তে চাই, যেখানে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও দুর্নীতির কোনো স্থান থাকবে না।’ খবর বাসস ও ইউএনবির।জাপান সফর ‘খুবই সফল’ হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার ও বাণিজ্যের সুযোগ-সুবিধা বাড়ানোর ব্যাপারে জাপানের নেতা ও বিনিয়োগকারীদের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। রাশিয়া ও বেলজিয়াম সফরও সফল বলে বর্ণনা করেন তিনি।শেখ হাসিনা বলেন, জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান নিজেই বহু কাঙ্ক্ষিত পদ্মা সেতু নির্মাণে বাংলাদেশকে অতিরিক্ত ১০ কোটি ডলার ঋণ প্রদানের ঘোষণা দিয়েছেন। এটা খুবই উৎসাহব্যঞ্জক। অতিরিক্ত ১০ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তার এ ঘোষণা দেওয়ায় ২৯০ কোটি ডলারের এই বিশাল প্রকল্পে জাপানের আর্থিক সহায়তার পরিমাণ ৪০ কোটি ডলারে দাঁড়াবে। এর আগে টোকিও এই সেতু নির্মাণের জন্য বাংলাদেশকে ৩০ কোটি ডলার দেওয়ার অঙ্গীকার করে।প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা জাপানের উদ্যোক্তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি এবং তারা বাংলাদেশে বিভিন্ন সেতু, উড়াল পথ ও পাতালরেল নির্মাণ এবং বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র স্থাপনের মতো অবকাঠামো উন্নয়ন খাতে বিনিয়োগে আগ্রহী।’ তিনি বলেন, ব্যবসায়ীরা ব্যবসা করবেন এবং সরকার তাদের প্রয়োজনীয় সহায়তা দেবে।দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দল বিএনপি হরতাল আহ্বান ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। সেনাবাহিনীর সম্পদ দখলে রাখতে তারা হরতাল করছে বলে অভিযোগ করেন তিনি।বিদ্যুদ্বিভ্রাট-সম্পর্কিত এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, এ সমস্যার সমাধানে সরকার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। সরকার বিদ্যুতের ৩০টি নতুন কেন্দ্র স্থাপনের কাজ শুরু করেছে এবং আরও ১০টি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ শিগগির শুরু করা হবে। এ প্রসঙ্গে তিনি দেশের বিদ্যুতের উৎপাদন বাড়াতে সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করেন।বিগত চারদলীয় জোট সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদনের পরিবর্তে তারা এই খাত থেকে কোটি কোটি টাকা লুটপাটে ব্যস্ত ছিল।সাংবাদিক প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে ছিলেন ইত্তেফাক-এর উপদেষ্টা সম্পাদক হাবিবুর রহমান মিলন ও ভোরের কাগজ-এর সম্পাদক শ্যামল দত্ত। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাশিয়া, বেলজিয়াম ও জাপানে ১২ দিনের সফর শেষে গতকাল দেশে ফিরেছেন। গতকাল রাত আটটা পাঁচ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী একেএ-১৯২ ফ্লাইটের বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।এর আগে প্রধানমন্ত্রী স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে স্বদেশের উদ্দেশে টোকিও ত্যাগ করেন। পথে তিনি হংকং বিমানবন্দরে যাত্রাবিরতি করেন।