জঙ্গিরা মারকাজুলের অ্যাম্বুলেন্সে হাওয়া ভবনে যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাক্ষী হিসেবে এবার বেসরকারি সংস্থা আল-মারকাজুল ইসলামীর ভাইস চেয়ারম্যান মুফতি আবদুর রশিদ আদালতে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি ওই হামলার আগে মুফতি হান্নানসহ কয়েকজন জঙ্গি নেতা আল-মারকাজুলের অ্যাম্বুলেন্সে করে বনানীর হাওয়া ভবনে গিয়ে বৈঠক করার কথা বলেছেন বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।তবে গতকাল মঙ্গলবার আল-মারকাজুল ইসলামী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে মুফতি আবদুর রশিদ অভিযোগ করেন, গত সোমবার তাঁকে ভয়ভীতি দেখিয়ে আদালতে জবানবন্দি আদায় করা হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ প্রথম আলোকে বলেন, ‘আবদুর রশিদ স্বেচ্ছায় জবানবন্দি দিয়েছেন। ভয়ভীতি দেখিয়ে আদালতে জবানবন্দি আদায়ের সুযোগ নেই।’ চারদলীয় জোট সরকার আমলে হাওয়া ভবন ক্ষমতার বিকল্প কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ছিলেন এ ভবনের নিয়ন্ত্রক। সিআইডি সূত্র জানায়, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি হরকাতুল জিহাদ আল-ইসলামীর (হুজি) শীর্ষস্থানীয় নেতা মাওলানা আবদুস সালাম ও মুফতি হান্নান এর আগে রিমান্ডে মুফতি আবদুর রশিদ সম্পর্কে তথ্য দিয়েছেন। সেই সূত্রে গত রোববার আবদুর রশিদকে সিআইডি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এতে তিনি বলেছেন, হুজি নেতা মুফতি হান্নান, মাওলানা আবদুস সালাম ও মাওলানা শেখ ফরিদ তাঁর পূর্বপরিচিত। সেই সূত্রে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার কিছুদিন আগে মুফতি হান্নানসহ কয়েকজন জঙ্গি নেতা মোহাম্মদপুরে আল-মারকাজুল কার্যালয়ে যান। তাঁরা এক জায়গায় যাওয়ার কথা বলে আবদুর রশিদের কাছে একটি গাড়ি চান। আবদুর রশিদ তাঁদের একটি অ্যাম্বুলেন্স দেন। জঙ্গি নেতারা আবদুর রশিদকে সঙ্গে নিয়েই ওই অ্যাম্বুলেন্সে করে রওনা হন। তাঁরা বনানীতে হাওয়া ভবনে যান।সিআইডি সূত্র দাবি করে, আবদুর রশিদ জিজ্ঞাসাবাদে বলেছেন, হাওয়া ভবনে ঢোকার পর তাঁকে নিচতলায় বসিয়ে রেখে মুফতি হান্নানরা দোতলায় যান। সেখানে কারও সঙ্গে বৈঠক করে তাঁরা ফিরে আসেন। সিআইডি সূত্র জানায়, মুফতি আবদুর রশিদ সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।এদিকে গতকাল সংবাদ সম্মেলন ডেকে আল-মারকাজুল আল ইসলামী কর্তৃপক্ষ অভিযোগ করেন, মুফতি আবদুর রশিদকে সিআইডির লোকজন রোববার সকালে ধরে নিয়ে গিয়ে দেড়দিন ধরে আটকে রাখে। এসময়কালে তাঁকে ভয়ভীতি দেখিয়ে পরে আদালতে সাজানো জবানবন্দি আদায় করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন সংস্থাটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুফতি সাঈদ নূর।সংবাদ সম্মেলনে ভাইস চেয়ারম্যান মুফতি আবদুর রশিদ নিজে বলেন, তাঁকে সিআইডি কার্যালয়ে চোখ বেঁধে জিজ্ঞাসাবাদ করা হয়। ২১ আগস্টের ঘটনা সম্পর্কে কিছু জানেন না বলার পরও তাঁকে আসামি করার হুমকি ও ফাঁসির ভয় দেখিয়ে একটি লিখিত জবানবন্দি পড়ে শোনানো হয়। বলা হয়, আদালতে বলতে হবে এটাই তাঁর জবানবন্দি। মুফতি রশিদ দাবি করেন, ‘মাগরিবের আগ দিয়ে আমাকে কোর্টে তিনতলায় একটি রুমে নিয়ে যায়। তিনি ম্যাজিস্ট্রেট কি না, তাও জানি না। তিনি আমার নাম-ঠিকানা, লেখাপড়া কোথায় করেছি ইত্যাদি জিজ্ঞেস করেন। তারপর সিআইডির ওই কাগজটিতে যা লেখা তা তাঁর এক সহযোগী আরেকটি কাগজে লিখে আমার সই নেয়।’মুফতি আবদুর রশিদের বাড়ি গোপালগঞ্জে। তিনি পাকিস্তানের করাচির নিউ টাউন মাদ্রাসায় লেখাপড়া করেছেন বলে জানান। ১৯৮৫ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত তিনি পাকিস্তান ছিলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুফতি রশিদ দাবি করেন, তিনি কখনো হুজির সঙ্গে যুক্ত ছিলেন না। মুফতি হান্নান, সালাম, শেখ ফরিদ বা অন্য কোনো হুজি নেতাকেও তিনি চেনেন না। প্রসঙ্গত, আল-মারকাজুলের প্রতিষ্ঠাতা হলেন ইসলামী আইন সংরক্ষণ কমিটির সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মুফতি শহীদুল ইসলাম। তিনি বর্তমানে দক্ষিণ আফ্রিকা যাওয়ার উদ্দেশ্যে ভিসা সংগ্রহের জন্য শ্রীলঙ্কা রয়েছেন বলে সংবাদ সম্মেলনে বলা হয়।