জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে ইমামদের প্রতি আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই। শান্তি, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের ধর্ম ইসলাম কখনো সন্ত্রাস ও জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় না। এসবের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে ইমাম ও আলেম সমাজকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।আজ বুধবার ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁওয়ের প্রধান কার্যালয়ের মিলনায়তনে ‘জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে ইমাম ও আলেম সমাজের ভূমিকা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেছেন।কর্মশালার প্রধান অতিথি ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া বলেন, বিগত সরকারের সময়ে সারা দেশে ৬৩ জেলায় ৫৫৪টি স্থানে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। মানুষ হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। এসবের পেছনে কারা জড়িত, তা দেশবাসী জানে। তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ বর্তমান সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ইমাম ও আলেম সমাজের ইতিবাচক ভূমিকার কথা প্রধানমন্ত্রী জাতিসংঘের মাধ্যমে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন।ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, মসজিদের ইমামদের পেছনে দেশের সব মানুষ নামাজ আদায় করেন। ইমামদের স্থান সবার ঊর্ধ্বে। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে খুতবার আগে বয়ান করার জন্য তিনি ইমামদের প্রতি আহ্বান জানান।বিশেষ অতিথির বক্তৃতায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব আবদুস সোবহান সিকদার বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মানুষ হত্যা ইসলাম সমর্থন করে না। এটি বন্ধ করার ব্যাপারে সবার ভূমিকা রাখা প্রয়োজন। জঙ্গিবাদ নিরসনে শুধু আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট নয় উল্লেখ করে তিনি বলেন, সমাজের সব শ্রেণী ও পেশার লোকদের ভূমিকা রাখতে হবে।পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেন, জঙ্গিবাদ নিয়ন্ত্রণে বাংলাদেশ যে সক্ষমতা অর্জন করেছে, তা শুধু দেশে নয়, আন্তর্জাতিকভাবেও প্রশংসিত হচ্ছে। শান্তির বাতাবরণ সৃষ্টি করতে হলে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে চলমান কার্যক্রম অব্যাহত রাখতে হবে বলে তিনি মনে করেন।ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের সভাপতিত্বে অনুষ্ঠানে ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর খন্দকার গোলাম মাওলা নকশেবন্দী ও সমন্বয় বিভাগের পরিচালক মুহাম্মদ তাহের হোসেন বক্তৃতা করেন।