জঙ্গিবিরোধী লড়াইয়ে পাকিস্তানের সক্রিয় ভূমিকা চায় যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, ওয়াশিংটন-ইসলামাবাদ সম্পর্ক এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছে। এই অবস্থায় জঙ্গিবিরোধী লড়াইয়ে পাকিস্তানকে আগের চেয়ে আরও বেশি ভূমিকা রাখতে হবে। পাকিস্তানে এক ঝটিকা সফরে এসে গতকাল শুক্রবার ইসলামাবাদে সংবাদ সম্মেলনে হিলারি ক্লিনটন এ কথা বলেন।মার্কিন সেনা অভিযানে পাকিস্তানে ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর দেশ দুটির সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতেই হিলারি ও মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান অ্যাডমিরাল মাইক মুলেনের গতকাল পাকিস্তানে ঝটিকা সফর। অ্যাবোটাবাদের সামরিক ঘাঁটির কাছে লাদেনের আত্মগোপন এবং পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে মার্কিন বাহিনীর অভিযান নিয়ে ওয়াশিংটন-ইসলামাবাদের মধ্যে যে শীতল উত্তেজনা দেখা দেয়, তা প্রশমিত করতে এবং একই সঙ্গে জঙ্গি ইস্যুতে ইসলামাবাদকে চাপ দিতে হিলারির এ সফর বলে কূটনৈতিক মহলের ধারণা। পাকিস্তান সরকার ওসামা বিন লাদেনের নিহত হওয়ার ঘটনাকে স্বাগত জানালেও মার্কিন গোপন অভিযানের তীব্র সমালোচনা করে। অন্যদিকে অনেক মার্কিন আইনপ্রণেতা পাকিস্তানের বিরুদ্ধে লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগ তোলেন। তাঁরা এ ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানকে মার্কিন অর্থ-সহায়তা বন্ধ করে দেওয়ারও আহ্বান জানান। তবে হোয়াইট হাউস বলেছে, তারা এখনো পাকিস্তানকে সন্ত্রাসবিরোধী যুদ্ধের সহযোগী হিসেবে বিবেচনা করে।নাম প্রকাশ না করার শর্তে পাকিস্তানের কর্মকর্তারা এএফপিকে বলেছেন, গত বুধবার হিলারি পাকিস্তান সফরের সিদ্ধান্ত নেন। তবে সে খবর আগেভাগে প্রকাশ করা হয়নি। গতকাল নজিরবিহীন নিরাপত্তার মধ্যে ইসলামাবাদে পৌঁছান হিলারি ও মাইক মুলেন। তাঁরা প্রথমে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির সঙ্গে আলাদা বৈঠক করেন। এরপর তাঁরা পাকিস্তানের সেনাপ্রধান আশফাক কায়ানি এবং গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রধান আহমদ সুজা পাশার সঙ্গে বৈঠক করেন। পরে ইসলামাবাদে মার্কিন দূতাবাসে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন হিলারি।হিলারি বলেন, পাকিস্তান সরকারের সর্বোচ্চ পর্যায়ের নেতারা বিন লাদেনের অবস্থান জানতেন, এমন সন্দেহাতীত প্রমাণ যুক্তরাষ্ট্রের হাতে নেই। তবে সরকারের কেউ কেউ তাঁর অবস্থান জেনে থাকতে পারেন। হিলারি বলেন, ‘পাকিস্তানের জঙ্গি সমস্যার সমাধান যুক্তরাষ্ট্র করবে না কিংবা যুক্তরাষ্ট্রের জন্য তা করাও উচিত হবে না। এটা পাকিস্তানের ব্যাপার। পাকিস্তানকেই এ সমস্যার সমাধান করতে হবে।’ তবে জঙ্গিবিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্র আরও বেশি প্রতিশ্রুতিশীল অবস্থানে থাকবে বলে হিলারি আশ্বস্ত করেন। পাশাপাশি পাকিস্তানকে এ বিষয়ে আরও বেশি সক্রিয় ভূমিকা রাখতে হবে বলে তিনি জানান। হিলারি আরও বলেন, পাকিস্তানকে বুঝতে হবে, মার্কিন-বিদ্বেষ বা ষড়যন্ত্রমূলক তত্ত্ব পাকিস্তানকে সমস্যামুক্ত করতে পারবে না।হিলারির সফরসঙ্গী বিবিসির সাংবাদিক কিম ঘ্যাটাস বলেছেন, এর আগে বহুবার পাকিস্তানি নেতাদের সঙ্গে হিলারির বৈঠক হয়েছে। ক্যামেরার সামনে প্রতিবার তাঁকে হাস্যোজ্জ্বল দেখা গেলেও এবারের বৈঠকে হিলারির চেহারায় ‘পাথরের মতো থমথমে’ ভাব ছিল। তাঁরা ধারণা করছেন, বৈঠকে তাঁদের মধ্যে কড়া বাগিবতণ্ডা হয়ে থাকতে পারে। তবে সংবাদ সম্মেলনে হিলারি পাকিস্তানের নেতাদের সঙ্গে তাঁর উত্তেজনাপূর্ণ আলোচনা হওয়ার বিষয়টি অস্বীকার করেন। এএফপি, রয়টার্স ও বিবিসি অনলাইন।