জজ ও পিপিকে হাইকোর্টে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু পরাগ মণ্ডল অপহরণ মামলার পাঁচ আসামিকে জামিন দেওয়ার বিষয়ে ব্যাখ্যা জানাতে ঢাকার জেলা ও দায়রা জজ আবদুল মজিদ এবং সরকারি কৌঁসুলি (পিপি) খোন্দকার আবদুল মান্নানকে ২০ ফেব্রুয়ারি হাইকোর্টে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এই নির্দেশ দেন। একই সঙ্গে ওই পাঁচ আসামির জামিন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। ঢাকার জেলা প্রশাসক, সংশ্লিষ্ট বিচারকসহ বিবাদীদের এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।শিশু পরাগ মণ্ডল অপহরণ মামলার পাঁচ আসামি আমিনুল হক ওরফে জুয়েল মোল্লা, আলফাজ হোসেন, মামুন মিয়া, রিজভী আহমেদ ও আবুল কাশেমের জামিনের বিষয়ে প্রথম আলোতে গত মঙ্গল ও বুধবার দুটি প্রতিবেদন ছাপা হয়। এতে বলা হয়, ঢাকার জেলা ও দায়রা জজ আবদুল মজিদের আদালত থেকে গত এক মাসে বিভিন্ন তারিখে এসব আসামি জামিন পেয়েছেন। প্রতিবেদনের এসব তথ্য তুলে ধরে আসামিদের জামিন বাতিল চেয়ে জনৈক নাজিম আহমেদ গতকাল হাইকোর্টে একটি আবেদন করেন।হাইকোর্টে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার ও আবেদনকারীর পক্ষে আইনজীবী ইউনূস আলী আকন্দ শুনানি করেন।শুনানিতে অমিত তালুকদার বলেন, শিশু পরাগ অপহরণের ঘটনা তখন দেশের প্রতিটি পরিবারকে নাড়া দিয়েছে। আসামিদের গ্রেপ্তার করতে রাষ্ট্রযন্ত্র সর্বাপেক্ষা গুরুত্ব দিয়েছিল। তার পরও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় আদালতকে হস্তক্ষেপ করতে হয়েছে। মামলার তদন্ত পর্যায়ে আসামিদের জামিন দেওয়া অস্বাভাবিক। এতে তদন্ত বাধাগ্রস্ত হবে।গত বছরের ১১ নভেম্বর সকালে স্কুলে যাওয়ার পথে ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যায় বাড়ির অদূরে মা, বোন ও গাড়িচালককে গুলি করে ছয় বছরের পরাগকে অপহরণ করে দুর্বৃত্তরা। এরপর ১৩ নভেম্বর মধ্যরাতে কেরানীগঞ্জের আঁটিবাজার এলাকায় অচেতন অবস্থায় পরাগকে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় র‌্যাব ও পুলিশ ১১ জনকে গ্রেপ্তার করে।আরেক আসামির জামিন নাকচ: এ মামলার আরেক আসামি জাহেদুল হাসানের জামিনের আবেদনের ওপর গতকাল জেলা ও দায়রা জজ আদালতে শুনানি হয়। শুনানি নিয়ে আদালত জামিন আবেদন নাকচ করে দেন।সংশোধনী: গতকাল প্রথম আলোতে ‘জামিন পেলেন আরও দুই আসামি’ শিরোনামে প্রকাশিত খবরের এক জায়গায় রিজভী আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মামুন মিয়ার নাম প্রকাশ করেন বলে উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে আসামি মোহাম্মদ আলী ওরফে রিফাত ওই জবানবন্দি দিয়েছিলেন। ভুলক্রমে রিফাতের স্থলে রিজভী ছাপা হয়েছে।