জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি বিলাওয়ালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোমা হামলায় নিহত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারি পাকিস্তানে গণতন্ত্র বহাল রাখতে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। আজ বৃহস্পতিবার পাকিস্তানের সিন্ধু প্রদেশে পারিবারিক কবরস্থানের পাশে আয়োজিত এক জনসমাবেশে এ কথা বলেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) এ তরুণ সভাপতি।বেনজির ভুট্টোর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সমাবেশে পিপিপির সমর্থকদের উদ্দেশে বিলাওয়াল বলেন, গণতন্ত্রকে সমুন্নত করতে তিনি (বেনজির) জীবন বিসর্জন দিয়েছেন। এ সময় বিলাওয়াল ‘জনগণই ক্ষমতার উত্স’ বলেও উল্লেখ করেন।শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পাকিস্তান প্রতিষ্ঠায় তাঁর দল কাজ করবে উল্লেখ করে বিলাওয়াল বলেন, ‘গণতন্ত্রের আলোকশিখা জ্বলা শুরু করেছে।’বিবিসির খবরে বলা হয়, সিন্ধু প্রদেশে পিপিপির সমর্থকদের উদ্দেশে ভুট্টো ও জারদারিপুত্রের ভাষণটি সরাসরি রেডিও ও টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে। ফলে প্রথমবারের মতো তাঁর কোনো বক্তব্য সরাসরি শুনেছে পাকিস্তানিরা। বক্তব্য দেওয়ার সময় বেশ দৃঢ়চিত্ত এবং আবেগতাড়িত হতে দেখা গেছে তাঁকে।ওই সমাবেশে জনতার উদ্দেশে ভাষণ দেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিও। তিনি আগামী নির্বাচন স্বাধীন ও নিরপেক্ষ হবে বলে দাবি করেন।পিপিপির সমর্থকেরা বেনজির ভুট্টো ও তাঁর বাবা জুলফিকার আলী ভুট্টোর ছবি হাতে সমাবেশে অংশ নেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা সমাবেশের চারপাশে কড়া সতর্ক অবস্থান নেন।